টিআইবির প্রতিবেদনের প্রমাণ চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি
বিচার বিভাগ নিয়ে টিআইবির প্রকাশিত প্রতিবেদন এবং এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ চেয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে টিআইবিকে চিঠি পাঠানো হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি পত্রবাহকের মাধ্যমে টিআইবির নির্বাহী পরিচালক বরাবরে পাঠানো হয়েছে।যোগাযোগ করা হলে বদরুল আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রতিবেদন ও এর তথ্য-উপাত্ত জানতে চেয়ে এ চিঠি পাঠানো হয়েছে। কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জানাতে বলা হয়েছে। তথ্য দিয়ে সহযোগিতার জন্যও আহ্বান করা হয়েছে। যদি কেউ প্রকৃৃত অপরাধী হয়, তাহলে তার বিরুদ্ধে বিচার বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ-২০১০-এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয় এবং তাদের নানা অনিয়মের শিকার হতে হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট, জজকোর্ট ও হাইকোর্ট—বিচার বিভাগের এই তিনটি স্তরে দ্রুত শুনানি হওয়া, মামলার রায় প্রভাবিত করা, তথ্যপ্রমাণ উত্তোলন, শুনানির তারিখ পেছানো, নথিপত্র গায়েব করা ইত্যাদি নানা কারণে সাধারণ মানুষকে ঘুষ দিতে হয়েছে।