টিআইবির প্রতিবেদন সঠিক হলে ব্যবস্থা
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন প্রসঙ্গে বলেছেন, প্রতিবেদন সঠিক হলে সেই তথ্যের ভিত্তিতে সাংসদদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করা হবে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া গড়াই নদীর ভাঙন পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।হাসানুল হক ইনু বলেন, জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো প্রতিষ্ঠান এ রকম প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার আগে নিশ্চয়ই চিন্তাভাবনা করে থাকে। টিআইবির প্রতিবেদনে যদি সঠিক তথ্য না থাকে, ভাসা ভাসা তথ্যের ওপর ঢালাও মন্তব্য করে থাকে, তাহলে সংস্থাটিকে সতর্ক হতে বলা হবেও বলে মন্ত্রী জানান। ১৪ অক্টোবর টিআইবি নবম জাতীয় সংসদের সদস্যদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা পর্যালোচনা শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদের ১৪৯ জন সদস্যের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। তাঁরা নিজ নিজ পদ টাকা আয়ের উত্স হিসেবে ব্যবহার করেন। তবে প্রতিবেদনে ওই ১৪৯ জন সাংসদের নাম উল্লেখ করা হয়নি। এই সাংসদদের কারও বক্তব্যও প্রতিবেদনের জন্য নেওয়া হয়নি। প্রতিবেদন অনুযায়ী, সাংসদদের নেতিবাচক কাজের মধ্যে রয়েছে—প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, উন্নয়ন বরাদ্দের অপব্যবহার, হত্যা, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, প্রতারণা, সরকারি কেনাকাটায় প্রভাব বিস্তার, নির্বাচনী আইন লঙ্ঘন করা, মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ পাওয়া ইত্যাদি।সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা প্রসঙ্গে বলেন ইনু বলেন, রক্ত ও ডিএনএ পরীক্ষার ভিত্তিতে তদন্ত মূল খুনির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সাগর-রুনীর হত্যা মামলা নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্ষম হবে। এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘কারা খুনি আপনিও জানেন না, আমিও জানি না। এটা তদন্ত কর্মকর্তা জানেন। সুতরাং তদন্ত কর্মকর্তার ওপরই ছেড়ে দিন। মূল হোক আর অমূল হোক, যিনিই জড়িত থাকবেন, তাঁকেই আদালতে হাজির করা হবে।’