বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার গত ২২ মাসে শ্রমিকদের কল্যাণে কিছুই করতে পারেনি। বরং ৪০ শতাংশ শ্রমিক বেকার হয়ে পড়েছে। তাই নিপীড়িত, নির্যাতিত ও বঞ্চিতদের ঐক্যবদ্ধ হয়ে শোষকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। টিকে থাকতে হলে আন্দোলন করতে হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সিরাজগঞ্জে ট্রেন পোড়ানোর ঘটনায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ, তারেক রহমানের নামে মিথ্যা মামলা, আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিল, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের হত্যাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা এ সরকারের অন্যায়-অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে যাচ্ছি। কিন্তু সরকার নির্যাতন আরও বাড়িয়ে দিচ্ছে। তাই এ কর্মসূচির মধ্যে থাকতে চাচ্ছি না।’ তিনি বলেন, ‘আমরা জানি, শিশু না কাঁদলে মা দুধ দেয় না। আমাদেরও বাঁচার জন্য চেষ্টা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার উজ্জীবিত হয়ে আন্দোলন করে অধিকার আদায় করে নিতে হবে।’বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) মায়া কান্না আমরা দেখি। তাঁর চোখ থেকে পানি পড়তেও দেখি। কিন্তু অন্য মানুষের চোখ থেকে যে পানি পড়ে তা কি তিনি দেখেন না?’ তিনি প্রশ্ন তোলেন, ‘১৯৭২-এর সংবিধানে যা ছিল তার কোনোটা আপনারা এখন পর্যন্ত প্র্যাকটিস করেছেন?’শ্রমিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটি সদস্য এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরোয়ার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।