টিআইবির পুরস্কার পেলেন ৪ সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার চারজন সাংবাদিককে পুরস্কার দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিয়ে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য জাতীয় বিভাগে পুরস্কার পেয়েছেন প্রতিবেদক বকুল আহমেদ। বর্তমানে তিনি ‘দৈনিক সকালের খবর’ পত্রিকায় কর্মরত।প্রিন্ট মিডিয়ায় আঞ্চলিক পর্যায়ে পুরস্কার পেয়েছেন চাঁদপুরের দৈনিক ‘ইলশেপাড়’ পত্রিকার প্রধান প্রতিবেদক রেজাউল করিম। চাঁদপুরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। সুন্দরবন ও বাঘ নিয়ে ‘এটিএন নিউজ’ চ্যানেলে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রতিবেদক হোসেন সোহেল (বর্তমানে ৭১ টেলিভিশনে কর্মরত) ও ক্যামেরাম্যান কৃষ্ণ সরকার পুরস্কার পেয়েছেন।পুরস্কার প্রদান অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সততা, নিষ্ঠা, পরিশ্রম, বিনয় প্রভৃতি জরুরি। সাংবাদিকতার ক্ষেত্র সমৃদ্ধ করতে প্রকাশক ও সম্পাদকদের প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে পঞ্চাশের দশকের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের অবদান অনেক। কিন্তু আমাদের সাংবাদিকতার মান এখনো সন্তোষজনক নয়। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, যেকোনো পেশায় ভালো করতে হলে, সেই পেশার প্রতি ভালোবাসা ও নিষ্ঠা থাকতে হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।