টি-টোয়েন্টির প্রেরণায় ওয়ানডের মিশন
বাংলাদেশ দলকে অদ্ভুত এক রহস্যের জালেই যেন মুড়ে দিতে যাচ্ছিল টি-টোয়েন্টি। ওয়ানডেতে কত বড় বড় ম্যাচ জেতে বাংলাদেশ, অথচ ২০ ওভারের ক্রিকেটে কিনা পরশুর আগ পর্যন্ত ১৬ ম্যাচে মাত্র তিন জয়! ২০০৯-এ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট-ওয়ানডেতে হোয়াইটওয়াশ করা গেলেও টি-টোয়েন্টিতে ঠিকই হারতে হয়েছিল। যে ক্রিকেটটা বাংলাদেশেরই বেশি ভালো খেলার কথা, সেরা সময়েও সেটা এত কঠিন হয়ে উঠেছিল!২০০৯ সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ ছিল সবার শেষে। টেস্ট-ওয়ানডে সিরিজ জিতে পাওয়া আত্মবিশ্বাসও সে ম্যাচ জেতাতে পারেনি সাকিব আল হাসানের দলকে। আর এবার জিম্বাবুয়ের তিক্ত স্মৃতিকে সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হলো কঠিনকে জয় করে। আজ থেকে শুরু তিন ওয়ানডের দিবারাত্রি সিরিজটাকেও তাই হয়তো সহজ মনে হতে পারে মুশফিকুর রহিমের কাছে। অঙ্ক পরীক্ষা ভালো হয়ে গেলে যে রকম পরের পরীক্ষাগুলোর জন্যও সাহস বেড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি যাঁরা করেছেন, অন্তত এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ অধিনায়কের ধন্যবাদ তাঁদের প্রাপ্য।তবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ের আগে এখন দুই দলের অনেক হিসাব-নিকাশ এসে যায়। টি-টোয়েন্টির আলোচনা বাদ দিন। ওয়ানডেতেও তো অতীতটা অন্য রকম। কাগজে-কলমে ব্যবধান অনেক হলেও আরেকটি সিরিজের ভবিষ্যৎ অনুমান সেই অতীতের কারণেই কঠিন। ২০০৯-এ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সাফল্য আছে। এটা যেমন বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগায়, তেমনি উইকেটে গিয়ে ব্যাটসম্যানদের পা আটকে যাওয়ার আশঙ্কা জাগায় গত বিশ্বকাপের স্মৃতি মনে করলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই ৫৮ রানের লজ্জায় ডুবতে হয়েছিল বাংলাদেশকে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে অলআউট হওয়ার ঘটনা দেশের ক্রিকেটকেই দিয়েছিল নাড়িয়ে। অবশ্য বাংলাদেশের বিশ্বকাপ স্মৃতি এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে বাড়তি আত্মবিশ্বাসী করে তুলবে বললেও সেটাকেই সব মনে করছেন না ক্যারিবীয় ব্যাটসম্যান কাইরন পোলার্ড। কাল সংবাদ সম্মেলনে বরং বাংলাদেশের জন্যও বরাদ্দ রাখলেন সমান সম্ভাবনা, ‘বিশ্বকাপের মতো জায়গায় চাপের কারণে যেকোনো কিছুই ঘটতে পারে। এটা একটা নতুন সিরিজ, এখানে ১১ জনের বিপক্ষে ১১ জনই খেলবে।’পোলার্ডের মতো কি আর সবাই ভাবে? ৫৮-র স্মৃতি কতটা চাপ হয়, সেই কৌতূহল তাই থাকছেই। বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক কাল একটু অভিমানভরেই বলেছেন, ‘মানুষ শুধু হারের কথাই মনে রাখে। জয়ের কথা ভুলে যায়।’ ৫৮-র যন্ত্রণা ভুলতে চাইলেও তাই ভুলতে পারছে না বাংলাদেশ। এটা এক দিক দিয়ে ভালো। আপামর সমর্থকের অতৃপ্তি যদি ক্রিকেটারদের অতৃপ্তিও বাড়ায়! কেউ বলতে পারেন, এতে প্রত্যাশার চাপ তৈরি হলো। তা দেশের প্রতিনিধিত্ব করলে এটুকু চাপ তো নিতেই হবে। আর কোথাও যখন একপশলা সুবাতাস গায়ে মাখার একটি জানালাও খোলা নেই, ক্রিকেটই তো পারছে আনন্দের উপলক্ষ হতে!মাহমুদউল্লাহ জ্বরে পড়ায় সেই উপলক্ষে কি অনিশ্চয়তার ছায়া? কাল জানা গেছে, ভালোই ভোগাচ্ছে তাঁকে। হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে। ওয়ানডের দলে মাহমুদউল্লাহর অনুপস্থিতি কতটা অনুভূত হবে, সেটা সময়ই বলবে। তবে আপাতত এটুকু বলা যায়, অধিনায়কত্বের প্রথম প্রহরে মুশফিকুর রহিম কিছুটা নিঃসঙ্গ বোধ করবেন।মাহমুদউল্লাহ না থাকায় ওয়ানডের দল সহ-অধিনায়কবিহীন। তবে দলে আছেন দুই সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান। প্রয়োজনে মুশফিক পাশে পাবেন তাঁদের। রাজ্জাককে তো কালই পেলেন। দলের হয়ে সংবাদ সম্মেলনে এসে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার শুনিয়ে গেছেন আশার কথা, ‘জয় দিয়ে শুরু হলেও পুরো সিরিজেই আমাদের ভালো খেলতে হবে। টি-টোয়েন্টির জয় তাতে অবশ্যই বড় অনুপ্রেরণা।’ উইকেট-কন্ডিশন বুঝে ভালো কিছুর আশায় আজ নতুন বলও হাতে নিতে পারেন রাজ্জাক। একাদশ ঠিক করার মতো এই সিদ্ধান্তটাও ম্যাচের আগে আগে হওয়ার কথা। অবশ্য উইনিং কম্বিনেশন না ভাঙার রেওয়াজ আছে ক্রিকেটে। কাল রাত পর্যন্ত যা খবর, তাতে আজ প্রথম ওয়ানডেতে খেলতে পারেন টি-টোয়েন্টির ১১ জনই। এতে কঠিনকে জয় করার আত্মবিশ্বাসটাও অক্ষুণ্ন থাকে মুশফিকের দলের!