টিআইবির শীর্ষ তিন কর্মকর্তাকে সুপ্রিম কোর্টে চা-চক্রে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পাঠানো উত্তর-সংবলিত প্রশ্নমালা সঠিক অনুধাবন ও মূল্যায়নের জন্য আলোচনা করতে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। চিঠিতে এ জন্য টিআইবির চেয়ারম্যানসহ শীর্ষ তিন কর্মকর্তাকে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে।সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞার স্বাক্ষর করা চিঠিটি গতকাল বুধবার টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বরাবর পাঠানো হয়। চিঠির অনুলিপি পাঠানো হয় টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বরাবর।মো. বদরুল আলম ভূঁঞা প্রথম আলোকে বলেন, ‘আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে টিআইবির চেয়ারম্যানসহ শীর্ষ তিনজনকে চিঠি পাঠানো হয়েছে। তাঁরা আসবেন বলে অবহিত করেছেন।’গত ২৩ ডিসেম্বর টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০১০ প্রকাশের পর জরিপ প্রতিবেদন, প্রশ্ন ও খানার দেওয়া উত্তর এবং জরিপের উত্তর-সংবলিত প্রশ্নমালার ছাপানো কপি (হার্ড কপি) চেয়ে তিন দফা চিঠি পাঠান সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে তিন দফা তথ্য-উপাত্ত পাঠায় টিআইবি। গতকাল চতুর্থ চিঠিতে ওই তিনজনকে আমন্ত্রণ জানানো হলো।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, টিআইবির প্রতিবেদন মূল্যায়নে সুপ্রিম কোর্টের গঠিত কমিটির সদস্যরা টিআইবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। তবে টিআইবির কর্মকর্তারা আজ সময় দিতে না পারলে, কবে সময় দিতে পারবেন, তা জানাতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।সন্ধ্যায় যোগাযোগ করা হলে এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে বলে জেনেছি। অবশ্যই আমরা অংশ নেব।’ইফতেখারুজ্জামান বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে পাঠানো চিঠিতে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান বিচারপতি কর্তৃক টিআইবির প্রতিবেদন মূল্যায়ন কমিটির সদস্যরা আলোচনায় বসবেন বলে বলা হয়েছে। টিআইবির পাঠানো প্রতিবেদন অনুধাবন ও মূল্যায়নের জন্য আলোচনার কথা বলা হয়েছে। এটা ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক। আমরা নির্ধারিত সময়ে আলোচনায় অংশ নেব জানিয়ে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছি।’প্রসঙ্গত, টিআইবির ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১০’ এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থী ব্যক্তিদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং তাঁদের নানা অনিয়মের শিকার হতে হয়। ওই জরিপের প্রতিবেদন ও বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়ে সুপ্রিম কোর্ট প্রথম চিঠি পাঠান ২৮ ডিসেম্বর। টিআইবি পর দিন সেগুলো সুপ্রিম কোর্টে পাঠায়। জরিপের তথ্য-উপাত্ত মূল্যায়নের জন্য ওই দিন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।২ জানুয়ারি সুপ্রিম কোর্ট বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে টিআইবির করা প্রশ্ন এবং খানার দেওয়া উত্তর পাঠানোর জন্য টিআইবিকে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে টিআইবি ৪ জানুয়ারি জরিপের প্রশ্নপত্রের একটি নমুনা কপি এবং বিচার বিভাগ সম্পর্কে উত্তরদাতা খানা (পরিবার) কর্তৃক প্রদত্ত উত্তর-সমন্বিত একটি সিডি পাঠায়। এরপর ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট বিচার বিভাগের দুর্নীতি-সম্পর্কিত উত্তর-সংবলিত প্রশ্নমালা (হার্ড কপি) ও উত্তর চেয়ে টিআইবিকে চিঠি দেন। ৯ জানুয়ারি খানা জরিপের উত্তর-সংবলিত প্রশ্নমালার ৬৫০টি হার্ড কপি সুপ্রিম কোর্টে পাঠানো হয়।