টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোর ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাসি কোরবানি করা হয়েছে ছাত্রী হলগুলোয়, সংস্কারের নামে ঈদের ছুটিতে জিয়া হলে থাকতে নিষেধাজ্ঞাঈদের বেশ কয়েক দিন আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো খালি হতে শুরু করে। নাড়ির টানে বাড়ি ফিরে যান বেশির ভাগ শিক্ষার্থী। কিছু শিক্ষার্থীর কিন্তু ঈদের ছুটিতেও বাড়ি ফেরা হয় না। ঈদের দিনটি তাঁদের হলেই কাটে। তাঁদের জন্যই কোরবানির ব্যবস্থা করে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছরও তার ব্যতিক্রম ছিল না।এবার ঈদের আগের দিন সন্ধ্যার পরেই টিএসসি (ছাত্র-শিক্ষককেন্দ্র) সরগরম হয়ে ওঠে। কেননা এ বছর ছাত্রদের আবাসিক হলগুলোর ঈদের রান্না একসঙ্গে হয়েছে টিএসসিতে। সেখানেই পশু কোরবানি করা হয়েছে। প্রতিবারের মতো ছাত্রীদের চারটি আবাসিক হলের পশু কোরবানি করা হয়েছে নিজ নিজ হল প্রাঙ্গণে।হলে যাঁরা ঈদ করেছেন, বাড়ির কথা তাঁদের মনে পড়েছে। তবে হলের ঈদ আয়োজন নিয়ে তাঁরা খুশি। সূর্যসেন হলের আবাসিক ছাত্র আরিফিন জুয়েল বলেন, ‘সামনে পরীক্ষা আছে। তাই ঈদে বাড়ি যাইনি। এ বছর আমাদের হল প্রাঙ্গণে কোনো কোরবানি হয়নি। তবে ঈদ আয়োজনে কমতি ছিল না। আমাদের হলের কোরবানি হয়েছে টিএসসিতে। ঈদের দিন দুপুরে ভালো খাবারের ব্যবস্থা ছিল।’বাস, ট্রেনের টিকিট না পেয়ে কেউ কেউ বাড়ির পথে পা বাড়াতে পারেননি। কারও কারও কাছে হয়তো টিকিট কাটার টাকাও ছিল না। কেউ পরীক্ষা, কেউ খণ্ডকালীন চাকরির কারণে হলে ঈদ করেছেন। হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী আরাফাত হাসান জানান, গণমাধ্যমে চাকরির কারণে কোরবানির ঈদে ছুটি পাননি। রাতে বাড়ির কথা মনে পড়েছে। তবে সকালে উঠে তাঁর মনটা ভালো হয়ে গেছে। কারণ হল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেমাই দেওয়া হয়েছে।তবে সব শিক্ষার্থীর হলে ঈদ স্বস্তিতে কাটেনি। হলে থাকতে গিয়ে অনেকে হল কর্তৃপক্ষের বাধার মুখে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জিয়া হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, কোরবানির ঈদের আগে সংস্কারের নামে হলে থেকে যাওয়া শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একই হলের আরেক শিক্ষার্থী জানান, রোজার ঈদে হলের রান্নাঘর সংস্কারের কথা বলে খাবার দেওয়া হবে না এমন নোটিশ দেওয়া হয়। এবারের ঈদে শৌচাগার সংস্কারের কথা বলে হল ছাড়ার কথা বলা হয়েছে। ঈদের দিন পর্যন্ত খবর নিয়ে জানা গেছে, জিয়া হলে ঈদ করেছেন প্রায় ৪৫ জন শিক্ষার্থী। সংস্কারের নামে ঈদে হলে থাকতে নিষেধ করার বিষয়টি নিয়ে জিয়া হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক জানান, শিক্ষার্থীরা হলে না থাকলে দ্রুত সংস্কারকাজ শেষ করা যাবে—এমন ভাবনা থেকেই হল ফাঁকা করার নোটিশ দেওয়া হয়। তবে যারা ঈদে হলে থেকে যায়, তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।এবার টিএসসি প্রাঙ্গণে কোরবানি ও ঈদের রান্না হওয়ায় হল কর্তৃপক্ষকে আলাদা কোনো ঝামেলা পোহাতে হয়নি। এ বিষয়ে হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ আক্কাস বলেন, নির্ধারিত সময়ের আগেই হল কর্তৃপক্ষ থেকে যাওয়া শিক্ষার্থী ও কর্মচারীদের একটা তালিকা জমা দেয়। ওই তালিকা অনুযায়ী ঈদের দিন দুপুর ১২টার মধ্যে টিএসসি থেকে খাবার সংগ্রহ করে তা শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করা হয়।টিএসসিতে ঈদ আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন জানান, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলগুলো এক হয়ে ঈদের আয়োজন করেছে। একই সঙ্গে পশু জবাই করে খাবার রান্না করায় সব কাজে শৃঙ্খলা ছিল। এর ফলে বেশ খানিকটা অর্থও সাশ্রয় হয়েছে। প্রতিবছর ছেলেদের হলের ঈদ আয়োজন একই সঙ্গে টিএসসিতে করতে পারলে ভালো হবে বলে জানান টিএসসির পরিচালক আলমগীর হোসেন।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের চারটি আবাসিক হলে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি হলেই খাসি কোরবানি করা হয়েছে। দুপুরে ভালো খাবার দেওয়া হয়েছে। বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী মাকসুদা আক্তার জানান, পড়াশোনার চাপ থাকায় ঈদে হলে ছিলেন। হলের ঈদ আয়োজন নিয়ে তিনি সন্তুষ্ট। বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষিকা ড. মাহবুবা সুলতানা জানান, অল্পসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন কারণে হলে থেকে যায়। তাদের উদ্দেশে কোরবানি এবং এই আয়োজন কিছু সময়ের জন্য হলেও তারা বাড়িতে না যাওয়ার কষ্ট ভুলে থাকে। এ ছাড়া হলের কর্মচারীরাও ঈদের দিনটা আনন্দে কাটাতে পারেন।