টি-টোয়েন্টি শুধুই মারকুটে ব্যাটসম্যানদের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ম্যাচ মানেই ব্যাটসম্যানদের ঝোড়ো ব্যাটিং। চার-ছয়ের ফুলঝুড়ি। মারকুটে ব্যাটিংয়ে দর্শকদের আনন্দধ্বনি। তবে ক্রিকেটের এই ‘মার-মার কাট-কাট’ ফরম্যাটে এক চমত্কার বৈচিত্র্য শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কেবল মারকুটে ব্যাটসম্যানরাই সফল হবেন, এই ধারণা ভুল প্রমাণ করেছেন তিনি। ঠান্ডা মাথার ব্যাটসম্যান হিসেবে পরিচিত মাহেলা জয়বর্ধনে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক।৮১, ১০০ ও ৯৮—এই হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন ম্যাচে মাহেলা জয়াবর্ধনের রান। ৯৮ রানের ইনিংসটি আবার অপরাজিত। তিন ম্যাচ মিলিয়ে ১৩৯.৫০ গড়ে সংগ্রহ ২৭৯। রান সংগ্রহের দিক থেকে জয়াবর্ধনের ধারে-কাছেও কেউ নেই। দ্বিতীয় অবস্থানে থাকা শেন ওয়াটসনের সংগ্রহ মাত্র ১৩৯। ক্যালিস ও রায়নার সংগ্রহ যথাক্রমে ১৩৮ ও ১২৪।টি-টোয়েন্টি ম্যাচ শুধুই ব্যাটসম্যানদের জন্য—এ ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে শ্রীলঙ্কার কোচ ট্রেভর বেইলিস রয়টার্সকে বলেন, সংখ্যা কখনো মিথ্যা বলে না। জয়াবর্ধনে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান। কিন্তু যেকোনো ধরনের ক্রিকেটেই যে তিনি সমান যোগ্য, তা তাঁর রানই প্রমাণ করে।টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের মারমুখী আচরণ খারাপ চোখে দেখছেন না জানিয়ে জয়াবর্ধনে বলেছেন, ‘আমার কাছে ক্রিকেট হলো ব্যাট আর বলের মধ্যে প্রতিযোগিতা। এখানে ব্যাটসম্যানদের কাছে রান তোলাই মুখ্য। কোনো ব্যাটসম্যানের স্টাইল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রত্যেকে তাঁর নিজের মতো করে খেলবে এটাই স্বাভাবিক।’নিজের ব্যাটিং স্টাইল নিয়ে জয়াবর্ধনে বলেন, ‘আমি আমার ব্যাটিং নিয়ে গর্ববোধ করি। আমি এটি দারুণ উপভোগ করছি। যেকোনো ধরনের ক্রিকেটের সঙ্গেই মানিয়ে নিতে আমার সমস্যা হয় না।’ অবশ্য টি-টোয়েন্টির গতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিংয়ে যেকোনো পরিবর্তন আসেনি এমনটা দাবি করছেন না জয়াবর্ধনে। তিনি বলছেন, টেস্ট বা এক দিনের ক্রিকেটের সঙ্গে তুলনা করলে দ্রুত রান তোলার স্বার্থে এখানে হয়তো বাড়তি কয়েকটা শট খেলছি। এর বাইরে কোনো পরিবর্তন নেই।