টিকফা সই হলে উচ্চশুল্ক হ্রাস বিবেচনা
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ-সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হলে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের উচ্চশুল্ক হ্রাসের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। গতকাল বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে ভারপ্রাপ্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নস এ কথা বলেন। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এক ঘণ্টার ওই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন, জ্বালানি শক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সম্পর্কে আলোচনা করতে গিয়ে দীপু মনি বলেন, বাংলাদেশসহ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর মার্কিন বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার তাদের বাণিজ্যের সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে। এ ব্যাপারে বার্নস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তিটি দ্রুত সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ চুক্তির আওতায় মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উচ্চশুল্ক হারের বিষয়টি পুনর্বিবেচনা করা সম্ভব হতে পারে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারেও আশ্বাস দেন বার্নস। বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় যাতে তাঁর শাস্তি প্রদান করা সম্ভব হয়, এ ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।বৈঠকে মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে বার্নস বলেন, গত মে মাসে ঢাকা সফরের সময় হিলারি ক্লিনটন উল্লেখ করেছেন, মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্টে বাংলাদেশের অন্তর্ভুক্তির লক্ষ্যে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে।এ ছাড়া গ্রামীণ ব্যাংক সম্পর্কে বাংলাদেশ সরকারের অবস্থান বার্নসকে ব্যাখ্যা করেন দীপু মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী প্রতিষ্ঠানটির অনেক নারী ঋণগ্রহীতার স্বার্থ সংরক্ষণে বদ্ধপরিকর। গ্রামীণ ব্যাংক বর্তমানে সংস্থাটির আইন ও বিধি অনুসারে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। এ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ-মার্কিন অংশীদারি সংলাপের সফলতার ব্যাপারেও জোর আশাবাদ ব্যক্ত করেন এই দুই নেতা।বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রবার্ট ও’ব্লেকসহ দুই দেশের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা।