টিআইবির জরিপ ভ্রান্ত ধারণার ভিত্তিতে করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমগ্র বিচারব্যবস্থাকে বিচার বিভাগ বলে ভ্রান্ত ধারণার ভিত্তিতে জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির তথ্যের ওপর নির্ভর করে বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত কেউ ঘুষ অথবা হয়রানির সঙ্গে জড়িত বলে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে টিআইবির প্রতিবেদনে বিচার বিভাগের দুর্নীতির সঠিক তথ্য অনুপস্থিত থাকলেও বিচার ব্যবস্থাপনায় নানা ধরনের দুর্নীতি যে রয়েছে, তা অস্বীকার করা যায় না। তাই সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে অতি দ্রুত দুর্নীতি কমানোর প্রয়াস নেওয়া আবশ্যক। টিআইবির প্রতিবেদন মূল্যায়নে জ্যেষ্ঠ পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।এদিকে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা প্রথম আলোকে বলেন, বিচার বিভাগের দুর্নীতি অনুসন্ধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় টিআইবির জরিপ প্রতিবেদন নিয়ে মূল্যায়ন কমিটির প্রতিবেদন অবহিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।ডেপুটি রেজিস্ট্রার জানান, ১৮ জানুয়ারি মূল্যায়ন কমিটি প্রধান বিচারপতির কাছে প্রতিবেদন জমা দিয়েছে। টিআইবির প্রতিবেদনে বিচার বিভাগে কোনো দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া বিচার বিভাগের দুর্নীতি অনুসন্ধানে প্রধান বিচারপতি একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।মূল্যায়ন প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, ‘টিআইবির দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনটি বিচার বিভাগের মান-মর্যাদাকে দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ করেছে। এটি বাংলাদেশ তথা দেশবাসীকে সারা বিশ্বের সামনে হেয় করেছে। সেই সঙ্গে বিচারকেরা দেশে-বিদেশে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। টিআইবির প্রতিবেদন প্রণয়নকারীদের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ অতি উচ্চশিক্ষিত এবং দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু কোনো সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া তাঁরা সর্বোচ্চ আদালতসহ বিচার বিভাগকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমরা সত্যিকার অর্থেই আশা করেছিলাম, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন টিআইবির প্রতিবেদনটির ওপর ভিত্তি করে বিচার বিভাগের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যাবে। কিন্তু বাস্তবে আমাদের সে আশা মোটেই পূরণ হয়নি। টিআইবির প্রতিবেদনটি এককথায় প্রচারমূলক প্রতিবেদন ছাড়া আর কিছুই নয়। এটি “পর্বতের মূষিক প্রসব” এই প্রবাদকেই স্মরণ করিয়ে দেয়।’১৩ পৃষ্ঠার মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, টিআইবির সরবরাহ করা উত্তরসংবলিত প্রশ্নমালা, জরিপের যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, দুই কর্মকর্তার আলোচনা এবং প্রশ্ন-উত্তর থেকে প্রতীয়মান হয়, বিচার বিভাগসংক্রান্ত ঘুষ ও হয়রানির অভিযোগ প্রমাণের জন্য আদৌ কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ টিআইবির প্রতিবেদনে নেই।তা ছাড়া আইনজীবী, আইনজীবীর ক্লার্ক/মোহরার ও দালালকে (Tout) কখনোই বিচার বিভাগের অংশ বলে গণ্য করা যায় না। বিচার বিভাগ বলতে প্রথমেই বিচারক এবং তারপর বিচারালয়ের সঙ্গে সম্পৃক্ত যেসব কর্মচারী, তাঁদের বোঝায়। আইনজীবীরা তাঁদের নিজ নিজ বিচারপ্রার্থীর মোকদ্দমা আদালতে পরিচালনা করেন এবং আইনের ব্যাখ্যা দেন। আইনজীবীদের ক্লার্ক একান্তভাবেই আইনজীবীর সঙ্গে সম্পর্কিত। দুঃখজনক হলেও সত্যি, টিআইবি বিচার বিভাগ সম্পর্কে ভ্রান্ত ধারণার ভিত্তিতে আইনজীবী, আইনজীবীর ক্লার্ক/মোহরার, দালালদের বিচারকদের এবং বিচারালয়ের সহায়ক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সংযুক্ত করে বিচার বিভাগকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বলে আখ্যায়িত করেছে। স্পষ্টতই টিআইবি সমগ্র বিচারব্যবস্থাকে বিচার বিভাগ বলে ভ্রান্ত ধারণার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে।সুপ্রিম কোর্টের মূল্যায়ন কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, টিআইবি Three stage stratified cluster sampling পদ্ধতিকে আন্তর্জাতিক মানসম্পন্ন বলে দাবি করেছে। কিন্তু ওই পদ্ধতিতে তৈরি উত্তরসংবলিত প্রশ্নমালা আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হয়নি। ওই পদ্ধতি আমাদের মোটেও সন্তুষ্ট করতে পারেনি। সরবরাহ করা সব প্রশ্ন-উত্তর গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। এসব প্রশ্নোত্তরের ওপর ভিত্তি করে দুর্নীতি কোনোভাবে চিহ্নিত করা সম্ভব নয়। তবে টিআইবির প্রতিবেদনে বিচার বিভাগের দুর্নীতির সঠিক তথ্য অনুপস্থিত থাকলেও বিচার ব্যবস্থাপনায় নানা ধরনের দুর্নীতি যে বিরাজমান, তা অস্বীকার করার উপায় নেই। এ সম্পর্কে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে অতি দ্রুত দুর্নীতি কমানোর প্রয়াস নেওয়া আবশ্যক। এ ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই।প্রতিবেদনে বলা হয়, বিচারব্যবস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের সমগ্র সমাজ থেকে পৃথক করে দেখারও কোনো অবকাশ নেই। যে সমাজে অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সেখানে শুধু বিচারব্যবস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ফলপ্রসূ না-ও হতে পারে। কারণ তাঁরাও এই সমাজের অংশ। এ জন্য সমাজের সব অংশ থেকে দুর্নীতি নির্মূল করার সক্রিয় প্রচেষ্টা গ্রহণ এবং বিশেষ করে বিচারব্যবস্থার দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।বিচার বিভাগ রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা একটি অতি মূল্যবান বিষয়। মানুষের আস্থাই বিচার বিভাগের প্রকৃত শক্তি। এ আস্থার কোনোরূপ ঘাটতি বা কমতি হলে দেশের জন্য বিপর্যয় অবশ্যম্ভাবী। বিচার বিভাগ যদি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত হিসেবে পরিচিত হয়, তাহলে রাষ্ট্রের অপর দুটি অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। কিন্তু টিআইবি বিচার বিভাগকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত আখ্যা দেওয়ার বিষয়টিকে একান্তই হালকাভাবে গ্রহণ করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা আশ্চর্য হয়েছি যে খানাকে প্রদত্ত প্রশ্নমালা এবং খানার দেওয়া উত্তরে কোনো আদালতের নাম নেই, মামলার নম্বর নেই এবং খানা যে সেবা নিয়েছে, সে-সম্পর্কিত কোনো কাগজও দাখিল হয়নি, সে ক্ষেত্রে কী করে টিআইবি কর্তৃপক্ষ নিশ্চিত হলো যে খানা বিচার বিভাগ থেকে বিচারিক-সংক্রান্ত কোনো সেবা পেতে নিম্ন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত ঘুষ দিয়েছে বা হয়রানির শিকার হয়েছে?প্রতিবেদনে আরও বলা হয়, টিআইবি যে ৬৫০টি উত্তরসংবলিত প্রশ্ন সরবরাহ করেছে তা থেকে দেখা যায়, বিচারকদের তথাকথিত ঘুষ দেওয়া হয়েছে সর্বমোট চার লাখ ২৮ হাজার ৩০০ টাকা। ঘুষ দেওয়ার অভিযোগ মোট ৩১টি। এর মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারককে পাঁচটি, নিম্ন আদালতের বিচারককে ১৭টি এবং ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারককে নয়টি। উল্লিখিত ঘুষের পরিমাণ ২০০, ২০০, ৫০০, ৫০০, ৫০০, ১১০০, ১৫০০, ২০০০, ২০০০, ২৫০০, ৩৩০০, ৪০০০, ৪০০০, ৫০০০, ৫০০০, ৫০০০, ৫০০০, ৭০০০, ১০০০০, ১০০০০, ১০০০০, ১৬০০০, ২০০০০, ২০০০০, ২০০০০, ২০০০০, ২৩০০০, ২৫০০০, ৪০০০০, ৪০০০০, ৫০০০০ এবং ৭৫০০০ টাকা। কিন্তু উপরিউক্ত অঙ্ক সম্বন্ধে তথ্যনির্ভর কোনো উপাত্ত টিআইবি গ্রহণ করেনি। উল্লিখিত ঘুষের পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগের অসারতা প্রমাণ করে। তা ছাড়া টিআইবির প্রতিবেদনে এমন কোনো তথ্য-উপাত্ত নেই যে ওই ঘুষের টাকা বিচারকের হাতে পৌঁছেছে।টিআইবির বক্তব্য: যোগাযোগ করা হলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রতিবেদনের মাধ্যমে দুর্নীতিবাজ ব্যক্তি শনাক্ত করা সম্ভব হয়নি বলে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু ব্যক্তির দুর্নীতি শনাক্ত করা আমাদের এখতিয়ারে নেই। সেবা খাতে দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরাই জরিপের উদ্দেশ্য ছিল। এ অর্থে আমরা বিশ্বাস করি, জরিপের যথার্থতা ও গ্রহণযোগ্যতা রয়েছে। কারণ জরিপ প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল। জেনেছি, প্রধান বিচারপতি বিচার বিভাগের দুর্নীতি অনুসন্ধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এটাকে স্বাগত জানাই। এর মাধ্যমে বিচার বিভাগের দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে আমাদের প্রতিবেদনের উদ্দেশ্য সফল হবে।’টিআইবির প্রতিবেদন ও ঘটনাপ্রবাহ: গত বছরের ২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০১০-এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং তাঁদের নানা অনিয়মের শিকার হতে হয়। গত ২৮ ডিসেম্বর এই জরিপ প্রতিবেদন ও বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়ে টিআইবির কাছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রথম চিঠি পাঠানো হয়। টিআইবি ২৯ ডিসেম্বর তথ্য ও প্রতিবেদন সুপ্রিম কোর্টে পাঠায়। এরপর টিআইবির জরিপের তথ্য-উপাত্ত মূল্যায়নের জন্য হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতিকে নিয়ে একটি কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ রেজোয়ান আলী।এরপর ৩ জানুয়ারি এক চিঠিতে বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে টিআইবির করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর পাঠানোর জন্য সুপ্রিম কোর্ট টিআইবিকে চিঠি দেন। এতে বলা হয়, বিচার বিভাগ-সম্পর্কিত দুর্নীতির খানা জরিপ, তথ্য-উপাত্তসংবলিত খানা জরিপ, ২০১০-এর বিচার বিভাগ-সংক্রান্ত দুর্নীতি ও হয়রানির প্রতিবেদনটি অস্পষ্ট ও অসম্পূর্ণ। এর পরিপ্রেক্ষিতে ৪ জানুয়ারি ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১০’-এর প্রশ্নপত্রের একটি নমুনা কপি ও বিচার বিভাগ সম্পর্কে উত্তরদাতা খানা (পরিবার) কর্তৃক প্রদত্ত উত্তরসংবলিত একটি সিডি পাঠায় টিআইবি। এরপর ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট বিচার বিভাগের দুর্নীতি-সম্পর্কিত উত্তরসংবলিত প্রশ্নমালা (হার্ড কপি) ও উত্তর চেয়ে টিআইবিকে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে সেবা খাতে দুর্নীতিবিষয়ক টিআইবির জাতীয় খানা জরিপের উত্তরসংবলিত প্রশ্নমালার ছাপানো কপি (হার্ড কপি) সুপ্রিম কোর্টে ৯ জানুয়ারি পাঠানো হয়। খানা জরিপ ২০১০-এ প্রাপ্ত বিচার খাত-সম্পর্কিত উত্তরসংবলিত প্রশ্নমালার ৬৫০টি হার্ড কপি পাঠানো হয়। এরপর ১২ জানুয়ারি বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে টিআইবির পাঠানো উত্তরসংবলিত প্রশ্নগুলো সঠিক অনুধাবন ও মূল্যায়নের জন্য আলোচনা করতে টিআইবির চেয়ারম্যানসহ শীর্ষস্থানীয় তিন কর্মকর্তাকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়। ১৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের মূল্যায়ন কমিটির সঙ্গে টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আলোচনায় অংশ নেন।