টিআইবির প্রতিবেদন সম্পর্কে সরকারের ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে বিচার বিভাগসহ বাংলাদশের যে দুর্নীতির চিত্র ফুটে উঠেছে, সে সম্পর্কে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানান। গতকাল মঙ্গলবারের দলের স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে অবহিত করতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। সম্মেলনে আরও বলা হয়, সরকার এবং সরকারদলীয় লোকজনের কর্মকাণ্ডে দেশ আপাদমস্তক দুর্নীতিতে ডুবে আছে। টিআইবির প্রতিবেদনে বিচার বিভাগসহ বাংলাদেশের যে চিত্র ফুটে উঠেছে, তা জাতির জন্য অস্বস্তিকর ও অপমানজনক। তাই এ প্রতিবেদন সম্পর্কে সুস্পস্ট ব্যাখ্যা তুলে ধরা দরকার বলে মনে করে বিএনপি। গতকালের বৈঠকে হবিগঞ্জ-১ ও ব্রাহ্ম‏ণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়। আর তাই এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সরকারের জন্য অগ্নিপরীক্ষা। উপনির্বাচন ও পৌরসভা নির্বাচনসহ সব ধরনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছে দলটি।