টিকিট পেলে কষ্টও সয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আহ-হা! যখন প্রিন্টটা দেবে তখনই কম্পিউটারের সার্ভার বন্ধ হয়ে গেল। সকাল ১০টায় লাইনে দাঁড়িয়ে বিকেল সাড়ে পাঁচটায় ব্যাংকে ঢুকে ফরম পূরণ করে জমা দিয়েছি। রসিদটা বের হবে, এমন সময় সার্ভার বন্ধ হয়ে গেল।’ এই আফসোস সিটি ব্যাংক মতিঝিল শাখার কর্মকর্তা কামরুজ্জামানের। গতকাল সোমবার লাইনে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্বকাপের একটি টিকিটের রসিদ পাওয়ার খুব কাছাকাছি গিয়েও পেলেন না তিনি। কামরুজ্জামানের মতো যাঁরা ফরম পূরণ করে জমা দিয়েছেন কিন্তু রসিদ পাননি, তাঁরা আজ মঙ্গলবার অগ্রাধিকার ভিত্তিতে রসিদ পাবেন। এই রসিদ জমা দিয়ে খেলার এক সপ্তাহ আগে টিকিট নিতে হবে। গতকাল ছিল টিকিট বিক্রির দ্বিতীয় দিন।কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একটি টিকিটও যাঁরা পাননি, তাঁদের আফসোসের তো সীমা নেই। আবার যাঁরা রসিদ পেয়েছেন, তাঁরা আনন্দ প্রকাশের সঙ্গে সঙ্গে ভোগান্তি আর কষ্টের কথাও জানিয়েছেন। কষ্টতেও ক্লান্তি নেই: গতকাল বিকেলে দীর্ঘ লাইন ঘেঁষে ফুটপাতে বসে থাকা টিকিটপ্রত্যাশী আবদুল্লাহ আল মামুনের হাতে ছিল একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘কষ্ট যখন করেছি, কষ্ট আরও করব। টিকিট নিয়েই বাড়ি ফিরব।’ আবার বাদ্যযন্ত্র বাজিয়ে, গান গেয়ে, নানা স্লোগান তুলে টিকিটপ্রত্যাশী নিজেরাই নিজেদের উৎসাহ দিচ্ছেন, অপেক্ষার কষ্ট-ক্লান্তি ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন। টিকিটের বদলে টোকেন: টিকিটপ্রত্যাশীদের শান্ত রাখতে গতকাল সকালে সিটি ব্যাংকের ধানমন্ডি শাখায় (সায়েন্স ল্যাবরেটরি) অপেক্ষমাণদের মধ্যে তালিকা অনুযায়ী টোকেন বিতরণ করা হয়। সকালে মাইকিং করে এই টোকেন বিতরণের ঘোষণা দেওয়া হয়। দুপুর পর্যন্ত তাঁরা ৭০৮টি টোকেন দেন। সায়েন্স ল্যাবরেটরিতে ১৮ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর এমন টোকেন পাওয়া ক্রিকেটভক্ত রিপন ব্যাপারী ও মিরপুর বাঙলা কলেজের স্বপন হোসেন বলেন, যতজনকে টোকেন দেওয়া হয়েছে, ততজন টিকিট পাবে—এই আশ্বাস দেওয়া হয়েছে। সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ক্লাস্টার (ঢাকা-২) মোহাম্মদ সালেক উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ বিক্রি করা হবে। টিকিট বিক্রি চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।’