টিআর প্রকল্পের টাকা নয়ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা মণ্ডলপাড়া জামে মসজিদ সংস্কারের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ হয়েছে দুই মেট্রিক টন গম, যার সরকারি বাজারমূল্য ৩০ হাজার টাকা। কাজ যথাযথভাবে করা হয়েছে, তাই ওই প্রকল্পে গমের ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই গম তুলেও নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, মসজিদটির ন্যূনতম সংস্কারও করা হয়নি। ৯ আগস্ট গ্রামটিতে গিয়ে জানা যায়, এলাকাবাসী মসজিদ সংস্কারে গম বরাদ্দের কোনো খোঁজই রাখেন না।অনেক খুঁজে মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলামের দেখা মেলে। তিনি বলেন, ‘কমিশনার (কাউন্সিলর) এক দিন কচে দুই মেট্টিক টন গম নাকি মসজিদ পাবি। এর জন্যি চার হাজার ট্যাকা হামাকোরোক দিবি। কিন্তুক ট্যাকা একনো হাতোত পাইনি। কদ্দিন পামো তা জানি ন্যা।’এদিকে একই এলাকার মদকপাড়ার কালীমন্দির উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে দুই মেট্রিক টন গম। কিন্তু সে মন্দিরেও কোনো কাজ হয়নি। গ্রামের মানুষও জানে না কিছু। অথচ কাজ সম্পন্ন হওয়ার ভুয়া মাস্টাররোল দিয়ে ঠিকই বরাদ্দের গম তুলে নেওয়া হয়েছে।এ বিষয়ে কথা হয় বেড়াবালা এলাকার কাউন্সিলর রেজাউল করিমের সঙ্গে। তিনি জানান, জামে মসজিদে টাকা দেওয়ার বিষয়টি সভাপতি জানেন না, সাধারণ সম্পাদক জানেন। আর মদকপাড়ায় কালীমন্দিরে কাজ না করে দূর্গামন্দিরে করা হয়েছে।শুধু ওই দুই প্রকল্পই নয়, এবারের ২০০৯-২০১০ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় শিবগঞ্জ পৌরসভায় ২৩টি প্রকল্পের বিপরীতে যে ৪৬ দশমিক ১৬ মেট্রিক টন গমের বরাদ্দ দেওয়া হয়েছে, তার বেশির ভাগ প্রকল্পেরই এমন দশা। বাজারমূল্য অনুযায়ী প্রকল্পের বরাদ্দ গমের মূল্য প্রায় সাত লাখ টাকা।খোঁজ নিয়ে জানা যায়, সরকার গ্রামাঞ্চলের দরিদ্র ও বেকার জনসাধারণের কর্মসংস্থানসহ শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে এ কর্মসূচি নেয়। পাশাপাশি দুস্থ জনগণের অংশগ্রহণে তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। কিন্তু শিবগঞ্জ পৌরসভায় উদ্যোগটি পুরোপুরি ভেস্তে গেছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো কাজ না করেই ভুয়া মাস্টাররোল দিয়ে বরাদ্দের গম তুলে নিয়েছেন। এর মধ্যে দু-একটি প্রকল্পের বিপরীতে সামান্য কিছু টাকা দেওয়া হলেও বেশির ভাগ ক্ষেত্রে কোনো টাকাই দেওয়া হয়নি। এসব গম আত্মসাৎ করে বিপুল পরিমাণ টাকা স্থানীয় একটি চক্র নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে।৯ আগস্ট পৌর এলাকার কালীপাড়া জামে মসজিদে গিয়ে দেখা যায়, ওই মসজিদে কোনো সংস্কারকাজ করা হয়নি। মসজিদটি সংস্কারে দুই মেট্রিক টন গম বরাদ্দ হয়েছে। মসজিদ কমিটির সভাপতি লোকমান হোসেন জানান, লোকমুখে তিনি শুনেছেন বরাদ্দের কথা। কিন্তু এখনো কোনো টাকা বা গম হাতে পাননি। তবে এলাকার কাউন্সিলর ইয়াকুব আলী বলেন, ‘টাকা দেওয়া হয়েছিল। পরে সে টাকা আমার কাছেই গচ্ছিত রেখেছে মসজিদ কমিটির লোকজন।’ কত টাকা দিয়েছেন—প্রশ্ন করলে তিনি জানান, সব খরচ বাদ দিয়ে দুই মেট্রিক টন গমের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।বানাইল মাস্টারপাড়া পূজা মণ্ডপের সভাপতি আনন্দ চন্দ্র মোহন্ত জানান, তাঁর মণ্ডপের জন্য এক মেট্রিক টন গম বরাদ্দ হয়। কাউন্সিলর তাজুল ইসলাম এসে তাঁর হাতে তিন হাজার টাকা ধরিয়ে দিয়ে বলেছেন, এটাই নাকি সর্বোচ্চ বরাদ্দ। এত বেশি টাকা অন্য কোনো জায়গায় দেওয়া হয়নি।এক মেট্রিক টন গমের দাম ১৫ হাজার টাকা। অথচ তিন হাজার টাকা দেওয়া প্রসঙ্গে কাউন্সিলর তাজুল ইসলাম বলেন, যাঁরা গম কিনেছেন, তাঁরা টাকা কম দিয়েছেন। তা ছাড়া বিভিন্ন খাতে টাকা খরচ হয়ে যাওয়ায় এর বেশি দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘আমি তবুও টাকা দিয়েছি। অনেকে তো তাও দেননি।’তেঘরী নয়াপাড়া জামে মসজিদ সংস্কারের জন্য এক মেট্রিক টন চালের বরাদ্দ হয়েছে। কিন্তু এখনো এক টাকাও পাননি মুসল্লিরা। মসজিদের সভাপতি নূরন্নবী মিয়া বলেন, ‘একনো ট্যাকা পাইনি। তবে কমিশনার দেকা করব্যার কচে।’খোঁজ নিয়ে জানা গেছে, টিআরের এ বরাদ্দ নিয়ে প্রথম থেকেই ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে ছয়জন কাউন্সিলর জেলা প্রশাসকের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। কাউন্সিলদের পক্ষ থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছেও লিখিত অভিযোগ করা হয়েছে।এ ব্যাপারে কাউন্সিলর মতিয়ার রহমান বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়র আমাদের পাশ কাটিয়ে পছন্দের প্রকল্প বাস্তবায়ন করে অবৈধ সুযোগসুবিধা নিয়েছেন। ফলে সব প্রকল্প ভেস্তে গেছে। এ ব্যাপারে আমরা লিখিতভাবে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কিন্তু অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রুহুল আমিন সরকার তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু কাউন্সিলর মিথ্যে অভিযোগ করছে। আর টিআরের প্রকল্পগুলোতে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে।