টিকে থাকতে সব শর্তে রাজি ধর্মভিত্তিক দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় ধর্মভিত্তিক রাজনীতি টিকিয়ে রাখতে গঠনতন্ত্র সংশোধন করতেও রাজি জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলো।ধর্মভিত্তিক ১২টি রাজনৈতিক দল ইতিপূর্বে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনও পেয়েছে। পঞ্চম সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, ধর্মভিত্তিক দলগুলোকে নিবন্ধন টিকিয়ে রাখতে তাদের গঠনতন্ত্রে সংশোধন আনতে হবে।খেলাফত মজলিসের একাংশের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, ‘যদি গঠনতন্ত্রে স্বাভাবিক, যুক্তিসংগত পরিবর্তন আনার কথা বলে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই ইসলামি রাজনীতি চালু থাক।’ তবে এ ক্ষেত্রে দলগুলো কিছুটা কৌশলের আশ্রয় নিতে চায়। তারা জনগণকে বোঝাতে চাইবে, সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই বাধ্য হয়ে তারা নির্বাচন কমিশনের শর্ত মানছে। এ জন্য দলগুলো এখন নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় আছে। আগে থেকে তারা কিছুই করবে না। খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ্ খান বলেন, ‘এখনো কমিশন আমাদের কিছুই জানায়নি। জানালে ব্যবস্থা নেব।’তবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান বলেছেন, ‘নির্বাচন কমিশন কী জানাবে আসুক। অগ্রিম কিছু বলা ঠিক হবে না। আমরা আইনের বাইরে কোনো কাজ করেছি বলে মনে পড়ে না।’সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগের রায়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও তাদের তৎপরতা নিষিদ্ধ থাকাসংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত করেছে। ফলে ধর্মভিত্তিক দল তাদের নাম ও গঠনতন্ত্র বদল না করে রাজনীতি করতে পারবে কি না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া ধর্মভিত্তিক দলগুলো হলো: জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, মুসলিম লীগ ও খেলাফত আন্দোলন।দলগুলোর নেতারা বলেছেন, স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকার পরও এসব দলের কার্যক্রম চলছে। আবার কৌশল হিসেবে অনেকে বিভিন্ন দলে যোগও দিয়েছিলেন। ইসলামী ঐক্যজোটের শীর্ষ পর্যায়ের এক নেতা প্রথম আলোকে বলেন, ওই সময় (১৯৭২-৭৫) তিনি জাসদে যোগ দিয়েছিলেন। আর নেজামে ইসলামী, মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, জমিয়তে ওলামায়ে ইসলামীসহ বিভিন্ন দলের তৎপরতাও গোপনে চলেছিল। একইভাবে এখন সরকার বা নির্বাচন কমিশন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলে বা কোনো শর্ত দিলে তাঁরা সেভাবেই মানবেন। ধর্মভিত্তিক দলগুলো এর আগে নির্বাচন কমিশনের শর্তের কারণে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন এনেছিল। শুধু নিবন্ধন টিকিয়ে রাখার জন্য জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলো নিজেদের দীর্ঘদিনের অবস্থান পাল্টে গঠনতন্ত্র থেকে আল্লাহ্র আইন প্রতিষ্ঠার কথা বাদ দিয়েছে, আইন প্রণয়নে জাতীয় সংসদের সার্বভৌমত্বও স্বীকার করে নিয়েছে। ২০২০ সালের মধ্যে সব কমিটিতে শতকরা ৩০ ভাগ নারী অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নাম বদলে হয়েছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা এ টি এম হেমায়েতউদ্দিন বলেছেন, ‘আমরা তো গঠনতন্ত্র একবার পরিবর্তন করে দিয়েছি। নির্বাচন কমিশন তা গ্রহণও করেছে। আবার কী পরিবর্তন করতে হবে তা জানালে মজলিশে শুরা বসে সিদ্ধান্ত নেবে। তবে ইমান-আকিদার সঙ্গে সাংঘর্ষিক হলে সেগুলো মেনে নেওয়া কঠিন হবে।’এদিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে ধর্মভিত্তিক দলগুলোকে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দেওয়া হবে। একজন নির্বাচন কমিশনার প্রথম আলোকে বলেন, সংবিধান সংশোধনের পর নিবন্ধন বাঁচাতে জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোকে গঠনতন্ত্র সংশোধন ছাড়া কোনো উপায় থাকবে না।ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘আমরা নানা পরিবর্তন এনে দিয়েছি। এখন কী পরিবর্তন চায় দেখতে হবে।’অপর একটি দলের শীর্ষস্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যদি ধর্মের ভিত্তিতে রাজনীতি নিষিদ্ধই হয়ে যায়, তাহলে তাঁরা নতুন নামে রাজনীতি চালু রাখবেন। এ ক্ষেত্রে নামও ঠিক হয়ে গেছে।