টিআইবির জরিপের প্রশ্ন ও উত্তর চেয়েছেন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের দুর্নীতিসম্পর্কিত জরিপে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর পাঠানোর জন্য সুপ্রিম কোর্ট টিআইবিকে চিঠি দিয়েছেন। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা টিআইবির নির্বাহী পরিচালককে এ চিঠি দেন।এর আগে গত ২৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জরিপের প্রতিবেদন ও তথ্য-উপাত্ত চেয়ে টিআইবিকে চিঠি দেন। টিআইবি পরদিন ২৯ ডিসেম্বর তা সুপ্রিম কোর্টে পাঠায়। ওই দিনই বিষয়টি পর্যালোচনার জন্য হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।সর্বশেষ চিঠিতে বলা হয়, তথ্য-উপাত্তসংবলিত খানা জরিপ প্রতিবেদনটি অস্পষ্ট ও অসম্পূর্ণ। বিচার বিভাগসংক্রান্ত দুর্নীতির অভিযোগের ভিত্তি হচ্ছে খানাকে দেওয়া টিআইবির প্রশ্ন এবং তার দেওয়া উত্তর। এ অবস্থায় প্রাসঙ্গিক তথ্যাবলির সঙ্গে সেই প্রশ্নাবলি এবং খানা কর্তৃক দেওয়া উত্তরগুলো খুবই প্রয়োজন। এসব হাতে পাওয়ার পরই যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।গত রাতে এ বিষয়ে যোগাযোগ করা হলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সকালে চিঠি হাতে পেয়েছি। চিঠিতে আমাদের করা প্রশ্ন ও এর পরিপ্রেক্ষিতে দেওয়া উত্তরগুলো চাওয়া হয়েছে। ওই উত্তরের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। আজ এসব তথ্য পাঠানো হবে।’ কমিটি কি মনে করছে আগে জমা দেওয়া প্রতিবেদনে অস্পষ্টতা ও অসম্পূর্ণতা আছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব তথ্য-উপাত্ত পাঠানোর পর তা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে অস্পষ্টতা ঘুচবে। পাশাপাশি তথ্যের গ্রহণযোগ্যতা ও বিশ্লেষণের উৎকর্ষও প্রমাণিত হবে।