টিকোলোর অতৃপ্তি
গতকাল জিম্বাবুয়ে কেনিয়ার ম্যাচ দিয়ে শেষ হলো ‘এ’ গ্রুপের গ্রুপ পর্বের খেলা। ইডেন গার্ডেনে এই ম্যাচ দিয়েই শেষ হয়ে গেল কেনিয়ান কিংবদন্তি স্টিভ টিকোলোর আন্তর্জাতিক ক্যারিয়ার। ছোট দেশের ‘বড়’ তারকা বলে দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রাপ্তির সঙ্গে অপ্রাপ্তির হিসাবটাও তাঁকে মেলাতে হচ্ছে। বিদায়লগ্নে দাঁড়িয়ে পরশু টিকোলো উগরে দিলেন একটা অতৃপ্তির কথা—টেস্ট খেলার বড় স্বাদ ছিল তাঁর!‘টেস্ট খেলাটা একজন ক্রিকেটারের আজন্ম স্বপ্ন। আমারও আজন্ম স্বপ্ন ছিল, যদি একটা টেস্ট খেলতে পারতাম!’ ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামার আগে বলেছেন টিকোলো। তাঁর আজন্ম এই স্বপ্নটা কেন পূরণ হয়নি, সেটা সবারই জানা। তাঁর দেশ কেনিয়া টেস্ট খেলার মর্যাদা পায়নি। টিকোলোর আপেক্ষটাও এখানেই, স্বপ্ন পূরণ হয়নি আইসিসির সহযোগী দেশের এক ক্রিকেটার বলে।এই একই কারণে দীর্ঘ ক্যারিয়ারে টিকোলো খেলতে পেরেছেন মোটে ১৩৪টি ওয়ানডে। অথচ তাঁর সমসাময়িক শচীন টেন্ডুলকার খেলেছেন ১৭৭টি টেস্ট ও ৪৪৯টি ওয়ানডে। টেন্ডুলকারের সাত বছর পর অভিষেক হলেও কেনিয়ান কিংবদন্তি মনের আক্ষেপ প্রকাশে উদাহরণ হিসেবে টেনে এনেছেন টেন্ডুলকারকেই, ‘খেলতে খেলতেই অভিজ্ঞতা হয়। শচীনের (টেন্ডুলকার) দিকে তাকান, সে ৪৫০টির মতো (আসলে ৪৪৯টি) ওয়ানডে খেলেছে এবং সে ক্রমেই ভালো খেলছে। কে জানে, হয়তো আমিও খেলতে পারতাম...।’তাঁর দুঃখ, কেনিয়া আন্তর্জাতিক ক্রিকেটে বড় পরিসর পাচ্ছে না। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে তারা খেলে কালে-ভদ্রে। ‘আমরা যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাই না। আমি আপনাদের একটা খারাপ ধারণা দেব, আমি ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেললাম, অথচ ম্যাচ খেললাম মাত্র ১৩০টির বেশি (আসলে ১৩৪টি)। সর্বশেষ আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছিলাম ২০০৪ সালে, আবার খেললাম এবার। কাজেই আপনি টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ও জয়ের আশা করতে পারেন না।’ছোট দলগুলোর কারণে বিশ্বকাপ আকর্ষণীয় হয় না। ছোট দলগুলোকে ছেঁটে ফেলে তাই আগামী বিশ্বকাপ থেকে ১০ দলের বিশ্বকাপ করতে চাইছে আইসিসি। টিকোলোর শঙ্কা, এতে ক্রিকেটের বিশ্বায়নের গতিটাই স্তব্ধ হয়ে যাবে, ‘যদি খেলাটির বিশ্বায়ন চান, আপনাকে আরও বেশি দল বিশ্বকাপে নিয়ে আসতে হবে। যদি সেই পথ বন্ধ করে দেন, তাহলে এটাকে বিশ্বকাপ বলারই কোনো মানে হয় না।’ছোট দলের ক্রিকেটার হিসেবে এই আক্ষেপ থাকলেও ক্যারিয়ারের দিকে ফিরে তাকিয়ে অনেক তৃপ্তির ছবিও দেখতে পারছেন টিকোলো, ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার সেমিফাইনালে ওঠা যার অন্যতম, ‘ওটা ছিল আমার ক্যারিয়ারে দারুণ এক মুহূর্ত। ১৯৯৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করাটাও ছিল বিশেষ কিছু।’১৯৯৬ বিশ্বকাপের ১৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টিকোলোর অভিষেক হয়েছিল এই ইডেন গার্ডেনে। গতকাল সেই ইডেন গার্ডেনেই খেললেন বিদায়ী ম্যাচ। এ নিয়েও রোমাঞ্চিত টিকোলো, ‘শেষ ম্যাচটা ইডেন গার্ডেনে খেলাটা আমার জন্য অসাধারণ। আমার মনে আছে, আমি প্রথম ম্যাচটা খেলেছিলাম এই ইডেন গার্ডেনে, ৮০ হাজার দর্শকের সামনে খেলাটা ছিল দারুণ।’ক্রিকেট ছাড়লেও ক্রিকেটেই থাকবেন টিকোলো। খেলোয়াড়ি জীবন শেষে নাম লেখাতে চান কোচিং পেশায়। সেই অধ্যায়টা শুরু করতে চান জিম্বাবুয়ে কিংবা কেনিয়ার কোচ হিসেবে। তবে আপাতত খেলবেন জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে।