টি-টোয়েন্টি মানেই টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বর ২০০৭ থেকে এপ্রিল ২০১০—তিন বছরও হয়নি। এরই মধ্যে তিন তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখে ফেলছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকা থেকে ক্রিকেটের পীঠস্থান ইংল্যান্ড ঘুরে এবার যাচ্ছে সে ওয়েস্ট ইন্ডিজে।মাত্র ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ ভূমিষ্ঠ হওয়ায় অনেকেই এটিকে বলেছিলেন অপরিণত শিশু। অপরিণত শিশু যেমন অনেক সমস্যা নিয়ে জন্মায়, এই টি-টোয়েন্টি বিশ্বকাপেরও অনেক সমস্যা দেখেছিলেন অনেকে। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখবে না, বুদ্ধিবৃত্তিক বিকাশ হবে দেরিতে। কিন্তু কীসের কি? টি-টোয়েন্টি এমনভাবেই দাঁড়িয়ে গেছে, আইসিসি যেন পেয়ে গেছে একটা কামধেনু। দোহন করলেই টাকা ঝরছে।আর এই টাকায় ক্রিকেটের বিশ্বায়ন হচ্ছে রকেট-গতিতে। ক্রিকেট চলে গেছে চীনে। আর্জেন্টিনায় বাণিজ্যিক ভিত্তিতে ক্রিকেট চাষের সম্ভাবনা জেগে উঠেছে। যে যুক্তরাষ্ট্রের ক্রীড়া জগৎ বাস্কেটবল, আমেরিকান ফুটবল, বেসবল আর গলফে নিঃশ্বাস ফেলত, সেখানেও আগামী মাসে নতুন বাজার ধরতে যাচ্ছে ক্রিকেট। না, পাঁচ দিনের ‘ঘুম পাড়ানি’ টেস্ট নয়, এক দিনে ১০০ ওভারের ম্যাচও নয়। অবশ্যই টি-টোয়েন্টি, ২০ যোগ ২০, চল্লিশ ওভারের ক্রিকেট। নিউজিল্যান্ড তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। আয়োজক যুক্তরাষ্ট্র ক্রিকেট সংস্থা। টি-টোয়েন্টির উত্তেজনায় মায়ামি আর ফ্লোরিডার মানুষের শরীর কাঁপছে। তাদের শরীর কাঁপিয়ে দিয়েছে আসলে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যাতে আছে যুক্তরাষ্ট্রেরও অংশগ্রহণ। খেলায় নয়, নেপথ্যে। খুলেই বলা যাক কেমন করে। আইপিএলের ব্যবস্থাপনায় রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ। তারা নিলাম থেকে শুরু করে মাঠের পাশে লবঙ্গ লতিকাদের ললিতকলারও আয়োজক। লোলিত মোদি দেখিয়ে দিয়েছেন ক্রিকেটে ললিতকলা কীভাবে কাজে লাগে।টি-টোয়েন্টির টাকায় ক্রিকেটের বিশ্বায়ন কতটা হচ্ছে, সেটা বলবে ভবিষ্যৎ। তবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বে আরও বেশি করে ঘটিয়েছে ভারতায়ন। টি-টোয়েন্টির আলো সারা বিশ্বের ক্রিকেটারদের কতটা পতঙ্গের মতো টেনে আনতে পারে, সেটি প্রথম দেখাল সুভাষ চন্দ্রের আইসিএল। আইসিএলকে নাকি দড়ি দিয়ে ঘুরিয়ে লোলিত মোদিরা অবশেষে আবির্ভাব ঘটালেন আইপিএলের। আইপিএলের এমনই মোহ যে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সন্ত্রাসী হামলার ভয়ে ভারতে খেলতে আসতে ‘ভয় ভয়’ করেও আয়োজনের ঢাক বাজতেই সেই ভয়কে বিপুল সাহসে জয় করে ফেলেন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের গেটে বোমা ফাটে, কিন্তু মাঠে খেলে যান রস টেলররা। আইপিএল চলচ্চিত্র তারকা আর ক্রিকেটারদের নিয়ে একটা জম্পেশ ককটেল বানিয়ে ফেলে। আইপিএল এমনই এক মাদক যে রাজনীতি, মন্ত্রিত্ব আর সাহিত্যের টান উপেক্ষা করে একটা দল কিনতে উঠেপড়ে লাগেন শশী থারুর। তারপর আইপিএলের যূপকাষ্ঠে বলি হয় তাঁর মন্ত্রিত্ব। এখন তো দেখা যাচ্ছে, আইপিএলে ব্যাটসম্যানদের ছক্কা হাঁকানোর ওই দোলায়িত ভঙ্গি আর নৃত্যপটিয়সীদের নাচ শুধু ক্রিকেট সমাজকেই দোলায় না, বিশাল ভারতের রাজনীতিকেও কাঁপিয়ে দেয়। সপ্তাহ দুয়েক ধরে আইপিএল নিয়ে ভারতে যা হচ্ছে, আরেকটা পাক-ভারত যুদ্ধ বাধলেও তা হতো কিনা সন্দেহ। এদিকে লোলিত মোদি, ওদিকে শশী থারুর। ‘আমি লোলিত, তুমি শশী হে...’ এখন এটাই যেন আইপিএলের থিম সং।ভাবতেই কেমন লাগে! ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপ (যেটি আসল বিশ্বকাপ) শেষ হওয়ার মাত্র চার মাস পর এই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায়নি ভারত। এটি যাতে ভূমিষ্ঠ না হতে পারে সেই প্রচারাভিযানেও নেমেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এক রোখা আইসিসির সঙ্গে পেরে না ওঠা ভারত অবশেষে খেলতে যায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। তারপর? লেখা হলো ভারতীয় ক্রিকেটের নতুন ইতিহাস। ক্রিকেটের আসল বিশ্বকাপের শিরোপা হাতে তুলতে তাদের লেগেছিল তিনটি টুর্নামেন্ট। অথচ টি-টোয়েন্টির শিরোপাজয়ী প্রথম যাত্রায়। এর পরই তো ভারত হয়ে উঠল টি-টোয়েন্টির তীর্থ।আইপিএলের নিলামে নাম তুলতে সারা বিশ্বের ক্রিকেটাররা স্মরণ করেন ঈশ্বরের নাম। আইপিএলে খেলে থলে ভর্তি টাকা কামানোর চিন্তায় স্বেচ্ছা অবসর নিতে শুরু করলেন অ্যান্ড্রু ফ্লিনটফের মতো ক্রিকেটাররা। টাকা যেখানে যাপিত জীবনের মূলমন্ত্র, আইপিএল সেখানে মোক্ষধাম।ভারত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরোধিতায় সফল হতো, হয়তো আইপিএলকে পাওয়া যেত না। পাওয়া যেত না একজন লোলিত মোদিকে। এক চিমটি শো-বিজ জগৎ আর দুই চিমটি নাচের সঙ্গে ক্রিকেটকে মিলিয়ে এমন খেলা দেখা যেত না।কে বলেছে খেলা? এ আসলে টাকা। ব্যাটসম্যান একটা ছক্কা মারলেই মনে হয় এক বান্ডিল ডলার গিয়ে পড়ল সীমানা দড়ির ওপারে। এক পেসারের ইয়র্কারে উইকেট ছত্রখান হতেই মনে হয় একগাদা ধাতব মুদ্রা উঠল ঝনঝন করে।আর এই টাকার পেছনে কে না ছুটছেন? স্টেডিয়ামের বাইরে ক্রিকেট শুদ্ধতার কথা বলে ধারাভাষ্য কক্ষে গিয়ে সাবেক তারকারা টি-টোয়েন্টি নিয়ে জীবন নিংড়ানো বিশ্লেষণ হাজির করছেন। টি-টোয়েন্টি যেন সবার কাছে সোনার ডিম পাড়া হাঁস। অতি লোভে এই হাঁসটাকে শেষ করে ফেললেই কিন্তু সব যাবে। তিন বছরে তিনটি বিশ্বকাপ—টি-টোয়েন্টিকে সোনার ডিম পাড়া হাঁস মনে হচ্ছে না আপনার কাছে?