টিকোলোর শেষ অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় দশক ধরে কেনিয়ার ক্রিকেটের প্রতিভূ হয়ে আছেন স্টিভ টিকোলো। টেস্ট খেলা দেশগুলোর বাইরে অন্যতম সেরা এই ক্রিকেটারের মনটা এখন হয়তো ছেয়ে যায় বিষাদে, কেন যে বাংলাদেশেও জন্ম হলো না! শুধু বাংলাদেশ কেন, ভারতের মতো দেশে জন্ম হলেও টিকোলোর হয়তো অনেকগুলো টেস্ট খেলা হয়ে যেত এবং তারকা হয়েই জ্বলজ্বল করতেন টেস্ট আকাশে।কেনিয়ান ক্রিকেটের সব কটি বড় সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। এবার খেলছেন পঞ্চম বিশ্বকাপ। বয়স হয়ে গেছে ৩৯ বছর। নিশ্চিতভাবেই এটা তাঁর শেষ বিশ্বকাপ। এর ওপর আইসিসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামীবার থেকে বিশ্বকাপ হবে ১০ দলের টুর্নামেন্ট। এটা তাই কেনিয়ারও শেষ বিশ্বকাপ হতে পারে!কিন্তু ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্টে সূচনাটা ভালো হলো না তাঁর জন্য। গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন মাত্র ২ রান। দলের অবস্থাও যাচ্ছেতাই, বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে (৬৯) অলআউট হয়েছে কেনিয়া। তবে কি শেষটা ভালো হবে না কেনিয়ার এই কিংবদন্তির?ক্যারিবীয় ক্রিকেটের ছোঁয়া আছে টিকোলোর খেলায়। সব ধরনের স্ট্রোক আছে হাতে, পরিস্থিতি বুঝে আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ব্যাটিং করতে পারঙ্গম ১৩০টি ওয়ানডে খেলা ব্যাটসম্যান। তিনটি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ৩৩৭৯ রান। বোলার হিসেবেও কার্যকর টিকোলো। কখনো মিডিয়াম, কখনো অফব্রেক বল করে ওয়ানডেতে নিয়েছেন ৯৩টি উইকেট।জন্ম ক্রিকেট পরিবারে। বড় ভাই টম টিকোলো ছিলেন কেনিয়া দলের অধিনায়ক। ১৯৯৪ আইসিসি ট্রফির যে ম্যাচটায় কেনিয়ার সঙ্গে হেরে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরমার হয়েছিল, সেই ম্যাচটিতে অধিনায়ক ছিলেন টম টিকোলো। আরেক ভাই ডেভিড টিকোলো খেলেছিলেন ১৯৯৬ বিশ্বকাপ।১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৬৫ রানের ইনিংস। ওই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কেনিয়া যে ইতিহাস গড়ল, তাতেও ছিল তাঁর অবদান। এরপর ক্যান্ডিতে শ্রীলঙ্কার সঙ্গে করেন ৯৬ রান। পরের বছর আইসিসি ট্রফির ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলেন ১৪৭ রানের একটি বিস্ফোরক ইনিংস। ১৯৯৯ বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের সঙ্গে দুটি ফিফটি করেন টিকোলো। ২০০২ সালে কেনিয়ার অধিনায়কত্ব পেয়ে ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার ক্রিকেটকে রাঙান সবচেয়ে গৌরবের আলোয়। সেমিফাইনালে ওঠে কেনিয়া। এই পারফরম্যান্স জোরেশোরে তুলে দিয়েছিল কেনিয়ার টেস্ট মর্যাদা পাওয়ার দাবি। স্বপ্নে বিভোর হয়ে পড়েছিলেন টিকোলোরা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। এখন তো দেশটির ঘরোয়া ক্রিকেটে বাসা বেঁধেছে ক্ষয় রোগ। কোথায় যাবে কেনিয়ার ক্রিকেট। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে কোন ছবিটা বুকে এঁকে বিদায় নেবেন টিকোলো?