সরকার টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির জন্য এক লাখ ১১ হাজার ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই চাল ব্যয় করা হবে। গত মাসে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় দুই লাখ নয় হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে দুই মাসের মধ্যে সরকার উন্নয়নকাজের জন্য তিন লাখ ২০ হাজার ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিল। কাবিখা প্রকল্পের আওতায় সারা দেশে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।দুই সপ্তাহ ধরে বাজারে চালের দাম বাড়তে শুরু করায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাল সরবরাহের পরিমাণ বাড়ানো হয়েছে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। চলতি বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাবদ ২৬ লাখ টন চাল ও গম বরাদ্দের জন্য বাজেট রাখা হয়েছে। সরকারি গুদামে বর্তমানে সাড়ে নয় লাখ টন চাল রয়েছে। বাজার নিয়ন্ত্রণে তাই চাল বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে।এদিকে গতকাল এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সরকার সব রকম চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগের নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল শেষ হয়েছে।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক মাসে বাজারে মোটা চালের দাম ১৪ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। চিকন চালের দাম বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ।বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গবেষণা পরিচালক উত্তম দেব সরকারি চাল বরাদ্দের পরিমাণ বাড়ানো সম্পর্কে প্রথম আলোকে বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের খাদ্য নািরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি কর্মসূচির মাধ্যমে চাল বরাদ্দই সবচেয়ে কার্যকর ও ইতিবাচক পদক্ষেপ।টিআর পেলেন নারী সাংসদেরাও: প্রথমবারের মতো নারী সাংসদেরা দেড় শ টন করে টেস্ট রিলিফের (টিআর বা ত্রাণ) চাল বরাদ্দ পেয়েছেন। আর সরকারি ও বিরোধী দলের সাংসদেরা পেয়েছেন সাড়ে ৩০০ টন করে। গতকাল বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালে নির্বাচিত সাংসদদের এই বরাদ্দ দেওয়া হয়েছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে টিআর চাল বরাদ্দের জন্য জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংসদেরা তাঁদের নির্বাচনী এলাকার ১০০ ভাগ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়ন বাবদ এই চাল ব্যয় করবেন।চলতি বছরের শুরুতে নারী সাংসদদের জন্য কাবিখা কর্মসূচির চাল বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু নারী সাংসদদের নির্বাচনী এলাকা সুনির্দিষ্ট না হওয়ায় তা আর দেওয়া হয়নি। সংরক্ষিত ও নির্বাচিত উভয় সাংসদদের একই নির্বাচনী এলাকা হওয়ায় এবারও সেই জটিলতা রয়ে গেছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২০১০ সালের জন্য বরাদ্দ দেওয়া টিআরের চাল নারী সাংসদেরা কীভাবে ব্যবহার করবেন, তা আগামী রোববারের মধ্যে নির্দিষ্ট হওয়ার কথা রয়েছে। নির্বাচিত ও সংরক্ষিত উভয় সাংসদ একই এলাকায় যাতে উপর্যুপরি চাল ব্যয় না করেন, সেই লক্ষ্যেই রোববার বা সোমবারের মধ্যে একটি পরিপত্র ও দিকনির্দেশনা দেওয়াও হবে।