টিআর-কাবিখা-কাবিটায় লুটপাটের মহোৎসব
গাজীপুর সদর উপজেলার বাসন ইউপির সদস্য সেলিনা আক্তার নিজ বাড়ির সামনে কয়েকটি টিন দিয়ে একটি ক্লাবঘর তুলেছেন। ঘরে কোনো আসবাব নেই। এমনকি দরজা-জানালাও নেই। ছোট একটি সাইনবোর্ডে লেখা আছে ইসলামপুর সূর্যোদয় যুব সংঘ। ক্লাবের সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ—সবাই তাঁর নিকটাত্মীয়। এই ক্লাবের জন্য এক টন গম বরাদ্দ দেওয়া হলেও পাওয়া গেছে ১৫ হাজার টাকা। ওই টাকা দিয়ে ক্লাবের সদস্যরা বনভোজন করেছেন।এভাবেই টিআর-কাবিখা ও কাবিটা কর্মসূচিতে বরাদ্দ দেওয়া অর্থ ও খাদ্যশস্য লুটপাট হয়েছে সারা দেশে। অনেক স্থানে বরাদ্দ পাওয়া সংগঠন বা প্রতিষ্ঠানের কাউকে বাস্তবায়ন কমিটিতে না রেখে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের স্বজনদের রাখা হয়েছে। এমনকি বরাদ্দ পাওয়া অনেক প্রতিষ্ঠানের লোকজন বরাদ্দের বিষয়টি জানেনই না।মূলত একেক জায়গায় একেকভাবে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এতে কিছু মানুষের পকেট ভর্তি হলেও উপকৃত হয়নি গ্রামের অসহায় মানুষ। অথচ, এসব মানুষের জন্যই তৈরি করা হয়েছে টিআর ও কাবিখা প্রকল্প।কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জানিয়েছেন, অফিস খরচ ও নিরীক্ষা বাবদ প্রতি টনে দুই হাজার ও নগদের ক্ষেত্রে প্রতি লাখে পাঁচ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। বিষয়টি কাজে লাগিয়ে প্রকল্প চেয়ারম্যানরা জোড়াতালির মাধ্যমে কাজ করে নিজেরাও প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন। অনেক ইউনিয়নে পূর্বে বাস্তবায়িত প্রকল্পগুলোকেই টিআর হিসেবে তালিকাভুক্ত করে দাখিল করা হয়েছে। ফলে এসব প্রকল্পে নতুন করে কোনো কাজের প্রয়োজনই হয়নি।রংপুর: গঙ্গাচড়া উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ লাখ টাকা খরচ দেখানো হলেও কাজ হয়েছে সামান্য। উপজেলার গজঘণ্টা স্কুল ও কলেজে পৃথক চারটি প্রকল্পে এক লাখ ১১ হাজার করে চার লাখ ৪৪ হাজার টাকা এবং পাঁচ টন গম বরাদ্দ ও ব্যয় দেখানো হলেও কোনো কাজ হয়নি। প্রকল্প চেয়ারম্যান প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহেদুল ইসলাম বলেন, এই টাকা দিয়ে মসজিদ সংস্কার করা হয়েছে।গাইবান্ধা: কাবিখার আওতায় সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের গাজী রহমানের বাড়ি থেকে ফকিরপাড়া গ্রামের জলিল মিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ১১ টন গম বরাদ্দ দেওয়া হয়। ফকিরপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের অভিযোগ, সামান্য মাটি ফেলে প্রকল্পের সিংহভাগ টাকা আত্মসাৎ করা হয়েছে। একই ইউনিয়নের কান্তানগর বিনয় ভূষণ উচ্চবিদ্যালয় সংস্কারের জন্য পাঁচ টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রধান শিক্ষক একরামুল হক বলেন, গম বরাদ্দ পাওয়া গেলেও বিদ্যালয় সংস্কারের কোনো কাজই করা হয়নি। প্রকল্প চেয়ারম্যান রওশন আলম বলেন, নানা সমস্যার কারণে যথাসময়ে কাজ করা সম্ভব হয়নি, তবে নির্মাণসামগ্রী কেনা হয়েছে।বগুড়া: সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ীতে অবস্থিত প্রগতি প্রসেস ক্লাবের নামে বরাদ্দ তিন টন গম খরচও করা হয়েছে, কিন্তু ক্লাবের সদস্যরা জানেনই না। গোকুল ইউনিয়ন পরিষদের চাঁদমুহা বাজারের ভবন সংস্কার ও পায়খানা নির্মাণের জন্য তিন টন গম বরাদ্দ দেখানো হয়েছে। ভবনের পার্শ্ববর্তী হরিপুর গ্রামের বাসিন্দা প্রভাত চন্দ্র বলেন, চলতি বছর তো দূরের কথা, বিগত চার-পাঁচ বছরেও সেখানে কোনো সংস্কার বা নির্মাণকাজ হয়নি।চুয়াডাঙ্গা: সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে ৩২ টন গমের বিপরীতে তিনটি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে শ্রীকোল গ্রামের গোলাম রসুলের জমি থেকে এমদাদুলের জমি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণে ১০ টন গম বরাদ্দ দেওয়া হয়। খোঁজ নিলে ইউপি সদস্য ওসমান গনি তিনি খানিকটা অবাক হয়ে জানান, গত এক বছরে এই গ্রামে কোনো কাজই হয়নি।বরিশাল: বরিশাল সদর উপজেলার পলাশপুর এলাকায় এ করিম আইডিয়াল কলেজের নামে ৫৮ হাজার টাকা বরাদ্দ হলেও অধ্যক্ষ নূরুল ইসলাম বলেন, ‘কলেজের নামে কোনো টাকা পাইনি।’ বরিশাল নগরের দানবীর সমাজসেবক অমৃত লাল দের স্ত্রীর নামে প্রতিষ্ঠিত যোগমায়া দে গীতাশ্রমের নামেও টিআরের বরাদ্দ দেখানো হয়েছে। তবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিজয়কৃষ্ণ দে বলেন, ‘আমার বড় ভাই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার জন্য আর্থিক সহায়তা করে গেছেন, যার ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। এই প্রতিষ্ঠানের নামে কোনো সরকারি অর্থ নেওয়ার প্রশ্নই ওঠে না।’ শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ ট্রাস্ট শংকর মঠের নামে বরাদ্দ দেখানো হলেও তা পাননি বলে জানান ট্রাস্টের সভাপতি শান্তি রঞ্জন চক্রবর্তী।সরিষাবাড়ী (জামালপুর): পদক্ষেপ ৮৮ সংগঠনের নামে এক লাখ টাকা বরাদ্দ দিয়ে উত্তোলন করা হলেও সংগঠনের কেউ তা জানেন না। একইভাবে উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থা ও সরিষাবাড়ী সাংস্কৃতিক জোটের নামে এক লাখ টাকা করে উত্তোলন করা হয়েছে, কিন্তু সংগঠনের কেউ তা জানেন না। সরিষাবাড়ী কালু মণ্ডলের বাড়ি থেকে চর সরিষাবাড়ী প্রাথমিক বিদ্যালয় ভায়া পণ্ডিত বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের নামে ১২ টন চাল ও গম উত্তোলন করা হয়। রাস্তাটি সংস্কার করা হয়নি বলে জানান প্রকল্পের সভাপতি কালু মণ্ডল।ঈশ্বরদী (পাবনা): শহরের পূর্ব টেংরী এলাকার গাউছে পাক দরবার শরিফ উন্নয়নের নামে টিআরের দুই টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোনো কিছু না কিনেই পুরাতন আসবাবকে নতুন দেখিয়ে ভাউচার দেওয়া হয়েছে।জয়পুরহাট: জয়পুরহাট পৌরসভার পাঁচুরচক এলাকার কবরস্থানের কোনো সংস্কার করা না হলেও ২৮ হাজার টাকার বরাদ্দ তুলে নেওয়া হয়েছে। প্রকল্প চেয়ারম্যান নাজমুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য ২৮ হাজার টাকা বরাদ্দ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতিকণা কবিরাজ বলেন, তিনি জানেন না এবং স্কুলে কোনো সংস্কারকাজ হয়নি। তবে প্রকল্প সভাপতি আশরাফ আলী মুঠোফোনে দাবি করেন, স্কুলমাঠে মাটি ভরাট ও বাগান করা হয়েছে।নওগাঁ: নওগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি মসজিদ উন্নয়নের কাজে পাঁচ টন, চকবাড়িয়া জামে মসজিদসংলগ্ন সড়ক সংস্কারে জন্য চার টন ও নামাজগড় গাউসুল আজম আলিয়া মাদ্রাসা উন্নয়নে পাঁচ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রধানেরা জানান, উন্নয়নের কোনো কাজই হয়নি। এমনকি বরাদ্দের খবরও তাঁরা জানেন না।বদলগাছী উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ১৩টি মহিলা ও যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উন্নয়নে ৫০ টন গম বরাদ্দ দেওয়া হয়। কোলা মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিরিন আক্তার জানান, সমিতির নামে কেউ একজন প্রকল্প সভাপতি সেজে চার টন গম তুলে নিয়েছেন।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ধানগড়া ইউনিয়নের চরতেলিজানা গ্রামের মেমরি সংসদের নামে তিন টন গম বরাদ্দ করা হলেও সংসদের কেউ বিষয়টি জানতেন না। জানার পর পিআইও কার্যালয়ে গিয়ে জানতে পারেন, বরাদ্দকৃত গম তুলে নেওয়া হয়েছে। ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের সিরাজ উদ্দিন মাস্টারের বাড়ির মসজিদের নামে ৯৫ হাজার টাকা বরাদ্দ হলেও তাঁরা পেয়েছেন মাত্র ২০ হাজার টাকা। মসজিদ কমিটির সভাপতি সিরাজ উদ্দিন মাস্টার বলেন, ‘আমরা কোনো কাগজপত্রে স্বাক্ষর করিনি। কত বরাদ্দ হয়েছে, তা-ও জানি না। গ্রামের সোলায়মান আলী ২০ হাজার টাকা আমাদের দিয়ে গেছেন।’ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোলায়মান আলী দাবি করেন, মসজিদ কমিটির লোকজনের মাধ্যমেই টাকা তুলে দেওয়া হয়েছে।বদরগঞ্জ (রংপুর) ও তারাগঞ্জ: বদরগঞ্জ উপজেলার চারআনিপাড়া জামে মসজিদ সংস্কারের নামে চার টন, মধুপুর ঈদগাহ মাঠ সংস্কারে দুই টন, ঠাটারিপাড়া ফোরকানিয়া মাদ্রাসা সংস্কারে চার টন, বসন্তপুর পশ্চিমপাড়া কবরস্থান সংস্কারে তিন টন ও বাতাশন ঈদগাহ মাঠ সংস্কারে চার টন গম বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়নি।তারাগঞ্জ উপজেলার হাজীপুর প্রামাণিক পাড়া ইবতেদায়ি মাদ্রাসা সংস্কারের জন্য দুই টন গম তুলে নেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। প্রকল্পের সভাপতি আবদুস সালাম বলেন, ‘পাঁচ টন গম দিবার চায়া নেতারা ৩০ হাজার টাকা আগাম নিছে। কিন্তু বরাদ্দ দিছে দুই টন গম। এই গম বেচে সুদের ওপর নেওয়া টাকা শোধ করছি। গম তুলতে উপজেলা যাতায়াত করতে আমার পকেট থাকি আরও চার হাজার টাকা খরচ হইছে। কাজ করি কী দিয়া।’নীলফামারী: জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া ইবতেদায়ি মাদ্রাসার জন্য টিআরের তিন টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হামিদুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার নামে কোনো বরাদ্দ আমরা পাইনি, এখানে কোনো কাজও করা হয়নি। বরাদ্দের বিষয়টিও আমাদের জানা ছিল না।’পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংস্কারে ৬০ হাজার টাকা বরাদ্দ হয়। প্রকল্পের সভাপতি মইনুল হক জানান, তিনি বরাদ্দের কথা জানেন না। সৈয়দপুর ইউনিয়নের দেওনাপাড়া মমতাজের বাড়ির পাশের মসজিদ সংস্কারে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। প্রকল্পের সভাপতি মমতাজ আলী বলেন, ‘এ বছর আমি কয়েকটি কাগজে স্বাক্ষর করেছি, কিন্তু টাকা পাইনি।’জনগাঁও বিষ্ণুপুর শ্রীশ্রীজগন্নাথ মন্দির সংস্কারে বরাদ্দকৃত ৬০ হাজার টাকা দেওয়া হলেও প্রকল্পের সভাপতি শ্যামল রায় বলেন, ‘কোনো টাকা পাইনি।’ ভাবনাগঞ্জ বাজার দুর্গামণ্ডপ সংস্কারে ৩০ হাজার টাকা, ভবানীপুর পীরের দরগাহ শরিফের ঘর সংস্কারে ৫০ হাজার টাকা, ভাবনাগঞ্জ পীরের মাজার সংস্কারে ৫০ হাজার টাকা ও নারকেলবাড়ীর কমলের বাড়ির পাশের কালীমন্দির সংস্কারে ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রকল্প চেয়ারম্যানরা জানান, তাঁদের মাত্র ৫ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।ভোমরাদহ শিববাড়ি শিবমন্দিরের নামে বরাদ্দ হওয়া আড়াই টন গমের পুরোটাই আত্মসাৎ করা হয়। প্রকল্পের সভাপতি ধনদেব রায় বলেন, ‘ভোটের আগে আমরা চারজন ইউপি মেম্বার গমের টাকা ভাগ করে নিয়েছি। আমার ভাগ থেকে হরিবাসরের সময় কিছু টাকা দিয়েছি, বাকি টাকা ভোটের কাজে খরচ হয়ে গেছে।’দিনাজপুরের খানসামা উপজেলায় টিআর প্রকল্প থেকে উপজেলার উত্তর বালাপাড়া বিষ্ণুমন্দিরে ৩০ হাজার টাকা, শরহদ্দ শ্মশানঘাট উন্নয়নে ৪০ হাজার, গুলিয়ারা বিষ্ণুমন্দির মেরামতকাজে এক লাখ টাকা, টঙ্গুয়া আহলে হাদিস জামে মসজিদের অজুখানা নির্মাণে ৪২ হাজার, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ৪২ হাজার টাকা বরাদ্দ দেখানো হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আরিফুল হক, রংপুর; শাহাবুল শাহীন, গাইবান্ধা; এনামুল হক, সিরাজগঞ্জ; মিলন রহমান, বগুড়া; মনিরুল ইসলাম, যশোর; শাহ আলম, চুয়াডাঙ্গা; সাইফুর রহমান, বরিশাল; মাসুদ রানা, কালিয়াকৈর (গাজীপুর); সফিকুল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর); মাসুদ রানা, ধুনট (বগুড়া); আনিসুর রহমান, গুরুদাসপুর (নাটোর); মাহাবুবুল হক, ঈশ্বরদী (পাবনা); আসাদুল ইসলাম, জয়পুরহাট; সাইদুর রহমান, নওগাঁ; সাজেদুল ইসলাম, রায়গঞ্জ (সিরাজগঞ্জ), আলতাফ হোসেন, বদরগঞ্জ (রংপুর); রহিদুল মিয়া, তারাগঞ্জ, আসাদুল্লাহ সরকার, দিনাজপুর; মীর মাহমুদুল ইসলাম, নীলফামারী; মকবুল হোসেন, পীরগাছা (রংপুর); কাজী নুরুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)]