টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে লন্ডনে ফের ছাত্রবিক্ষোভ
টিউশন ফি বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট কাটছাঁটের প্রতিবাদে আবার উত্তাল হয়ে উঠেছে লন্ডন। গত বুধবার কয়েক হাজার শিক্ষার্থী মধ্য লন্ডনে দিনভর বিক্ষোভ করে। এ সময় পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করে। ট্রাফালগার স্কয়ার থেকে বিক্ষোভকারীদের তাঁবু খুলে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিভিন্ন শহরের শিক্ষার্থীরা ন্যাশনাল ক্যাম্পেইন অ্যাগেইনস্ট ফিস অ্যান্ড কাটসের ব্যানারে মধ্য লন্ডনে জড়ো হতে থাকে। বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে টিউশন ফি কমানোর দাবির পাশাপাশি সরকারবিরোধী স্লোগান দেয়।টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে গত বছরও শিক্ষার্থীরা লন্ডনে ব্যাপক বিক্ষোভ করেছিল। ওই সময় বিক্ষোভকালে বেশ কিছু সহিংস ঘটনা ঘটে। তাই এবার প্রায় চার হাজার পুলিশ দায়িত্ব পালন করে। বিক্ষোভের সামনে প্রতিবাদকারীদের সঙ্গে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যদের হাঁটতে দেখা যায়। পুলিশ আগেই হুঁশিয়ার করে দিয়েছে, শিক্ষার্থীরা সহিংস বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ প্লাস্টিক বুলেট ব্যবহার করতে বাধ্য হবে। পুলিশ দাবি করেছে, বিক্ষোভে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের সংখ্যা ১৫ হাজারের বেশি ছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলে, সরকারই লন্ডনকে বিক্ষোভের নগর বানিয়েছে। তারা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। টিউশন ফি কমাতে সরকারকে বাধ্য করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।ছাত্রবিক্ষোভ মধ্য লন্ডনের ম্যুলেট স্ট্রিট থেকে শুরু হয়ে লন্ডন ওয়াট স্ট্রিটে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে পুলিশি বাধায় তা ট্রাফালগার স্কয়ারেই শেষ হয়। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগিবতণ্ডা হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে প্রায় চার হাজার পুলিশ মোতায়েন করা হয়।ক্যাম্পেইনের সংগঠক মাইকেল চেসাম বলেন, ‘ধনকুবেরদের নিয়ে গড়া মন্ত্রিসভার সদস্যরা আমাদের বলছে, আমাদের তিন গুণ বেশি টিউশন ফি দিতে হবে।’ তিনি বলেন, ‘পুলিশের ভয়ভীতি অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন।’এদিকে ছাত্রবিক্ষোভের পূর্বনির্ধারিত স্থানের কাছেই সেন্টপল ক্যাথেড্রাল আঙিনায় চলছে পুঁজিবাদবিরোধী বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেওয়া লন্ডন ইম্পিরিয়াল কলেজে উচ্চতর গবেষণার ছাত্র ফিলিপ বলেন, ‘উভয় বিক্ষোভই প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে সুন্দর পৃথিবী গড়তে হলে প্রতিবাদ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।’