টিকিট কালোবাজারির সময় একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় হাতে-নাতে ধরা পড়েছেন নিজামউদ্দিন নামের এক যুবক। আজ বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর রেলস্টেশনে বিভিন্ন ট্রেনের ৩১টি টিকিটসহ নিজামকে আটক করে থানায় সোপর্দ করা হয়।রেলওয়ে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা জানান, আজ বিকেলে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে নিজাম যাত্রীদের কাছে বিভিন্ন ট্রেনের টিকিট চড়া দামে বিক্রির চেষ্টা করছিলেন। এ সময় রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সহায়তায় বিমানবন্দর রেলস্টেশনের প্রধান বুকিং কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা নিজামকে ধরে ফেলেন। এরপর তাঁর শরীরে তল্লাশি চালালে এসব টিকিট পাওয়া যায়। এরপর নিজামকে ঢাকা রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। নিজামউদ্দিন পুলিশকে জানিয়েছেন, তাঁর বাবার নাম সফিউল্লাহ। গ্রামের বাড়ি চাঁদপুর।রেলস্টেশনে চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি হওয়ার অভিযোগ দীর্ঘ দিন ধরেই। কালোবাজারি কমিয়ে আনতে এখন আন্তনগর ট্রেনের টিকিট তিন দিন আগে থেকে বিক্রি করা হচ্ছে। আগে নয় দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হতো। এ ছাড়া কালোবাজারি রোধ এবং বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে রেলওয়ে কর্মকর্তাদের সমন্বয়ে গড়া টহল দল রয়েছে।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিজামের কাছে চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যের টিকিট পাওয়া গিয়েছে। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।