টি-টোয়েন্টিতে আটকে থাকতে চান না ডেভিড ওয়ার্নার
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তাঁর মাত্র এক বছরের একটু বেশি সময়ের। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পেয়ে গেছেন তিনি। তবে এই ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞে’র তকমা একেবারেই ভালো লাগছে না অস্ট্রেলিয়ার নতুন ব্যাটিং সেনসেশন ডেভিড ওয়ার্নারের। কেবল টি-টোয়েন্টিতে নয়, আন্তর্জাতিক ক্রিকেটে একজন সফল ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেতে চান তিনি। চ্যাপেল কিংবা ওয়াহ ভাতৃদ্বয়ের মতোই একজন সফল অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার হিসেবে পরিচিতি পেতে চান তিনি।এই তো কেবল জানুয়ারি মাসে অস্ট্রেলীয় দলে অভিষিক্ত হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া দলের হয়ে জীবনের প্রথম ম্যাচটিই ছিল টি-টোয়েন্টি। তবে এরই মধ্যে পাঁচটি এক দিনের ম্যাচও খেলে ফেলেছেন তিনি। তবে এক দিনের ম্যাচে ব্যাটিং গড় তেমন একটা বলার মতো নয় তাঁর। মাত্র ১৫ গড় নিয়ে যেখানে এক দিনের ম্যাচ খেলা শুরু করেছেন, সেখানে টি-টোয়েন্টি ম্যাচে তাঁর গড় ৩৫-এর একটু বেশি।ওয়েস্ট ইন্ডিজে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনের অন্যতম স্তম্ভ ওয়ার্নার। তিন ম্যাচে ৭১ গড়ে তাঁর সংগ্রহ ১১৪ রান। শীর্ষ আটে ভারতের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছেন তিনি। অনেকেই তাঁকে অস্ট্রেলীয় দলের একজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে দেখতে চান, কিন্তু ওয়ার্নারের নিজের লক্ষ্য টেস্ট খেলা।লন্ডনের বিখ্যাত পত্রিকা সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে ওয়ার্নার তাঁর নিজের সেই ইচ্ছার কথাটাই তুলে ধরেছেন। ২৩ বছর বয়সী ওয়ার্নার সেখানে বলেছেন, ‘দলের অনেকেই আমাকে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু টেস্ট ম্যাচ খেলাই আমার লক্ষ্য।’ নির্বাচকদের সঙ্গে এখনো এ নিয়ে কথা হয়নি উল্লেখ করে ওয়ার্নার বলেন, ‘কে কী বলছে, এটা কোনো বিষয় নয়। আমি জানি, আমি কী করতে পারি।’