টি-টোয়েন্টিতে কর্তৃত্ব করবে স্পিন
গায়ানায় কাল শুক্রবার থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাস্ট বোলাররা নয়, স্পিনাররা আধিপত্য বিস্তার করবে বলে মনে করেছেন সাবেক ক্রিকেটাররা। তাই স্পিন-নির্ভর দল ভালো করবে বলেও মন্তব্য করেছেন তাঁরা।সত্তর ও আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা যেত পেসারদের। সেখানেই কাল পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের। ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের শিরোপা জয়ী মহেন্দ্র সিং ধোনির দল। আর ২০০৯ সালের বিশ্বকাপের শিরোপা জয়ী পাকিস্তান। এ প্রতিযোগিতায় তাই ভারত ও পাকিস্তানকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পিচ স্পিন সহায়ক হবে। আমার বিশ্বাস, ভালো স্পিনার থাকায় ভারত ও পাকিস্তানের আধিপত্য বিস্তার করার যথেষ্ট সুযোগ রয়েছে।’ স্পিন আক্রমণের জন্য ভারতীয় দলে আছেন হরভজন সিং ও পীযূষ চাওলা। অন্যদিকে পাকিস্তান দলে আছেন দুই বিশেষজ্ঞ স্পিনার সাঈদ আজমল ও আবদুর রহমান। এ ছাড়া দুই দলেই বেশ কয়েকজন স্পিন অলরাউন্ডার রয়েছেন।পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা মনে করছেন, দ্রুততম ধারার এ ক্রিকেটে কাউকে ফেবারিট বলা যাবে না। তার পরও রেকর্ডের দিক থেকে ভারত ও পাকিস্তান এগিয়ে রয়েছে। তাঁর ভাষায়, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের চেয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা এ ধরনের ক্রিকেটের সঙ্গে ভালো মানিয়ে নিয়েছে।’পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ইনজামাম উল হক বলছেন, আইপিএলে অংশ না নেওয়ায় এ বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাবেন। অন্যদিকে শক্তিশালী স্পিন আক্রমণ ও মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব—এ দুয়ে মিলে আবারও ভারত শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। রয়টার্স