টিআরের নামে ত্রিমুখী প্রতারণা
চট্টগ্রামের পটিয়া উপজেলার ‘শ্রী লোকনাথ মন্দির’-এর নামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর) কর্মসূচির আওতায় এক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। ছাড়পত্রের তথ্যে দেখা যায়, এই মন্দির কমিটির সভাপতিসহ সব সদস্যই মুসলমান। এর সূত্র ধরে আশিয়া ইউনিয়নের কমলাপাড়া গিয়ে ঠিকানা মতে এই নামে কোনো মন্দিরের অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু এই কথিত লোকনাথ মন্দিরই নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন আরও অনেক সংগঠনের নামে টিআরের বরাদ্দ তুলে নেওয়া হয়েছে, বাস্তবে যেসব সংগঠনের কোনো অস্তিত্ব নেই। টিআরের গম তসরুফের জন্য বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ—এমন বিভিন্ন নাম ব্যবহার করা হয়েছে। আবার প্রতিষ্ঠিত অনেক সংগঠনের নামে স্বাক্ষর জালিয়াতি করে টিআর বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু সংগঠনের কেউ এ বিষয়ে কিছু জানে না। সরকার অবকাঠামো উন্নয়নের জন্য গম বাবদ টনপ্রতি ১২ থেকে ১৬ হাজার টাকা করে নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০০৯-১০ অর্থবছরে ৯৯টি প্রতিষ্ঠানের নামে ৩৫০ টন গম বরাদ্দ দেওয়া হয়। ২০১০-১১ অর্থবছরে ৯১টি প্রতিষ্ঠানের নামে ১০০ টন গম বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ করা টাকার বড় অংশই ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদের সমর্থিত প্রার্থীদের নির্বাচনী খরচ হিসেবে ব্যয় করা হয়েছে। তবে প্রার্থীরা অভিযোগ করেছেন, তাঁরা সরাসরি এই অর্থ ব্যয় করতে পারেননি। দলের নেতারা তাঁদের হয়ে অর্থ ব্যয় করেছেন বলে প্রার্থীদের কাছে দাবি করেছেন। অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম-১১ আসনের (পটিয়া) আওয়ামী লীগের সাংসদ সামশুল হক চৌধুরীর সমর্থক যেসব নেতা গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন করেছেন, তাঁদের নির্বাচনী ব্যয় মেটাতে প্রতারণার মাধ্যমে টিআরের এই বরাদ্দ নেওয়া হয়েছে এবং এ টাকা দিয়ে নির্বাচনী ব্যয় মেটানো হয়েছে। তবে সাংসদ সামশুল হক চৌধুরী টিআরের টাকার নির্বাচনী ব্যয় মেটানোর অভিযোগ অস্বীকার করেছেন।কথিত লোকনাথ মন্দিরের নামে গত ২৫ জুন টিআরের ছাড়পত্র দেওয়া হয়। তাতে মন্দিরের সভাপতি হিসেবে সই করেন জনৈক মো. নাজিম উদ্দিন। ছাড়পত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলমের সইও রয়েছে। বরাদ্দের জন্য যে আবেদন করা হয় তাতে মন্দির কমিটির সদস্যদের নাম ও সই ছিল। তাতে দেখা যায়, কমিটির সদস্যদের মধ্যে কোনো হিন্দু ব্যক্তি নেই, সবাই মুসলমান। টিআর বরাদ্দের জন্য ওই আবেদনপত্রে সাংসদ সামশুল হক চৌধুরী সুপারিশ করেছেন। তবে সুপারিশ করার কথা সরাসরি অস্বীকার করেন সামশুল হক চৌধুরী। তিনি বলেন, ‘লোকনাথ মন্দিরের নামে, আমার জানামতে, কোনো বরাদ্দ যায়নি। এমনিতে হয়তো আবেদন জমা পড়েছিল।’ তবে মন্দিরের নামে বরাদ্দ দেওয়ার তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন। তবে তিনি বলেন, ‘মন্দিরের কমিটিতে মুসলিম থাকতে পারে না। এটা হয়তো আমাদের দেখতে ভুল হয়ে গেছে। এখন পরিদর্শনে গিয়ে যদি মন্দিরের অস্তিত্ব না পাই, তাহলে অবশ্যই টাকা ফেরত নেওয়া হবে।’মন্দিরের খোঁজে এলাকায় গেলে আশিয়া ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী ও আশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘কমলাপাড়ায় কোনো লোকনাথ মন্দির নেই। ভুয়া প্রতিষ্ঠানের নামে টিআরের টাকা তুলে তা সাংসদের সমর্থিত প্রার্থীকে নির্বাচনে খরচ করতে দেওয়া হয়েছে।’ লোকনাথ মন্দিরের কথিত সভাপতিরও কোনো খোঁজ মেলেনি। তবে আশিয়া ইউনিয়নের বাসিন্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বেলাল আশিয়া লোকনাথ মন্দিরের নামে টাকা তোলার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওরা (মন্দিরসংশ্লিষ্ট লোকজন) এত কিছু জানে না বলে আমাদের ছেলেরা টাকা তুলে মন্দির কর্তৃপক্ষকে দিয়েছে।’সাংসদ সামশুল হক চৌধুরী ইউপি নির্বাচনে তাঁর সমর্থিত প্রার্থীদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাধ্যমে কিছু কিছু টিআর বণ্টন হওয়ার কথা স্বীকার করেন। সূত্র জানায়, সাংসদের হয়ে টিআর বিতরণের মূল দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী। জানতে চাইলে তিমির বরণ চৌধুরী বলেন, ‘আমি শুধু কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছি। ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতার মাধ্যমে আসা প্রতিষ্ঠানের নামগুলোর একটি তালিকা সাংসদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে দেন। ওই তালিকার একটি অনুলিপি (কপি) আমি নিয়েছি। লোকজন আমাকে চিনে বিধায় টিআর নিতে অনেকে আমার কাছে এসেছে। আমি তাঁদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) দেখিয়ে দিয়েছি।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘সাংসদ মহোদয়ের মাধ্যমে তালিকা পেয়েছি। যেহেতু সাংসদ দিয়েছেন, তাই আমরা আর সরেজমিন তদন্ত করিনি। টিআর বিতরণ করেছি।’বরাদ্দ কেবল কাগজে: উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের লাওয়ারখিল জামে মসজিদে ২০০৯-১০ অর্থবছরের টিআরের টাকায় নলকূপ স্থাপনের জন্য কাগজপত্রে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই মসজিদ কমিটি নলকূপ পায়নি। গত ২৮ জুলাই তাঁরা ইউএনওর বরাবর লিখিত অভিযোগও করেন। তাতে বলা হয়, সাংসদের হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী টিআরের মাধ্যমে নলকূপ বরাদ্দের দায়িত্বে ছিলেন। পরে তাঁকে বিষয়টি জানানো হলে তিনি তাঁদের কাছ থেকে চাহিদাপত্রটি ফেরত নিয়ে নেন।কেলিশহর: কেলিশহর ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নামের কোনো সংগঠন নেই। কিন্তু এই সংগঠনের নামে এক টন গম নেওয়া হয়েছে। পাঠাগার কমিটির সভাপতি দেখানো হয় সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিদ্দিক আহম্মদকে। কাগজপত্রে দেখা যায়, তাঁর স্বাক্ষরে এই গম তোলা হয়েছে। তবে ছিদ্দিক আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘এই নামে আমার এলাকায় কোনো পাঠাগার নেই। আর কোনো বরাদ্দের জন্য আমি কোথাও স্বাক্ষরও করিনি।’ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোজ সেন ওরফে নান্টু সেন অভিযোগ করেন, তাঁর ইউনিয়নে ১০-১২টি প্রতিষ্ঠানের নামে টিআরের টাকা তোলা হয়েছে। এর এক লাখ ১০ হাজার টাকা সাংসদ সামশুল হক চৌধুরী সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবুল চন্দ্র দের নির্বাচনী প্রচারণায় ব্যয় করা হয়েছে।জানতে চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল দে বলেন, ‘সরাসরি আমি টাকা-পয়সা পাইনি। এগুলো ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা খরচ করেছেন।’কেলিশহর দাশপাড়া মগদ্দেশ্বরী বাড়ি মন্দির উন্নয়নের নামেও এক টন গম উত্তোলন করা হয়েছে। তবে এই মন্দিরের কমিটির সভাপতি বিশ্বেশ্বর বলেন, ‘আমরা কোনো গম বা টাকা পাইনি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, কাগজপত্রে অনিল বিশ্বাস নামের একজন স্বাক্ষর করে এই মগদ্দেশ্বরী বাড়ির নামে গমের টাকা তুলেছেন। তবে অনিল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমি এর কিছুই জানি না। কেউ আমার নামে ভুয়া স্বাক্ষর করেছে।’ধলঘাট: ধলঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংসদের পছন্দের প্রার্থী সুনীল চক্রবর্তীর নির্বাচনী ব্যয়ের কিছু অংশ টিআরের টাকা থেকে করা হয় বলে অভিযোগ রয়েছে। এ জন্য অন্তত ১০টি নামসর্বস্ব সংগঠনের নামে টাকা তুলে সুনীলের নির্বাচনী তহবিলে দেওয়া হয়। বিষয়টি স্বীকার করেন সুনীল চক্রবর্তীর নির্বাচন কাজে দায়িত্বরত ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফরিদ আহম্মদ।ফরিদ আহম্মদ বলেন, ‘আট-নয়টি সংগঠনের নামে টিআরের বরাদ্দ তুলে সুনীল দার নির্বাচনে খরচ করা হয়েছে। তবে এভাবে শুধু আমরা নয়, প্রায় প্রতিটি ইউনিয়নের সাংসদ সমর্থিত প্রার্থীর পেছনে খরচ করা হয়েছে।’সাংসদের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুনীল চক্রবর্তীও বিষয়টি স্বীকার করেন। নির্বাচনে সাংসদের কাছ থেকে টাকা পেয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘দেড় লাখ টাকার মতো পেয়েছি। এ রকম ১০ ইউনিয়নে টাকা দেওয়া হয়েছে। শুনেছি এগুলো টিআর বরাদ্দ থেকে দেওয়া হয়েছে। তবে টাকাটা খরচ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।’টিআর বরাদ্দের তালিকা ধরে সরেজমিনে ঘুরে ধলঘাট ইউনিয়নে ঈশ্বরখাইন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, জনকল্যাণ সমিতি, পবন সংঘ, পশ্চিম গৈড়লা সাংস্কৃতিক ক্লাবের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের বলেন, ‘২৫ বছর আগে এই সমিতি বিলুপ্ত হয়েছে। আর এই সংগঠনের নামে টিআর বরাদ্দের কোনো আবেদন আমরা করিনি এবং বরাদ্দ পাইওনি।’একই এলাকায় অস্তিত্ব আছে—এমন সংগঠনের নামেও টাকা তোলা হয়েছে। তবে ওই সংগঠনের নেতা-কর্মীরা টাকা তোলার বিষয়টি জানে না। তারাচরণ স্মৃতি সংসদ, বাসুদেব বাড়ি, আলামপুর পল্লী মঙ্গল সমিতি, গৈড়লা মিতালী সংঘ—এগুলোর মধ্যে অন্যতম। বাসুদেব বাড়ির সভাপতি সুধীর দে বলেন, ‘আমরা কোনো টাকা পাইনি।’ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছালামাত উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে টিআরের টাকা তুলে তা দিয়ে আমার বিপক্ষ প্রার্থীর নির্বাচনী খরচ মেটানো হয়। টিআর বিতরণের ক্ষেত্রে সরকার অনুমোদিত ছাড়া কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার নিয়ম না থাকলেও এখানে নামসর্বস্ব প্রতিষ্ঠানকেই এগুলো দেওয়া হয়েছে।’ভাটিখাইন: ভাটিখাইন ইউনিয়নে ভাটিখাইন করল উদয়ন সংঘ, ভাটিখাইন রবিচাঁদ স্মৃতি সংসদ, শেখ রাসেল স্মৃতি সংসদ, ভাটিখাইন এয়ার মোহাম্মদ স্মৃতি সংসদ প্যাডসর্বস্ব সংগঠন। এগুলোর নামে টিআরের আবেদন করা হয়। এয়ার মোহাম্মদ স্মৃতি সংসদের হয়ে নলকূপ বাবদ সাড়ে তিন টন গম তোলেন যুবলীগের নেতা জসিম উদ্দিন। তবে অপর তিনটি সংগঠন বরাদ্দ পায়নি। এই ইউনিয়নে ভাটিখাইন শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের জন্যও এক টন করে গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি।ছাত্রলীগের আহ্বায়কের বাড়িতে টিআরের নলকূপ: পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলামের বাড়িতে টিআর প্রকল্প থেকে ৪৫ হাজার টাকা খরচ করে নলকূপ বসানো হয়। রফিকুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাই সাংসদের পক্ষ থেকে আমাকে একটি নলকূপ দেওয়া হয়েছে। এটি ঘরের আঙিনায় বসানো হয়েছে। আরেকটি নলকূপ পৌরসভা থেকে পেয়েছি। সেটি আমার বাড়ির পাশে বসানো হয়েছে।’