সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে টিএন ব্রাদার্স ৬০৯ কোটি টাকা আত্মসাৎ করলেও জিজ্ঞাসাবাদে তা অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে গতকাল রোববার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ হোসেন ও পরিচালক তসলিম হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিনের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান দল। সকালে দুই ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে তাওহীদ হোসেন ‘ঋণ জালিয়াতি হয়নি’ বলে দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেন, যে টাকা ঋণ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। তা হলে টাকার পরিমাণ কত জিজ্ঞেস করলে তাওহীদ বলেন, টাকার অঙ্ক এই মুহূর্তে বলা যাচ্ছে না।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, টিএন ব্রাদার্স গ্রুপ ৬০৯ কোটি ৬৯ লাখ টাকা ভুয়া ঋণপত্রের মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে আত্মসাৎ করেছে।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় একটি কাগজ দিয়ে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক। এ ছাড়া অসুস্থতার কারণ দেখিয়ে দুদকে উপস্থিত হননি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও তাওহীদ-তসলিমের মা জিনাত ফাতেমা। হলমার্ক গ্রুপের জিজ্ঞাসাবাদ ও মামলার পর পর্যায়ক্রমে অন্য চার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। আজ, কাল ও পরশু যথাক্রমে প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড, নকশী নিট কম্পোজিট ও খান জাহান আলী সোয়েটার্স লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।