আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদন সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আইনমন্ত্রী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সশস্ত্র বাহিনীর একাংশের ক্ষমতার অপব্যবহার, অবৈধ প্রভাব বিস্তার ও অর্থসম্পদ অর্জন সম্পর্কে যেহেতু টিআইবির কাছে তথ্য-উপাত্ত আছে, তাই তারাই মামলা করতে পারে। তারা নিজেরা দায়িত্ব নিক। সুন্দর সুন্দর কথা বলে সবকিছু সরকারের ঘাড়ে চাপিয়ে দায়িত্ব এড়াবে, তা হতে পারে না। টিআইবি গতকাল বুধবার ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সশস্ত্র বাহিনীর সদস্যদের একাংশের ভূমিকা শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।টিআইবির সুপারিশে বেসামরিক কাজে সামরিক বাহিনীর ব্যবহার সীমিত করা ও এ ক্ষেত্রে দায়মুক্তির সুযোগ আইনত নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাহিনী কেউই বেআইনি কাজ করতে পারে না। এ ক্ষেত্রে নতুন আইনের প্রয়োজন নেই। টিআইবি কারও বিরুদ্ধে বেআইনি কিছু পেয়ে থাকলে তারা মামলা করতে পারে। টিআইবির অন্যান্য সুপারিশ সম্পর্কে আইনমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, ‘তারা রাষ্ট্রক্ষমতা নিয়ে দেশ চালাক। দায়িত্ব নিক।’ তিনি বলেন, তারা (টিআইবি) নির্বাচনের জন্য গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশের কথা বলছে। গ্রহণযোগ্য পরিবেশটা কী? এটা বলে তারা কী বোঝাতে চাইছে? তারা এত সুশাসন প্রতিষ্ঠার কথা বলে, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। দেখুক কেমন লাগে।