টিকিট না পেয়ে কাউন্টারে আগুন
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের সিরিজের তৃতীয় একদিনের ম্যাচের টিকিট না পেয়ে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অস্থায়ী টিকিট কাউন্টার পুড়িয়ে দিয়েছে টিকিটপ্রত্যাশী ক্ষুব্ধ লোকজন। আজ সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।এ সময় রাস্তায় কয়েকটি যানবাহনও পুড়িয়ে দেয় তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই দিন আগে টিকিট শেষ হয়ে যাওয়ায় আজকের ম্যাচের কোনো টিকিট পাওয়া যায়নি। জানা গেছে, আজ বেলভ আড়াইটায় শুরু হতে যাওয়া ম্যাচের খেলা দেখতে ভোর থেকে স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তের প্রবেশমুখে অস্থায়ী টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ায় লোকজন। কিন্তু সকাল সাড়ে আটটার দিকে কাউন্টার থেকে জানানো হয়, আজকের ম্যাচের কোনো টিকিট নেই। এ সময় ক্ষুব্ধ টিকিটপ্রত্যাশীরা কাউন্টারে আগুন লাগিয়ে দেয়। একপর্যায়ে তারা বেশ কয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাসিম আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি । টিকিট না পাওয়ার ব্যাপারে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য জালাল ইউনুস প্রথম আলো ডটকমকে জানান, আজকের খেলার সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিসিবি গণমাধ্যমে এ খবর জানিয়েছে। এর পরও এ ধরনের ঘটনা কেন ঘটেছে, তা বোঝা যাচ্ছে না।