টিআইবিকে গাল না দিয়ে তদন্ত কমিটি করুন
টিআইবিকে গালাগাল না দিয়ে তাদের দেওয়া প্রতিবেদন তদন্ত করতে সরকারের উচ্চপর্যায়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জিসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৯৭ শতাংশ না হলেও অধিকাংশ সাংসদ অনৈতিক কাজে নিয়োজিত, এটি অস্বীকার করার উপায় নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরকারের বিরুদ্ধে কঠোর অভিযোগ। সরকার আন্তরিক হলে উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে তদন্ত করে তা জনগণের সামনে প্রকাশ করবে। টিআইবিকে বন্ধ করে দিলে প্রমাণিত হবে, টিআইবি যা বলেছে, তা সত্য। খন্দকার মোশাররফ হোসেন সরকারের উদ্দেশে বলেন, ‘টিআইবিকে গালাগাল না দিয়ে তদন্ত করে প্রমাণ করুন, আপনাদের সাংসদেরা সঠিক।’ তবে সরকারের সে সাহস নেই বলেও তিনি মন্তব্য করেন। কারণ, সরকারদলীয় সাংসদেরা অনৈতিক কাজে জড়িত।