টিআইবির প্রতিবেদন সংসদকে হেয় করার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ৯৭ শতাংশ সাংসদ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন দিয়েছে, তা সংসদ ও সাংসদদের হেয় করার জন্য দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে স্পিকার সাংবাদিকদের এসব কথা বলেন। আবদুল হামিদ বলেন, ‘দেশে ১৬ কোটি মানুষ, ৬৪টি জেলা। টিআইবি ৪২ জেলা এবং মাত্র ৬০০ লোকের মতামত নিয়ে জরিপ করেছে। কোনো মানদণ্ডেই এটিকে জরিপ বলা যায় না। অথচ এদের কথার ওপর ভিত্তি করেই টিআইবি বলে, দিল ৯৭ শতাংশ সংসদ সদস্য খারাপ। এটা কি ঠিক হলো?’ তিনি আরও বলেন, ‘অবশ্যই সংসদ ও সংসদ সদস্যদের হেয় করার জন্য টিআইবি এই প্রতিবেদন তৈরি করেছে।’টিআইবির প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক মন্তব্য করে স্পিকার বলেন, ‘আমার প্রশ্ন হলো, টিআইবি যে ৬০০ লোকের মতামত গ্রহণ করেছে, তারা কারা? এরা কি টিআইবির লোক? তা যদি হয়, তাহলে তো জরিপ বিজ্ঞানসম্মত হলো না। এ ধরনের প্রতিবেদন দেখে সংসদ সদস্য হিসেবে আমিও অপমানিত বোধ করছি।’ আবদুল হামিদ আরও বলেন, ‘৯৭ শতাংশ সংসদ সদস্য খারাপের অর্থ হলো ৩০০ সাংসদের মধ্যে মাত্র নয়জন ভালো। এর অর্থ কি এই নয় যে ২৯১ জন সাংসদ সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন? এমন ঘটলে তো এত দিনে দেশের মানুষ রুখে দাঁড়াত। কারণ, এ দেশের মানুষ যথেষ্ট সচেতন। কিন্তু সে রকম ঘটনা তো কোথাও ঘটেনি, দেখাও যায়নি।’ সংসদের কোরাম-সংকট সম্পর্কে টিআইবি যে হিসাব দিয়েছে, তার সমালোচনা করে স্পিকার বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি হলো নয়টার অনুষ্ঠান সাড়ে নয়টায় শুরু হবে। কিন্তু জাতীয় সংসদের অধিবেশন তো কখনো আধঘণ্টা দেরি করে শুরু হয় না। পাঁচ-দশ মিনিট এদিক-সেদিক হয়। সারা দুনিয়াতে এমনই হয়। এতে সংসদের ব্যয় কীভাবে বেড়ে যায় তা আমার বোধগম্য নয়।’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সংসদের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান ও স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদীনসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদ ভবন এলাকায় ঔষধি, বনজ, ফলদ ও দেশীয় বিলুপ্ত প্রজাতির গাছসহ মোট ২৯টি প্রজাতির গাছ লাগানো হবে।