টিআইবি ঢালাওভাবে বিচার বিভাগের সমালোচনা করেছে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সুনির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত না দিয়ে টিআইবি ঢালাওভাবে বিচার বিভাগের সমালোচনা করেছে। তিনি টিআইবির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিচার বিভাগের কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সুনির্দিষ্ট করে তার তথ্য-উপাত্ত দিন। এমনভাবে তথ্য পরিবেশন করবেন না, যাতে জাতি কলঙ্কিত হয়।’ দেশের বিচার বিভাগ যদি দুর্নীতির সর্বোচ্চ অবস্থানে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।আজ সোমবার আওয়ামী শিল্পীগোষ্ঠী আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় গোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোরশেদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দুর্নীতি আজ পৃথিবীর সর্বত্র। এর আগে বাংলাদেশ পরপর কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। উত্তরাধিকার সূত্রে পাওয়া পাহাড়সম দুর্নীতি বর্তমান সরকার মাত্র দুই বছরের মধ্যে নির্মূল করতে পারবে, এটি আমি বিশ্বাস করি না।’সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘যখন বিরোধী দলে ছিলাম তখনো টিআইবি প্রতিবেদন প্রকাশিত হতো এবং আমরা তা সমর্থন করতাম।’ তিনি বলেন, ‘গণমাধ্যম ও বিরোধী দলকে যদি মোকাবিলা করতে পারি, তাহলে টিআইবির প্রতিবেদন কেন মোকাবিলা করতে পারব না?’ তিনি আরও বলেন, এ মোকাবিলা শক্তি ও রাজনীতি দিয়ে নয়, সঠিক তথ্য-উপাত্ত এবং যুক্তি দিয়ে মোকাবিলা করা হবে।সুরঞ্জিত সেনগুপ্ত একইভাবে বিচার বিভাগ নিয়ে টিআইবির প্রতিবেদন খতিয়ে দেখার জন্য প্রধান বিচারপতির প্রতিও আহ্বান জানান।বর্তমানে বিচারব্যবস্থা স্বাধীন উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার স্বার্থে আইন মন্ত্রণালয়ে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদেরকেও বিচার বিভাগ নিয়ে টিআইবির প্রতিবেদনটি খতিয়ে দেখতে হবে। এতে সবার গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে।মুক্তিযুদ্ধে এ দেশের শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের অনেক অবদান আছে উল্লেখ করে হাসান আরিফ বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং বীরাঙ্গনা মায়েদের জাতীয় বীর হিসেবে মর্যাদা দিতে হবে।