টিকিট যখন সোনার হরিণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢুলুঢুলু চোখে মানুষগুলো একজন আরেকজনের গায়ে হেলান দিয়ে একটু আরাম করে নেন। যেন কত দিনের চেনা! অথচ তাঁরা কেউ কাউকে এর আগে দেখেছেন কি না সন্দেহ। কেউ কেউ এসেছেন ঢাকার বাইরে থেকে। সম্পর্ক বলতে শুধু একটাই—এঁরা সবাই ক্রিকেটের ভক্ত। ব্যাংকের সামনে, খোলা রাস্তায় লাইন ধরে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের টিকিট কিনতে গিয়ে পরিচয়। আর এই সামান্য পরিচয় থেকেই সখ্য। লাইনে দাঁড়িয়ে খোশগল্প কিংবা খুনসুটি, মাঝেমধ্যে হট্টগোল করেছেন একসঙ্গে। কখনো কখনো বেধে গেছে নিজেদের মধ্যেও। ক্রিকেটপ্রেমীদের এমন ভিড় সামলাতে র‌্যাব আর পুলিশকেও বিস্তর নাকানি-চুবানি খেতে হয়েছে। গত সপ্তাহে এ শহরের বেশ কয়েক জায়গায় এ রকম দৃশ্য চোখে পড়েছে। খবরের কাগজ আর টিভি চ্যানেলগুলোতে ফলাও করে এসেছে খবর। বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি নিয়ে শহরটা বেশ সরগরম হয়েছিল বছরের শুরুতেই।যেদিন টিকিট দেওয়া হবে, সেদিন সকালে দিলকুশায় অগ্রণী ব্যাংকের সামনের ফুটপাতে বিশাল লম্বা লাইন। দু-একজনের সঙ্গে কথা বলতেই বোঝা গেল এঁরা ক্রিকেটের মহাভক্ত। আরামবাগের মোহাম্মদ জনি রহমান বললেন, ‘গতকাল দুপুর তিনটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রাতে ফুটপাতে পেপার বিছিয়ে শুয়ে ছিলাম। লাইন ছেড়ে এক পাও নড়ি নাই। কালকে দুপুরের পর আর কিছু খাওয়াও হয় নাই। এত কষ্ট করতেছি শুধু টিকিটের জন্য, বিশ্বকাপ খেলাটা স্টেডিয়ামে বসে দেখার জন্য।’ তাঁর সঙ্গে ছিলেন মোহাম্মদ ওবায়দুল হক। তাঁর বাসা মিরপুরে হলেও সেখানকার ব্যাংকে তেমন একটা সুবিধা করতে পারেননি। তাই বুদ্ধি করে চলে এসেছেন দিলকুশায়। তিনি বলছিলেন, ‘দুপুর থেকেই এখানে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়ানো অন্যদের সঙ্গে আড্ডা দিতে দিতে রাতটা পার করে দিলাম। এখন টিকিটটা পেলেই খুশি।’কেউ কেউ সঙ্গে আনা ক্রিকেট ব্যাট, র‌্যাকেট, তাসের প্যাকেট আর দাবার বোর্ড দেখালেন। জানা গেল, সারা রাত রাস্তার আলোয় খেলাধুলা করেই সময় পার করে দিয়েছেন তাঁরা। এই শীতের ভেতরে খোলা রাস্তায় পড়ে থেকেছেন। রাত কাটিয়েছেন খেয়ে, না খেয়ে। মোট কথা, টিকিটের জন্য হেন ত্যাগ নেই, যা স্বীকার করেননি তাঁরা।শুধু তরুণেরাই নয়, বয়স্করা পর্যন্ত হাজির হয়েছিলেন টিকিট নিতে। ৬৫ বছরের আতাউর রহমান তো বিশ্বকাপ নিয়ে মহা উত্তেজিত। টিকিটের লাইনে দাঁড়িয়ে তাঁর চিৎকার-চেঁচামেচি আর উচ্ছ্বাস দেখে মাঝেমধ্যে তরুণেরাও হাঁ হয়ে যাচ্ছিলেন। তিনি বলছিলেন, ‘সরকারকে ধন্যবাদ এই আয়োজন করার জন্য। তবে আমাদের একটাই দাবি, সবাইকে টিকিট দিতে হবে। আমরা মন ভরে খেলা দেখতে চাই। দরকার হলে স্টেডিয়ামে জায়গা বাড়ান, তবু আমাদের খেলা দেখতে দেন। একজন প্রবীণ ক্রীড়ামোদী হিসেবে এর বাইরে আর কিছু চাওয়ার নাই।’খুরশিদা ইয়াসমিন এসেছিলেন মেয়ে সাবা আর সোমাকে সঙ্গে নিয়ে। তাদের নিয়েই খেলা দেখতে যাবেন স্টেডিয়ামে। হাতের মুঠোয় ধরা কাগজটা নেড়ে নেড়ে বলছিলেন, ‘আমার দুই মেয়ে আর আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা সামনাসামনি বিশ্বকাপের ম্যাচ দেখতে পারব!’টিকিট পেয়ে আত্মহারা হয়ে গেলেন যাত্রাবাড়ীর মোহাম্মদ সজীব। তাঁর কথাতেই প্রকাশ পেল সেটা, ‘প্রায় ৪৮ ঘণ্টা টিকিটের লাইনে দাঁড়িয়ে ছিলাম। একটা মুহূর্তের জন্য দুই চোখের পাতা এক করতে পারি নাই। অফিসে যাইনি, বসের ভয়ে ফোনটাও বন্ধ করে রাখছি। অবশেষে আজকে সকালে টিকিট পেলাম। মনে হচ্ছে জীবনটা সার্থক হয়ে গেল।’অবশ্য সবার এ রকম সৌভাগ্য হয়নি। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিটের টিকিটিরও দেখা পাননি। সিটি ব্যাংকের কারওয়ান বাজার শাখার সামনে দেখা মিলল এ রকম অসংখ্য ক্রিকেটপ্রেমীর। তাঁদেরই একজন হলেন হামিম রহমান। টিকিট পাননি বলে মুখ ভার করে বলছিলেন, ‘আমার ভাগ্যটা এমনই খারাপ, আমার চারজনের সামনে এসে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেল। নিজের দেশে বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে আর সেটা সামনাসামনি বসে দেখার সুযোগ হলো না।’সেও তো তবু ভালো। ভিড় সামলাতে গিয়ে পুলিশ অনেক জায়গায় লাঠি চালিয়েছে। কেউ কেউ আবার স্থানীয় ছেলেপুলেদের দাপটের কাছে হার মেনে লাইন থেকে ছিটকে গিয়েছিলেন। এ নিয়ে ক্ষোভের কোনো কমতি ছিল না তাঁদের মধ্যে। জিসান আহম্মেদ তাঁর ক্ষোভ ঝাড়লেন এভাবে, ‘আমার মনে হয়, এ ধরনের বড় রকম আয়োজনের আয়োজক হওয়ার আগে কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত। আমরা সারা বছর মাঠে গিয়ে, টিকিট কেটে খেলা দেখে ক্রিকেটকে বাঁচিয়ে রাখি আর আমরা বিশ্বকাপের টিকিটের লাইন থেকে মার খেয়ে বের হয়ে আসি। অথচ কিছু লোক এই টিকিটগুলো নিয়ে ব্যবসা করবে বলে আমরা সাপোর্টাররা খেলাই দেখতে পারব না।’তার পরও পুলিশের মার খেয়ে নিচু মাথা, আর টলটলে চোখ নিয়ে অনেকেই দাঁড়িয়ে ছিলেন টিকিটের লাইনে। একেবারে সামনে থেকে চলে এসেছিলেন পেছনে। টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবু আশায় বুক বাধা, ক্রিকেটবিশ্বের সবচেয়ে সেরা আয়োজনটাকে চোখের সামনে দেখার একটা সুযোগ যদি পাওয়া যায়!