টিঅ্যান্ডটি কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার
রাজধানীর টিঅ্যান্ডটি কলোনি থেকে গতকাল মঙ্গলবার রাতে জাহাঙ্গীর আলম চৌধুরী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফের (টিঅ্যান্ডটি) কর্মচারী ছিলেন। পুলিশ জানায়, গত রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীর আলম চৌধুরীর মেয়ে নদীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে জাহাঙ্গীরকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। জাহাঙ্গীরের মাথায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী প্রথম আলো ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।জাহাঙ্গীরের বোন শায়লা আক্তার আজ সকালে প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গত রাত সোয়া এগারোটায় মতিঝিল থানায় একটি মামলা হয়েছে।জাহাঙ্গীর আলম চৌধুরী দুই মেয়ে নিয়ে ওই কলোনিতে থাকতেন। তাঁর স্ত্রীর বিষয়ে এখনো কিছু জানা যায়নি।