আজ ১৮তম জাতীয় টিকা দিবস। পোলিওমুক্ত দেশ গড়তে পাঁচ বছর পর্যন্ত বয়সের সব শিশুকে টিকা খাওয়ানো নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যদি একটি শিশুও টিকা থেকে বঞ্চিত হয়, তাহলে এ কর্মসূচি ব্যর্থ হবে। গতকাল শনিবার তাঁর সরকারি বাসভবন যমুনায় ১৮তম জাতীয় টিকা দিবস এবং হাম টিকাদান ক্যাম্পেইন ২০১০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।টিকা দিবসে সারা দেশে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। একই সঙ্গে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। উল্লিখিত বয়সের শিশুরা আগে জাতীয় টিকা দিবসে বা নিয়মিত টিকাদান কর্মসূচিতে পোলিও টিকা খেয়ে থাকলেও তাদের দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। খালি পেটে শিশুদের টিকা ও কৃমির ওষুধ না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।১৮তম জাতীয় টিকা দিবস আজ দেশব্যাপী পালিত হবে। আর পাঁচ দিনব্যাপী হাম টিকাদান ক্যাম্পেইন শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।বাসস ও ইউএনবি জানায়, গতকাল যমুনায় অনাড়ম্বর অনুষ্ঠানে বেলুন উড়িয়ে টিকা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি কয়েকটি শিশুকে টিকা খাইয়ে দেন।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে দেশ পোলিওমুক্ত হলেও বর্তমানে বিভিন্ন জায়গা থেকে নতুন করে মারাত্মক এই রোগের খবর পাওয়া যাচ্ছে। পোলিওমুক্ত দেশ গড়তে টিকাদান কর্মসূচি সম্পর্কে শিশুদের মা ও অভিভাবকদের সচেতন করতে সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দুয়াংভাদি সাংখোবল এবং ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কারেল ডি রুওই। জাতীয় টিকা দিবস উপলক্ষে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। জাতীয় টিকা দিবসের মাধ্যমে দুই কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য ছয় লাখ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কর্মী কাজ করে যাবে। সারা দেশে এক লাখ ৩৬ হাজার ৬৮৪টি টিকাদান কেন্দ্রে শিশুদের পোলিও টিকা, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সিটি করপোরেশন হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়া প্রায় ১৫ হাজার ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র এ কাজে নিয়োজিত থাকবে। সব টিকাদান কেন্দ্র সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। কর্মসূচি শতভাগ সফল করতে সন্ধ্যায় ও রাতে বিশেষ টিকাদানকারী দল কাজ করবে। দিবসের পরেও ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকা দেওয়ার কাজ করবেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, দেশে ২০০৬ সালে পোলিও রোগের পুনঃসংক্রমণ ঘটেছিল। ওই বছর ১৮ জন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়। তবে গত তিন বছরের বেশি সময় ধরে নতুন কোনো পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি। পোলিও রোগ নির্মূল ও শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর জন্য এ কর্মসূচিতে আপামর জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুও যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে জন্য অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পোলিও টিকা ও কৃমিনাশক বড়ি নিয়ে অহেতুক বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইপিআইয়ের উপ-কর্মসূচি ব্যবস্থাপক তাজুল ইসলাম। আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন।