টিআইবির প্রতিবেদন নিয়ে ব্যবস্থা নেবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৭ শতাংশ সাংসদ অনৈতিক কাজে জড়িত বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন দিয়েছে, তা প্রত্যাখ্যান করে জার্মানিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবে না। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। টিআইবির প্রতিবেদন সম্পর্কে শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মহাজোট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকার গঠন করেছে। সে জন্য আমরা আশা করেছিলাম, টিআইবির প্রতিবেদন সরকারের কাজে লাগবে। কিন্তু প্রতিবেদন পাওয়ার পর হতাশ হতে হয়েছে। দুর্বল এই প্রতিবেদন দেখে আমরা অবাক হয়েছি। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় এই প্রতিবেদন থেকে কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’ টিআইবির জরিপপদ্ধতির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘অনেকেই দুর্নীতি করে। কিন্তু রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বলা ফ্যাশনে পরিণত হয়েছে। টিআইবিও সেই ফ্যাশন করেছে। সুবিধাজনক নমুনায়ন পদ্ধতিতে তথ্য নিয়েছে। তথ্য নিয়েছে পার্লামেন্ট ওয়াচ, পাঁচটি পত্রিকা থেকে ও তাদের নির্বাচিত সচেতন গোষ্ঠী, যে সচেতন গোষ্ঠীর সংজ্ঞা তারা দিতে পারেনি। আমাদের প্রশ্ন ছিল, দেশে ৩২০টি পত্রিকা আছে। আপনারা কোন পদ্ধতিতে পাঁচটি পত্রিকা বাছাই করেছেন? ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) জন্য ১৫/২০-কে বেছে নিয়েছে। আমাদের প্রশ্ন ছিল, এদের কীভাবে নির্বাচন করেছেন। তারা জানিয়েছে, এখানে কোনো সাধারণ নাগরিক নেই। সচেতন নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি পরিচালিত সংগঠন। এর সদস্য সংখ্যা ৪০০ থেকে ৬০০। যেখানে সনাক আছে, সেখানে তারা জরিপ করেছে। এসব ডিসকাশন সঞ্চালন করেছে সনাকের একজন ব্যক্তি। যেখানে সনাক নেই, সেখানে তারা যায়নি। আমাদের প্রশ্ন ছিল, সচেতন নাগরিকের সংজ্ঞা কী? আসলে তারা তাদের পছন্দমতো লোক নির্বাচন করে জরিপ করেছে। এর মাধ্যমে দেশের সাধারণ নাগরিকদের অসম্মান করা হয়েছে।’ মন্ত্রী আরও বলেন, ‘পত্রিকায় ছাপা হয়েছে ৯৭ শতাংশ সাংসদ অনৈতিক কাজের সঙ্গে জড়িত। কিন্তু টিআইবির মূল প্রতিবেদনে আছে ১৪৯ জন সাংসদের মধ্যে ৯৭ শতাংশ অনৈতিক কাজে জড়িত। এই ভুল প্রতিবেদনের জন্য পরের দিন টিআইবি থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। আমরা এই ধারণাপ্রসূত প্রতিবেদন প্রত্যাখ্যান করে টিআইবির প্রধান কার্যালয় টিআইয়ের কাছে পাঠাব। টিআইকে বলব, তারা যেন এই প্রতিবেদন বাদ দিয়ে একটি পরিপূর্ণ প্রতিবেদন জমা দেয়।’ তথ্যমন্ত্রী আরও বলেন, টিআইবির গবেষণাটিতে একটি নেতিবাচক ধারণাকে প্রতিষ্ঠিত ভেবে ইচ্ছামতো উত্তরদাতা নির্বাচন করে, সুনির্দিষ্ট নেতিবাচক নির্দেশক প্রশ্নমালার অধীনে জরিপ পরিচালনা করে একটি সুনির্দিষ্ট নেতিবাচক লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা বলে প্রতীয়মান হয়েছে। অনেক প্রশ্নেরই যথাযথ উত্তর প্রদান করা হয়নি এবং কোনো কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে।মন্ত্রী বলেন, প্রশ্নগুলো প্রাথমিকভাবে পর্যালোচনায় প্রতীয়মান হয় যে টিআইবির এই আলোচিত গবেষণায় সামাজিক গবেষণায় অনুসৃত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। যে ধরনের পদ্ধতি প্রয়োজন, সেই পদ্ধতি প্রয়োগ না করে টিআইবি পূর্বধারণাকে প্রতিষ্ঠিত করার সুবিধামতো পদ্ধতি বেছে নিয়েছে এবং প্রেরিত জবাবে ওই পদ্ধতিকে যথার্থ বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছে। যথাযথ সাধারণীকরণের জন্য যে ধরনের নমুনায়ন পদ্ধতি সচরাচর ব্যবহূত হয়ে থাকে, তা না করে সুবিধাজনক নমুনা ব্যবহার করা হয়েছে, যা প্রতিনিধিত্বশীল ফলাফল উত্পাদন করে না। শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, গত ১৪ অক্টোবর ‘নবম জাতীয় সংসদ-সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা পর্যালোচনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর পর্যালোচনার জন্য ৩১টি বিষয় স্পষ্ট করার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে টিআইবিকে অনুরোধ করা হয়। তারা প্রশ্নগুলোর জবাব পাঠিয়েছে। তথ্য মন্ত্রণালয় তা পর্যালোচনা করেছে।শাহরিয়ার আলম তাঁর প্রশ্নে আরও বলেন, কিছু কিছু মিডিয়া খবর ছাপানোর নামে যা ইচ্ছা তা-ই ছাপে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? তথ্যমন্ত্রী এ প্রশ্নের কোনো জবাব দেননি।ভবিষ্যতে যাতে কেউ অনুমাননির্ভর প্রতিবেদন না দিতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেবেন কি না—ফজিলাতুন নেসা বাপ্পীর এই প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, ব্যবস্থা নেওয়া হবে না। যেকোনো পদ্ধতিতে প্রতিবেদন তৈরি করার অধিকার তাদের আছে। তবে এই সুবিধাজনক নমুনায়ন পদ্ধতি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, তা নিয়ে প্রশ্ন আছে। তারা যে প্রতিবেদন দিয়েছে, সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে।