টিআইবির পরিসংখ্যানের চেয়েও দেশে বেশি দুর্নীতি হয়: গোলাম রহমান
টিআইবি দুর্নীতির যে চিত্র প্রকাশ করে, দেশে এর ব্যাপকতা তার চেয়েও বেশি। এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান ।দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ-২০১০-এর প্রকাশ অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার গোলাম রহমান এ মন্তব্য করেন।গোলাম রহমান বলেন, ‘টিআইবির প্রকাশিত দুর্নীতির চিত্রটি আংশিক। দেশে দুর্নীতির ব্যাপকতা এর চেয়ে ঢের বেশি।’ গোলাম রহমান আরও বলেন, ‘দুদক দুর্নীতি রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিচার বিভাগের কিছু পদ্ধতির সংস্কার করা না গেলে একটা কেন, ১০টা কমিশন দিয়েও সুফল মিলবে না।’টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ-২০১০-এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে শতকরা ৮৮ ভাগ মানুষকে ঘুষ দিতে হয় এবং তাঁদের নানা অনিয়মের শিকার হতে হয়।জরিপের ফলাফলে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজকোর্ট ও হাইকোর্ট, বিচার বিভাগের এই তিনটি স্তরে দ্রুত শুনানি হওয়া, মামলার রায় প্রভাবিত করা, তথ্য-প্রমাণ উত্তোলন, শুনানির তারিখ পেছানো, নথিপত্র গয়েব করা ইত্যাদি নানা কারণে সাধারণ মানুষকে ঘুষ দিতে হয়েছে। টিআইবি বলছে, খাত ভেদে ঘুষ ও নিয়ম-বহির্ভূত অর্থ আদায়ের ক্ষেত্রে এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে রয়েছে । এই জরিপে ১৯ দশমিক ৫ শতাংশ খানা আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে সেবা গ্রহণ করেছে। সেবাগ্রহীতাদের মধ্যে ৭৯ দশমিক ৭ শতাংশ দুর্নীতির শিকার হয়েছে। জরিপ অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতির ক্ষেত্রগুলো ছিল ঘুষ দাবি বা তা দিতে বাধ্য করা, মিথ্যা মামলায় জড়ানো, সাধারণ ডায়েরি নিতে অবহেলা বা সময়ক্ষেপণ, অসদাচরণ বা ভয়ভীতি দেখানো, আসামিকে গ্রেপ্তার না করা, রিমান্ডে নিয়ে নির্যাতন, সময়মতো সঠিকভাবে অভিযোগপত্র না দেওয়া এবং বিনা কারণে গ্রেপ্তার করা। জরিপের ফলাফল অনুযায়ী, থানা পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হন। জরিপে বলা হয়েছে, সেবা খাতগুলোর মধ্যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির হার সাফল্যজনকভাব কমে এসেছে। গবেষকদের মতে, শিক্ষা ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তনের কারণে এ খাতে দুর্নীতির হার কমে এসেছে। টিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ সালের জুন থেকে ২০১০-এর জুলাই পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়। বাংলাদেশের সবকটি বিভাগের শহর এবং গ্রামাঞ্চলের ছয় হাজারে পরিবারের ওপর জরিপটি পরিচালনা করা হয়েছে।