একটি টিকিটের জন্য রাত জেগে অপেক্ষায় ছিল তারা। ভোর গড়িয়ে সকাল আসে। তবু কাউন্টার খোলে না। অবশেষে সাড়ে নয়টার দিকে কাউন্টার খুললেও জানা গেল পর্যাপ্ত টিকিট নেই। সকাল ১০টার দিকে শুরু হয় চিত্কার-চেঁচামেচি। লাইনে দাঁড়ানো নিয়ে চলে মারামারি-কাড়াকাড়ি। শেষ পর্যন্ত দফায় দফায় পুলিশের লাঠিপেটা। লাঠিপেটায় কারও কারও মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। কারও মৃত্যুর খবর নিশ্চিত করা না গেলেও পরে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। বাংলাদেশ-পাকিস্তান শেষ এক দিনের ম্যাচের সাক্ষী হতে এভাবেই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে সমর্থকদের ক্লান্তিহীন অপেক্ষা ও মারামারি। ম্যাচের দিন স্টেডিয়ামের কাউন্টার থেকে প্রায় সাত হাজার টিকিট দেওয়ার কথা থাকলেও অতো টিকিট ছিল না বলে লাইনে দাঁড়ানো তরুণ-তরুণীরা অভিযোগ করে।‘টিকিটের জন্য মাঝ রাতে এখানে এসে লাইনে দাঁড়িয়েছি। তখনো আমি অন্তত ৪০০ জনের পেছনে। কিন্তু সকাল থেকেই ঠেলাঠেলি। শেষ পর্যন্ত কাউন্টার খুললেও আমরা টিকিট পাইনি। তার আগেই নাকি শেষ।’ ক্ষোভ প্রকাশ করে বললেন শাহীন ও বিপ্লব নামের দুই তরুণ। স্টেডিয়ামের ছয়টি কাউন্টার থেকে টিকিট প্রথম এক ঘণ্টার মধ্যে শেষ হওয়ার দাবি করেছেন কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ভেন্যু চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, ‘যত লোক বাইরে অপেক্ষা করছে, তত টিকিট আসবে কোত্থেকে? কিন্তু সেটা দর্শকদের বোঝাবে কে? আর টিকিটের দায়িত্বে রয়েছে গ্রামীণফোন।’জানা গেছে, প্রথম এক ঘণ্টায় শেষ হয়ে যায় সব টিকিট। কিন্তু তখনো লাইনে হাজার হাজার লোক। টিকিট নেই কেন—তা নিয়ে চেঁচামেচি লেগে যায়। লাইনে দাঁড়ানো লোকজন স্লোগান দিতে থাকে। আর বিভিন্ন স্থানে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। পরে পুলিশ দফায় দফায় লাঠিপেটা করে।এ প্রসঙ্গে সিএমপির ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত বলেন, ‘মৃত্যুর ঘটনাটি স্রেফ গুজব ছাড়া আর কিছু নয়। আমরা মৃদু লাঠিচার্জ করেছি। টিকিট যেখানে সাত হাজার সেখানে অন্তত ২০ হাজার লোক লাইনে ছিল। তাই টিকিট নিয়ে কাড়াকাড়ি লেগে যায়।’এত অপেক্ষা ও ঘাম ঝরানোর পর যারা শেষ পর্যন্ত টিকিট পেয়েছে, তাদের মুখে তখন রাজ্য জয়ের আনন্দ।