টিকফা ‘অবশ্য পালনীয়’ চুক্তি না: দীপু মনি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) ‘অবশ্য পালনীয়’ চুক্তি না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আজ রোববার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ মো. রহমত আলীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেছেন, ‘এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে নিয়মিত আলোচনার জন্য একটি ফোরাম গঠন করবে। ফোরাম উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য যেসব বিষয় পারস্পরিক আলোচনার জন্য উপযুক্ত মনে করবে, তা আলোচনা করবে। এটি কোনো অবশ্য পালনীয় চুক্তি না।’রহমত আলী জানতে চান, টিকফা বাস্তবায়িত হলে দেশের জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে কি না? চুক্তির খসড়া জাতীয় সংসদে উত্থাপন করা হবে কি না? জবাবে দীপু মনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি টিকফা চুক্তির উদ্দেশ্য। তাই প্রস্তাবিত টিকফা চুক্তি স্বাক্ষরের সঙ্গে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্পর্ক নেই বা জাতীয় নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে যাওয়ার কোনো আশঙ্কা নেই।দীপু মনি বলেন, টিকফা চুক্তিটির খসড়া মন্ত্রিপরিষদে আলোচনার পরিপ্রেক্ষিতে অনুমোদিত হয়েছে, তাই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে স্বাক্ষরিত হতে পারে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রায়ে বলা হয়েছে, দ্বিপক্ষীয় চুক্তি সংসদে উপস্থাপন করার বাধ্যবাধকতা নেই। তবে এ চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।বিএনপির সাংসদ রাশেদা বেগমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সীমান্তে হত্যা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ২০০৫ সালে সীমান্তে সর্বমোট প্রাণহানির সংখ্যা ছিল ৭৯ আর ২০১২তে সেটা কমে দাঁড়িয়েছে ৩৪-এ। ২০১৩ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন।সাংসদ আমিনা আহমেদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের আট হাজার ৮৪৩ জন নিয়োজিত আছেন। শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ ২০১১ সালে এক হাজার ২৫৩ কোটি, ২০১২ সালে দুই হাজার ১৫৯ কোটি ও ২০১৩ সালের জুন পর্যন্ত এক হাজার ৬৩৩ কোটি টাকা আয় করেছে।