স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানজুন মাসের কথা। প্রিন্স সদরুদ্দিন জাতিসংঘের পক্ষ থেকে একটি দলসহ ঢাকায় এসেছেন। দলটি এসেছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। জেনারেল টিক্কা খানের বক্তব্য—সীমান্তবর্তী দু-একটি স্থান বাদ দিলে সারা দেশে অত্যন্ত স্বাভাবিক অবস্থা। গোলাগুলির কথাবার্তা যা শোনা যায়, সেসব ভারতীয় প্রচারণা। দেশে শান্তি বিরাজ করছে। শান্তি ভঙ্গ করার হিম্মত বাঙাল মুলুকে কারও নেই। মুক্তিবাহিনী এই পাকিস্তানি ভড়ংয়ের পর্দাটা ছিঁড়ে ফেলতে চায়।প্রিন্স সদরুদ্দিন ও অন্য অতিথিদের থাকতে দেওয়া হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বর্তমানে ঢাকা শেরাটন হোটেল)। তদানীন্তন পূর্ব পাকিস্তানে ইন্টারকনই ছিল একমাত্র আন্তর্জাতিক মানের হোটেল। বিদেশি অতিথি কেউ এলে তাঁর থাকার জায়গা হতো এই হোটেলে।৯ জুন, ১৯৭১। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভারতীয় হাইকমিশন কার্যালয়ের কাছাকাছি একটি ঘটনা ঘটল। ডাটসন মডেলের নীল রঙের একটি গাড়ির মধ্যে চালক ভয়ে ঘামতে শুরু করেছেন। সামনে-পেছনে দুটি গাড়ি থেকে কয়েকজন তরুণ নেমে এসে তাঁর মাথায় রিভলবারের নল ঠেকিয়েছেন। গাড়িটা ওঁদের দিতে হবে। চালক খুবই বেকায়দায় পড়েছেন। গাড়ি দিয়ে দিলে সমূহ সর্বনাশ। কিন্তু আগে জান বাঁচাতে হবে। তিনি অগত্যা গাড়ি থেকে নেমে গেলেন। তরুণেরা ঝটপট উঠেই গাড়ি স্টার্ট করলেন। দ্রুতগতিতে চালিয়ে অল্প সময়ের মধ্যে তাঁরা চালকের নজরের বাইরে চলে গেলেন।তরুণেরা গাড়িটি নিয়ে গেলেন সিদ্ধেশ্বরীতে। সেখানে একটি বাসায় আটটি গ্রেনেড রাখা আছে। গ্রেনেডগুলো তুলে নিতে হবে। সিদ্ধেশ্বরী থেকে গ্রেনেডগুলো নেওয়া হলো। সন্ধ্যা পার হয়ে গেছে। এটা প্রিন্স সদরুদ্দিনের বিশ্রামের সময়। টিক্কা খানের কথা সত্য হলে তিনি এখানে কয়েকটা দিন বিশ্রাম নিতে পারবেন। তাঁর এ রকম ভাবনায় দাঁড়ি বসিয়ে দেওয়াই মুক্তিযোদ্ধাদের এই ক্ষুদ্র দলটার উদ্দেশ্য।মুক্তিযোদ্ধাদের গাড়িটি হোটেলের সামনে ব্রেক কষল। ট্যাক্সিস্ট্যান্ডের পাশের ফুটপাত গ্রেনেড ছোড়ার পজিশন। এখানে বড় চারটি গাছ। প্রথম গ্রেনেডটি ছোড়া হলো পোর্চে দাঁড়ানো বিশ্বব্যাংকের একটি গাড়ির ওপর। পর পর আরও দুটি গ্রেনেড ফাটল হোটেলের সামনে টানা বারান্দার দুই পাশে। হোটেলের মধ্যে তখন ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করেছে। প্রিন্স সদরুদ্দিন নিজেও কিছুটা ঘাবড়ে গেছেন। পূর্ব পাকিস্তানে গোলমাল চলছে—এটা তিনি আগেই শুনেছেন। টিক্কা খানের বক্তব্য তিনি পুরোপুরি আমল না করলেও হেলা করেননি। কিন্তু একেবারে তাঁর হোটেলের ওপর গ্রেনেড ফুটবে—এত দূর তিনি কল্পনা করেননি। মেজর খালেদ মোশাররফ এই হামলা প্রসঙ্গে পরে বলেছেন, ‘চতুর্দিকে এসব বিস্ফোরণে জাতিসংঘের মহামান্য পর্যবেক্ষক বেশ ভালো করে বুঝতে পেরেছিলেন যে টিক্কা খান যেটাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, তা স্বাভাবিক নয়।’মুক্তিবাহিনী গ্রেনেড ফাটিয়ে সঙ্গে সঙ্গে মুভ করেছে। তাদের পরবর্তী টার্গেট শান্তি কমিটির নেতা এ কিউ এম শফিকুল আলমের বাসা। মগবাজারে তাঁর বাসা লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে দুটি গ্রেনেড ছোড়া হলো। আরও কয়েকটি গ্রেনেড বিভিন্ন স্থানে ফাটানো হলো। এই অপারেশনে মূল নায়ক ছিলেন সামাদ ও বাকের; তাঁদের সহযোগিতা করেন উলফৎ, মায়া ও গাজী। নানা দেশে বার্তা রটে গেল, মুক্তিবাহিনী ভয়ানক তৎপর। বিচ্ছিন্নতাবাদীদের অপচেষ্টা বলে এই যুদ্ধকে খাটো করে দেখা আর সম্ভব হচ্ছে না।২.হোটেল ইন্টারকনের ওপর দ্বিতীয় ঝাঁকুনি দেওয়া হলো ১১ আগস্ট বিকেলে। জুনের হামলার পর হোটেলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সারাক্ষণ পাকিস্তানি সেনাবাহিনী সশস্ত্র পাহারা দিচ্ছে। হোটেলের একটি বড় কক্ষে থাই ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের অফিস ছিল। তারা অফিসটি এখান থেকে অপর একটি ক্ষুদ্র কক্ষে সরিয়ে নেবে। মুক্তিযোদ্ধা সামাদ এই সুযোগটা নিয়ে ফেললেন। তিনি আগে নিয়নসাইন ও গ্লোসাইনের কাজ করেছেন। তিনি হোটেলে এই কাজের অর্ডারটা গায়ে পড়ে নিলেন। এই সূত্রে তাঁর হোটেলে অবাধ যাতায়াত শুরু হলো।কয়েক দিন রেকি করে স্থির হলো, ‘সাকী বার’-এর বিপরীত দিকে পুরুষ টয়লেটের কোনায় বিস্ফোরক রাখা হবে। ১১ আগস্ট সকালে বায়তুল মোকাররম থেকে ৫৩ টাকা দিয়ে ব্রিফকেস কেনা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক ২৮ পাউন্ড পিকে এবং ৫৫ মিনিট টাইম পেন্সিল সাজানো হলো। বিকেলে গাড়িতে করে অপারেশনে বের হলেন সামাদ, বারেক, মায়া ও গাজী। টয়লেটে ঢুকে ব্রিফকেসটি রেখে তাঁরা দেয়াল টপকে বেরিয়ে গেলেন।যথাসময়ে বিস্ফোরণ ঘটল। হোটেল লাউঞ্জ, শপিং আর্কেড ও আশপাশের কয়েকটি কক্ষ ধ্বংস হয়ে গেল। কয়েকজন আহত হলেন।বিদেশের পত্রিকাগুলোতে মুক্তিবাহিনীর এই তৎপরতা গুরুত্ব দিয়ে ছাপা হলো। নতুন করে নানা দেশে বার্তা পৌঁছে গেল, মুক্তিবাহিনী রাজধানীতে বেশ তৎপর। পাকিস্তানি সরকারের নিয়ন্ত্রণে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়ও একটি প্রতিবেদন হলো। সেখানে অবশ্য লেখা হলো, দুষ্কৃতকারীদের হামলা!সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধ (তৃতীয় খণ্ড)—সেনা সদর, শিক্ষা পরিদপ্তর; বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-দুই)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: দশম খণ্ড—তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা