টিআইবির প্রতিবেদনে সার্বিক চিত্র প্রতিফলিত হয়নি: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পুলিশ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) যে তথ্য প্রকাশ করেছে, তাতে সার্বিক চিত্র প্রতিফলিত হয়নি। ১৪৯ জনকে প্রশ্ন করে পুলিশের বিষয়ে যে মতামত দেওয়া হয়েছে, তাতে সবার মতামত প্রতিফলিত হওয়ার কোনো অবকাশ নেই। এসব খবরের পাশপাশি পুলিশের অনেক ভালো দিক আছে। সেসব সাফল্যের কথাও প্রচার হওয়া উচিত।আজ শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক এ বি এম জি কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক সাবেক পুলিশ সুপার রফিকুল আলম বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান।আইজিপি বলেন, ‘টিআইবি পুলিশ সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। টিআইবির প্রতিবেদন গণ্যমান্য ব্যক্তিরা তৈরি করেন। তাঁদের অনেক সুনাম ও মর্যাদা আছে। এ জন্য বিষয়টি আমরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছি। তবে পুলিশও সমালোচনার ঊর্ধ্বে নয়। এ বিষয়টি মাথায় রেখেই কাজ করছি। এসব খবরের পাশাপাশি পুলিশের অনেক সাফল্যও আছে।’আইজিপি বলেন, ‘আমাদের সব সময় সচেতন থাকতে হবে জরিপ পূর্ণাঙ্গ এবং ভিত্তিমূলক কি না। টিআইবির প্রতিবেদনের যদি ভিত্তি না থাকে তাহলে জনগণ তা গ্রহণ করবে না।’ উল্লেখ্য, টিআইবির এক সমীক্ষায় দাবি করা হয়েছে, বাংলাদেশে ৭৯ শতাংশ উত্তরদাতা পুলিশ বিভাগকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে মনে করে।