টিকিট বিক্রি নিয়ে হতাশা রইলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের অন্তত দুই দিন আগে টিকিটের চাহিদা বেড়ে যাবে—প্রত্যাশা ছিল এমনই। ২৪ হাজার দর্শক ধারণক্ষমতার বঙ্গবন্ধু স্টেডিয়াম ফাঁকা থাকবে না বলে একরকম নিশ্চয়তাই দিয়েছিলেন বাফুফের কর্মকর্তারা। কিন্তু আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া দল নামার ঠিক ৪৮ ঘণ্টা আগে টিকিট বিক্রি বাড়লেও প্রত্যাশা পূরণের পর্যায়ে যায়নি।বাফুফে থেকে টিকিট বিক্রির নির্দিষ্ট কোনো সংখ্যা বলা হচ্ছে না। সংশ্লিষ্টদের তা জানাও নেই। অবশ্য কয়েক দিন আগে থেকেই কর্মকর্তারা বলে আসছেন, অর্ধেক টিকিট বিক্রি হয়েছে। মূলত গ্যালারির সাড়ে ৭ ও সাড়ে ১০ হাজার টাকা মূল্যের টিকিটই বেশি অবিক্রীত। বাফুফের তথ্য, উচ্চমূলের ভিআইপি বক্সসহ ক্লাব-খেলোয়াড়দের জন্য কিছুটা মূল্যছাড়ে দেওয়া টিকিট গত পরশু পর্যন্ত পাঁচ হাজারের ওপরে বিক্রি হয়েছে। যদিও সংশ্লিষ্ট একজন জানালেন, কাল বিক্রি বেড়েছে।আইএফআইসি ব্যাংকে পাঠানো হয়েছিল সাধারণ গ্যালারি ও কিছু করপোরেট টিকিট। গত দুই দিনে বিশেষ করে গতকাল বিক্রির হার ছিল বেশ ভালো। আইএফআইসি ব্যাংক থেকে কাল জানানো হয়েছে, ব্যাংকের মতিঝিল, কারওয়ান বাজার, ইসলামপুর, বসুন্ধরা, মিরপুর, গুলশান, উত্তরা ও ধানমন্ডি শাখায় আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।ম্যাচের পৃষ্ঠপোষক বেক্সিমকো গ্রুপের সঙ্গে পরশু এ নিয়ে সভা করেছিল বাফুফে। সভা শেষে অনেকের মুখে আশাবাদ ছিল, গতকাল ও আজ টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়বে। কিন্তু বাস্তব চিত্র তা নয়। আজ আর্জেন্টিনা ঢাকায় নামার পর যদি অবস্থাটা পাল্টায়। নইলে স্টেডিয়াম ভরবে কি না, সেটি এখন মহা দুশ্চিন্তার বিষয়। তবে আজ নানাভাবে বাদবাকি টিকিট বিক্রি করার চেষ্টা করা হবে।এমনিতে মেসি-আবেগ আছে। কিন্তু টিকিটের উচ্চমূল্যের কারণে সাধ পূরণে আগ্রহী নন অনেকে। বিনা মূল্যে আর্জেন্টিনার অনুশীলন দেখার জন্য কাল দিনভর বাফুফে ভবনে ভিড় ছিল স্কুলছাত্রদের। কিন্তু মূল ম্যাচের টিকিটের জন্য কাড়াকাড়ি তো পড়ল না! বাফুফের ধারণা ছিল, মেসি-জোয়ারের কাছে হার মানবে টিকিটের দাম। সেটি না হওয়ায় বাফুফেতে হতাশা বিরাজ করছে।