টিকে গেল বাংলা টাউন নাম
বাংলাদেশের বাইরে দ্বিতীয় আরেক টুকরা বাংলাদেশ হিসেবে খ্যাত লন্ডনের বাংলা টাউনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কাউন্সিলের কনজারভেটিভ পার্টির সদস্যরা বাংলা টাউন নাম বাদ দেওয়ার প্রস্তাব করলে পৌর এলাকার সীমানা নির্ধারণকারী সংস্থা ‘লোকাল গভর্নমেন্ট বাউন্ডারি কমিশন’ গত নভেম্বরে সম্মতি দিয়ে খসড়া প্রকাশ করেছিল। এতে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।লোকাল গভর্নমেন্ট বাউন্ডারি কমিশন অব ইংল্যান্ড ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বা পৌর এলাকার সীমানা চিহ্নিতকরণের এই চূড়ান্ত সুপারিশ গত সোমবার প্রকাশ করে। সুপারিশে বলা হয়, নাম পরিবর্তন করে শুধু স্পিটালফিল্ডস করার প্রস্তাবের বিরুদ্ধে কাউন্সিলের বাসিন্দাদের জোরালো মতামতের কারণে কমিশন সংশ্লিষ্ট ওয়ার্ডটির নাম স্পিটালফিল্ডস অ্যান্ড বাংলা টাউন রাখার প্রস্তাব করছে।কমিশনের এই চূড়ান্ত সুপারিশ প্রকাশের পর টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশি জনগোষ্ঠীর ঐতিহ্য, পরিচিতি ও আবেগ আবারও তার যথাযথ স্বীকৃতি লাভ করল।’লুৎফর রহমান বাংলা টাউন নাম রক্ষার আন্দোলনে স্থানীয় বাসিন্দারা ছাড়াও যুক্তরাজ্য ও বিশ্বের নানা প্রান্ত থেকে বাংলাদেশিদের সমর্থনের কথা উল্লেখ করে তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।স্থানীয় কনজারভেটিভ দলের দাবি ছিল, যেহেতু টাওয়ার হ্যামলেটসজুড়েই বাংলাদেশি বংশোদ্ভূতদের বসবাস,সেহেতু শুধু একটি ওয়ার্ডের নাম বাংলা টাউন রাখা হলে সেখানকার বাস্তবতার সঠিক প্রতিফলন ঘটে না। ওই এলাকা থেকে নির্বাচিত এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটসের নির্বাচিত মেয়র লুৎফর রহমান এবং লেবার পার্টি ও অন্যান্য দল ছাড়াও স্বতন্ত্র কাউন্সিলররা ওই প্রস্তাবের বিরোধিতা করে কমিশনে তাঁদের আপত্তি জানান। স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর-সংবলিত একাধিক আবেদনও কমিশনে জমা পড়ে।সর্বসাম্প্রতিক আদমশুমারির তথ্য অনুযায়ী, টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূতরা একক বৃহত্তম জাতিগোষ্ঠী—শতকরা হিসাবে ৩৩ শতাংশেরও বেশি। বাংলা টাউনের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের সবারই আছে একটা আবেগের সম্পর্ক। লন্ডনে বাঙালিদের ভাষা শহীদ মিনার এই বাংলা টাউনেরই শহীদ আলতাব আলী পার্কে অবস্থিত। এ ছাড়া বৈশাখী মেলাসহ বাঙালিদের নানা ধরনের সাংস্কৃতিক উৎসব-আয়োজনও হয়ে থাকে এই বাংলা টাউনে। যুক্তরাজ্যে বাংলাদেশি খাবার বা কারিশিল্পের প্রাণকেন্দ্র ব্রিকলেনও এই বাংলা টাউনের অংশ।কমিশনের অন্য এক সুপারিশে কাউন্সিলরের সংখ্যা ৫১ থেকে কমিয়ে ৪৫ জন করার কথা বলা হয়েছে। পার্লামেন্টে অনুমোদিত হলে এই সুপারিশমালার ভিত্তিতেই টাওয়ার হ্যামলেটসের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।