টিকিটের পেছনে ছুটতে ছুটতেই সব আনন্দ মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার দুশ্চিন্তা মাথায় নিয়ে অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর পালন করতে যাচ্ছে মানুষ। ঈদের পরপরই জামায়াতে ইসলামের হরতাল ডাকা এবং শেষ মুহূর্তে এসে ওই হরতাল এক দিন পেছানোয় ঈদের পরে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের টিকিট নিয়ে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই দিনই ১২ ও ১৩ আগস্ট টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। পাঁচ দিন পর আবার গত মঙ্গলবার দলটি হরতাল এক দিন পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট পুনর্নির্ধারণ করে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিবৃতিতে দাবি করেন, ঈদের ছুটির পর মানুষের কর্মস্থলে ফিরে আসার কথা বিবেচনা করে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।জামায়াতের এই ‘বিবেচনাবোধ’ বিড়ম্বনা আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন সাধারণ মানুষ। একবার তাঁরা হরতালের সঙ্গে তাল মিলিয়ে অগ্রিম কাটা টিকিট বদল বা সমন্বয় করেছেন। কিন্তু শেষ মুহর্তে হরতাল পেছানোয় আবার সারা দেশে লাখ লাখ মানুষকে বাস, ট্রেন ও লঞ্চ কাউন্টারে ছুটতে হচ্ছে। টিকিট বদল ও যাত্রার সময়সূচি সমন্বয় করতে হিমশিম অবস্থা পরিবহনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও।গতকাল বুধবার রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড, কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টার, কমলাপুর রেলস্টেশনে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেওয়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে বিড়ম্বনার একই চিত্র দেখা গেছে। রাজধানী ত্যাগ করার আগেই ফেরা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তাঁরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন চাকরিজীবীরা।কল্যাণপুর বাস কাউন্টারে বাসের অপেক্ষায় থাকা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাব্বির হোসেন বলেন, তাঁর বাড়ি লালমনিরহাটে। তাঁর ছুটি ১৩ আগস্ট পর্যন্ত, ১৪ আগস্ট তাঁকে কাজে যোগ দিতে হবে। এ জন্য তিনি স্বজনদের দিয়ে ১৩ আগস্ট রাতে বাসে করে ঢাকায় ফেরার টিকিট সংগ্রহ করেছিলেন। কিন্তু ১৪ আগস্ট হরতাল ডাকায় ওই দিনের বাসই বাতিল হয়েছে। এখন তাঁকে সময়মতো কর্মস্থলে যোগ দিতে হলে ১২ আগস্ট ফিরতে হবে। কিন্তু ওই দিনের টিকিট পাওয়া যাচ্ছে না। কীভাবে ঢাকায় ফিরবেন—এই দুশ্চিন্তা নিয়ে বাড়ি যেতে হচ্ছে তাঁকে।একই অবস্থা গাবতলী বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় থাকা মো. শামসুদ্দোহার। তিনি খুলনায় যাবেন। তিনিও খুলনায় স্বজনদের দিয়ে ১৪ আগস্টের টিকিট সংগ্রহ করে রেখেছিলেন। এখন হরতাল পেছানোয় বিপাকে পড়েছেন তিনি।একমাত্র ট্রেনের যাত্রীদের মধ্যে হরতালের জন্য সময়সূচি বিপর্যয়ের সমস্যা দেখা যায়নি। তবে তারা চিন্তিত হরতালে নাশকতার আশঙ্কা নিয়ে। গতকাল কমলাপুর রেলস্টেশনে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের যাত্রী কুতুবুর রহমান বলেন, হরতালে ট্রেন বন্ধ থাকবে না, তাই কীভাবে ফিরব সেই দুশ্চিন্তা নেই। তবে প্রায়ই দেখা যায় হরতালের সময় স্লিপার উপড়ে ফেলা হয়েছে, ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এমন হলে তো বিপদ।আমাদের বরিশাল অফিস জানায়, ঈদ শেষে কর্মস্থলে ফেরা নিয়ে বিড়ম্বনায় পড়েছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মিজানুর রহমান ঈদ করতে ঢাকা থেকে পরিবার নিয়ে বাড়ি এসেছেন। তিনি জানান, ১২ আগস্ট তাঁর ছুটি শেষ। কিন্তু ১৩ ও ১৪ আগস্টের হরতালের জন্য এক দিন আগেই তিনি ঢাকায় চলে যেতে চান। ইতিমধ্যে লঞ্চের টিকিটের জন্য চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, ঈদ উপলক্ষে ঢাকা-বরিশাল পথে সুরভী, সুন্দরবন, পারাবত, কীর্তনখোলাসহ প্রতিদিন ১০টি লঞ্চ চলাচল করছে। সুন্দরবন লঞ্চের অফিসপ্রধান জাকির হোসেন জানান, সাধারণত ঈদের পরদিন লঞ্চে যাত্রীর চাপ তেমন থাকে না। কিন্তু হরতালের কারণে এবার ঈদের পরদিন চাপ বেশি। ১১ ও ১২ আগস্ট কেবিনের কোনো অগ্রিম টিকিট নেই। সুরভী লঞ্চের মালিক রিয়াজুল কবির জানান, দুই দিন হরতাল থাকায় মানুষ আগেই কর্মস্থলে ফিরতে চান। তাই ১১ ও ১২ আগস্টের টিকিটের চাপ বেশি, অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে।বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ঢাকায় ফেরার চাপ সবচেয়ে বেশি ১১ ও ১২ আগস্ট। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়া কঠিন হবে।বিআইডব্লিউটিসি বরিশালের নির্বাহী প্রকৌশলী কমল মিত্র প্রথম আলোকে বলেন, ‘আমাদের সেবা নিয়ে সমস্যা রয়েছে। একটি জাহাজ চাঁদপুরে অচল হয়ে আছে। বাকি চারটি চলছে। তার ওপর হরতালের কারণে বাড়তি চাপ রয়েছে। এ চাপ সামাল দেওয়া কঠিন হবে।’রংপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবদক জানান, হরতালের তারিখ আবার পরিবর্তন করায় ঢাকায় ফেরার টিকিট নিয়ে মহাবিপদে পড়তে হচ্ছে লোকজনকে। শহরের মুন্সিপাড়ার নাজমুল আলম বলেন, ‘ঢাকায় ফেরার টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছি। বাসের টিকিট ছিল ১৪ আগস্ট। কিন্তু ওই দিন হরতাল ডাকায় নতুন করে টিকিট পাওয়া নিয়ে মহাসংকটে পড়েছি।’ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রফিকুল হক। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদ করতে গত মঙ্গলবার রংপুরে পৌঁছেছেন। তাঁর ঢাকায় ফেরার টিকিট ছিল ১৩ আগস্টের। ১৪ আগস্ট কর্মস্থলে যোগ দিতে হবে। এখন আগেই ঢাকায় ফেরার জন্য তাঁকে আবার টিকিট খুঁজতে বের হতে হয়েছে। কিন্তু টিকিট পাননি। তাই স্ত্রী-সন্তানদের রেখে ঈদের আগেই গতকাল তিনি ঢাকায় ফিরে গেছেন। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘বেসরকারি চাকরি করি। যথাসময়ে কর্মস্থলে যোগ দিতেই হবে। এ জন্য সবার সঙ্গে ঈদ না করেই ঢাকায় ফিরে যেতে হচ্ছে।’হানিফ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক আবদুল হোসেন বলেন, ১২ ও ১৩ আগস্টের টিকিট এখনো সামাল দেওয়া সম্ভব হয়নি। এরপর আবার হরতালের তারিখ পরিবর্তন করায় টিকিটের ব্যবস্থাপনা কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না।