টিআইবিকে তৃতীয় দফায় চিঠি দিল সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট বিচার বিভাগের দুর্নীতি-সম্পর্কিত উত্তরসংবলিত প্রশ্নমালার হার্ডকপি চেয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) তৃতীয় দফায় চিঠি দিয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টিআইবির নির্বাহী পরিচালক বরাবরে এ চিঠি পাঠানো হয়। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা বিশেষ পত্রবাহকের মাধ্যমে চিঠিটি পাঠান। যোগাযোগ করা হলে তিনি চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।চিঠিতে বলা হয়, টিআইবির পাঠানো সিডিতে ফাইলগুলো ‘এসটিএটিএ’ এবং ‘এসটিএসএস’ ফরমেটে থাকায় তা খোলা সম্ভব হয়নি। চিঠিতে অনুগ্রহ করে বিচার বিভাগের দুর্নীতি-সম্পর্কিত উত্তরসংবলিত প্রশ্নমালা (হার্ডকপি) এবং অভিযোগ-সম্পর্কিত অন্য কোনো তথ্য প্রাসঙ্গিক মনে হলে তা-ও পাঠাতে বলা হয়েছে। বিষয়টি জরুরি হিসেবে বিবেচনা করতে চিঠিতে উল্লেখ করা হয়। গত ২৮ ডিসেম্বর টিআইবির সাম্প্রতিক আলোচিত এক জরিপের প্রতিবেদন ও বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়ে দুর্নীতির নজরদারি করা সংস্থাটিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রথম দফায় চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর টিআইবি সুপ্রিম কোর্টকে প্রতিবেদন ও তথ্য পাঠায়। ৩ জানুয়ারি বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে টিআইবির করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর পাঠানোর জন্য সুপ্রিম কোর্ট টিআইবিকে দ্বিতীয় দফায় চিঠি দেন। পরের দিন ৪ জানুয়ারি টিআইবির করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর সুপ্রিম কোর্টে পাঠানো হয়। প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর টিআইবির জরিপের তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য পাঁচ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। ২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০১০-এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং তাদের নানা অনিয়মের শিকার হতে হয়। জরিপের এমন বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।