টিআইবির প্রস্তাবকে ইতিবাচক বলেছে রাজনৈতিক দলগুলো
নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছে রাজনৈতিক দলগুলো। অবশ্য প্রধান বিরোধী দল বিএনপি মনে করে, টিআইবির প্রস্তাবের ব্যাপারে সরকারের মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ।তবে সরকারি দলের কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে চাননি। গতকাল তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিআইবির নাম উল্লেখ না করে বলেছেন, নতুন নতুন ফর্মুলা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে ব্যাহত করতে পারে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেছেন, ‘টিআইবি বলেছে, নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের অবস্থানকে স্বাগত জানাই। তারা একটি প্রস্তাব তুলে ধরেছে। এতে প্রমাণিত হয়েছে, সংবিধানে যেভাবে বলা আছে, সেই পদ্ধতিতে নির্বাচন সঠিক হবে না, গ্রহণযোগ্য হবে না। তবে সবকিছু নির্ভর করছে সরকারের ওপর। তাঁরা এ ব্যাপারে কী ধরনের মনোভাব দেখান, সেটাই আগে দেখতে হবে।’ বিএনপির এই নেতা বলেন, তাঁর দল সব সময় আলাপ-আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বিশ্বাসী। সরকার টিআইবির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখলেই কেবল বিএনপির পক্ষে বিষয়টি নিয়ে সামনে এগোনো সম্ভব। তা না হলে কিছুই হবে না।জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে হলে ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়া শান্তিপূর্ণ করতে হবে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের উপায় হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া সাংবিধানিক পন্থায় ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়। তিনি বলেন, দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে দুটো অবস্থান নিয়েছে। এ সমস্যা কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। তবে প্রথমে আলোচনা করতে হবে বর্তমান সংবিধানের আওতায় তা সমাধান করা যায় কি না, তা নিয়ে। সেটা সম্ভব না হলে টিআইবি বা অন্য যাঁরা প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে আলোচনা করা যেতে পারে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগে সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছতে হবে। এরপর প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে। এ ধরনের প্রস্তাব আরও অনেকে দিয়েছে। টিআইবির প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে।গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন টিআইবির প্রস্তাবকে ইতিবাচক বলেই মনে করেন। প্রথম আলোকে তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সব দলের ঐকমত্যের প্রয়োজন আছে। টিআইবি একটি প্রস্তাব দিয়েছে। এর মানে এই নয় যে, দলগুলোকে এটাই মানতে হবে। তবে এ প্রস্তাব ও দলগুলোর নিজস্ব প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে একটি মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করা যেতে পারে।