টিনের ছাপরাই মৃত্যুফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানা ‘গরিব অ্যান্ড গরিব’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার শ্রমিকদের প্রায় সবারই মৃত্যু হয়েছে ছয়তলা ভবনের ছাদের ওপর তৈরি টিনের ছাপরায়। আলো-বাতাস চলাচলের সুযোগহীন ওই ছাপরাতেই আটকা পড়ে বিষাক্ত কালো ধোঁয়া ও তাপের শিকার হয়ে অসহায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হতভাগ্য ২০ জন শ্রমিক। শুধু একজনের মৃত্যু হয়েছে তৃতীয় তলায়।এদিকে গতকাল রাত পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট বলেই মনে করছিলেন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা।অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পৃথক দুটি তদন্ত কমিটি করেছে।সরেজমিনে দেখা গেছে, কারখানার যে নিজস্ব ভবনে আগুন লাগে, তার ছয়তলা পর্যন্ত দালান। ভবনের পরিসর প্রশস্ত, দুটি চওড়া সিঁড়িও রয়েছে। কিন্তু সপ্তম তলা তৈরি হয়েছে টিন দিয়ে, যার ওপর রয়েছে ঢেউটিনের চাল। গোটা ছাদই এভাবে ঢেকে সপ্তম তলা বানানো হয়েছে। ফলে আগুন লাগার পর ছাদে ওঠার কোনো অবকাশ ছিল না। আর এখানেই প্রচণ্ড কালো ধোঁয়ায় শ্বাস আটকে ঝরে গেছে ২০টি প্রাণ। সরকারি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, কারখানার নিরাপত্তারক্ষী ও চিকিত্সক—সবার সঙ্গে কথা বলে অভিমত পাওয়া যায়, দোতলায় আগুন ধরার পর ধোঁয়া ও তাপে নামতে পারেননি শ্রমিকেরা। সপ্তম তলার টিনের ছাপরার ভেতরে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা দেখা যায়নি।নিহত মমতাজ বেগমের ভাগনে একই কারখানার শ্রমিক মমিন বলেন, আগুনের কথা শুনে ছুটে গিয়ে তিনি দেখেন, আশপাশের কিছু লোক ও শ্রমিক নিচতলার বন্ধ গেটের তালা ভাঙার চেষ্টা করছেন। মমিন জানান, তাঁরা তখন ধোঁয়া ও আগুনের তাপে ভবনের ধারেকাছে ভিড়তে পারেননি।জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হাসান সারওয়ারকে প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম। আর বিজিএমইএর তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সমিতির পরিচালক আতিকুল ইসলামকে।কারখানার মালিকপক্ষ প্রাথমিকভাবে প্রত্যেক মৃত ব্যক্তির দাফন এবং লাশ বহন করা গাড়ির খরচ বাবদ ১৫ হাজার টাকা করে দিয়েছে।সরেজমিন: গাজীপুরের চান্দনা চৌরাস্তা-সংলগ্ন ভোগড়া এলাকায় গরিব অ্যান্ড গরিব সোয়েটারের পাশাপাশি দুটি ভবনে কারখানা রয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টায় এর একটি, সাততলা ভবনের কারখানার দোতলায় আগুন লাগে।সকাল পৌনে আটটায় সরেজমিন পরিদর্শনে কারখানায় ছুটির নোটিশ দেখা যায়। কারখানার প্রশস্ত দুটি সিঁড়ির টানা গেট (কলাপসিবল) খোলা ছিল। প্রতি তলাতেই ছিল কালো ধোঁয়ার ছাপ। চতুর্থ ও পঞ্চম তলায় পৃথক টানা গেট লাগানো এবং তাতে তালা ঝুলতে দেখা গেছে। তবে দুই পাশের (সামনে ও পেছনে) সিঁড়িসংলগ্ন টানা গেট খোলা ছিল। পঞ্চম তলার মাঝামাঝি সিঁড়ির একাংশে বান্ডিল করা কাপড়ের গাঁট দেখা গেছে।আগুন লাগে শুধু দোতলায়। সেখানকার ও দোতলার পেছনের সিঁড়ির দালানের প্রায় সব পলেস্তারা খসে পড়েছে। মেঝেতে কাঠ-কয়লার চেয়েও শক্ত কয়লা জমে গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হাসান সারওয়ার ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম পরিদর্শনকালে মত দেন, সোয়েটার কারখানা হওয়ায় উল পুড়ে এমন শক্ত কয়লা হয়েছে। দেখা যায়, সিলিং ফ্যানগুলোর পাখা গলে পড়ে গেছে, কেবল কয়েল ঝুলে আছে রডের সঙ্গে। মেশিনগুলোও পুড়ে গেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর উদ্ধার অভিযানে শুরু থেকেই ছিলেন। তিনি বলেন, আগুন নেভানোর কাজে শুরুতেই তাঁরা হোঁচট খান পানি নিয়ে। কারখানার নিজস্ব পানির উত্স না থাকায় অভিযান বিঘ্নিত হয়। পরে পাশের একটি ওয়াশিং কারখানার ময়লা পানি ব্যবহার করা হয়।আবু জাফর বলেন, ‘কারখানার সামনে ও পেছনে দুটি সিঁড়ির কলাপসিবল গেট বন্ধ ছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে কারখানার নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করি।’ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে তৃতীয় তলার গ্রিল ভেঙে চারজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সপ্তম তলায় গিয়ে লাশগুলোর সন্ধান পান তাঁরা।উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ভবনটি ছয়তলা। ষষ্ঠ তলার ছাদে খুব সম্ভবত অননুমোদিতভাবে অস্থায়ী স্থাপনা করে সপ্তম তলা করা হয়েছে। এর বেড়া ও ছাদ টিনের তৈরি। এটি কারখানার উইভিং শাখা ও গুদাম হিসেবে ব্যবহূত হয়। তিনি বলেন, ওই ফ্লোরের কোনো ছাদ নেই, তাই শ্রমিকেরা খোলা স্থানে যেতে পারেননি। খোলা জায়গায় যেতে পারলে প্রাণহানি ঘটত না।রফিকুল ইসলাম আরও বলেন, ওপরের তলাগুলোর শ্রমিকেরা আগুন লাগার সঙ্গে সঙ্গে টের পাননি। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে তাঁরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করে নিচে নামার চেষ্টা করেন; কিন্তু গেট বন্ধ থাকায় আবার দৌড়ে ওপরে ওঠেন। তাঁরা অসহায়ভাবে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেন।নিহত ২১ জনের নাম: মাজিদা খাতুন (৪০), স্বামী জামাল হোসেন, চুরখাই কোতোয়ালি, ময়মনসিংহ; রওশন আরা (৪৫), স্বামী চান মিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; সালমা (২৮), স্বামী বাদল, নান্দাইল ময়মনসিংহ; জাহানারা বেগম (৩৫), স্বামী ফরিদ, চরকান্দি, জামালপুর; রহিমা খাতুন (৩২), স্বামী ছাত্তার মিয়া, হালুয়াঘাট, ময়মনসিংহ; মমতাজ বেগম (৩২), স্বামী বিল্লাল হোসেন, বড়হরপাড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ; রাজিয়া খাতুন (৪৬), স্বামী জাহাঙ্গীর আলম, রাজপাশা, ভান্ডারিয়া, পিরোজপুর; মোস্তাফিজুর রহমান (৪০), পীরগঞ্জ, রংপুর; আবুল কাশেম (৪০); রীনা আক্তার (২৬), চান্দিনা, কুমিল্লা; জরিনা (৪৫), শঠিবাড়ি, মিঠাপুকুর, রংপুর (মা); সান্ত্বনা (২০), শঠিবাড়ি, মিঠাপুকুর, রংপুর (মেয়ে); মো. শাহিনুর (২৫); ফরিদা বেগম (৩৫); সাহারা বেগম (৪০); আফিয়া (৩৮), স্বামী মো. নবী, পলাশ নরসিংদী; আলমগীর (৩০), ঠাকুরগাঁও; সুফিয়া বেগম (৪০), স্বামী আমীর শেখ, মধুখালী, ফরিদপুর; রাশেদা (২৮), স্বামী রাজীব মোল্লা, কোতোয়ালি, কুমিল্লা; মজিদা বেগম (৪৫), স্বামী মিন্টু শেখ, অনন্তপুর, ফুলপুর, ময়মনসিংহ এবং বাদল (২৫)।আরও একবার আগুন: গরিব অ্যান্ড গরিব কোম্পানিতে গত বছরের জুন মাসেও আগুন লাগে। বিজিএমইএর সূত্র তখন একজন শ্রমিকের মৃত্যু হয় বলে জানালেও স্থানীয় অধিবাসী ও শ্রমিকনেতাদের দাবি, এ সংখ্যা চার।প্রতিমন্ত্রীর পরিদর্শন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল দুপুরে কারখানাটি পরিদর্শন করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পোশাক কারখানার মালিকদের উদ্দেশে বলেন, ‘শ্রমিকদের শিয়াল-কুকুর ভাববেন না। তাঁদের শ্রমের উপযুক্ত মর্যাদা-স্বীকৃতি ও পারিশ্রমিক দিতে হবে। কারণ শিল্পমালিকদের মনে রাখতে হবে, শ্রমিকদের ঘামেই তাঁদের এই উন্নয়ন।’প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, এর আগেও এই কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। কাদের দুর্বলতা বা গাফিলতিতে প্রাণহানির ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।এ সময় সাংসদ জাহিদ আহসান রাসেল, জেলা প্রশাসক কামালউদ্দিন তালুকদার, পুলিশ সুপার এস এম মাহফুজুল হক এবং বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন। মুর্শেদী এ সময় বিজিএমইএর নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।শ্রমিক সংগঠনের প্রতিবাদ সভা: এর আগে কারখানার সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট প্রতিবাদ সভা করে। জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার ও কমরেড ওসমান আলী প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা বলেন, এ কারখানায় শ্রমিকদের কাজের ন্যূনতম পরিবেশ নেই। এটি শ্রমিক মারার ফাঁদে পরিণত হয়েছে।বেঁচে যাওয়া একজন: আগুনের সময় অফিস সহকারী সুমনসহ চারজন আটকা পড়েন তৃতীয় তলায়। সুমন এ প্রতিবেদককে বলেন, ‘প্রচণ্ড কালো ধোঁয়ায় অন্ধকার ও তাপের কারণে আমরা নামতে পারিনি। কাচঘেরা ঘরে ছিলাম। একপর্যায়ে নিজের কাপড় দিয়ে নাক-মুখ পেঁচিয়ে বাথরুমে ঢুকে পানি ছেড়ে দিই। পরে কখন জ্ঞান হারিয়েছি জানি না।’ সুমনকে উদ্ধার করেন পাশের মেসের স্বজনেরা। তাঁরা বলেন, কাচ ভেঙে সংজ্ঞাহীন সুমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে জ্ঞান ফিরলে মেসে ফিরে আসেন সুমন। তৃতীয় তলায় আটকা পড়া চারজনের একজন মারা গেছেন। তাঁর লাশ হাসপাতালে না নিয়ে আত্মীয়রা আগেই নিয়ে যান।নিরাপত্তাকর্মী যা বলেন: কারখানায় আগুন লাগার সময় নিরাপত্তাকর্মীদের দায়িত্বে ছিলেন মো. মোজাম্মেল। তিনি জানান, রাত নয়টার দিকে যখন আগুন লাগে তখন ৩০ জনের মতো শ্রমিক ছিলেন। আর ছিলেন তিন-চারজন অফিস সহকারী ও প্রহরী। দুই পাশের গেট খোলা ছিল বলে দাবি করেন মোজাম্মেল।প্রশাসনের বক্তব্য: জেলা প্রশাসক কামালউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটিকে স্বল্পতম সময়ে ক্ষয়ক্ষতির কারণ, পরিমাণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।সিভিল সার্জন ও চিকিত্সকের মত: গাজীপুরের সিভিল সার্জন সাইদুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, মৃতদেহের ময়নাতদন্ত না করা হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ধোঁয়াজনিত বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় ২১ জনের মৃত্যু হয়েছে।ফায়ার ব্রিগেডের বক্তব্য: গাজীপুর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। তিনি বলেন, সিনথেটিক ধরনের কাপড় পুড়ে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়। এ কারণে এত প্রাণহানি ঘটেছে।কর্তৃপক্ষের বক্তব্য: দিনভর চেষ্টা করেও গরিব অ্যান্ড গরিব কোম্পানির মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক ভূঁইয়া অগ্নিকাণ্ডে শ্রমিক-কর্মচারীদের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। কারখানা কর্তৃপক্ষ নিহত শ্রমিকদের পরিবারগুলোকে সাধ্যমতো আর্থিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।বিজিএমইএর বিজ্ঞপ্তি: সমিতির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ জন শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণে প্রতিটি পরিবারকে বিজিএমইএর পক্ষ থেকে দুই লাখ টাকা দেওয়া হবে। ওই পরিবারের সদস্যদের পোশাক কারখানায় চাকরির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে আহত শ্রমিকদের চিকিত্সার ব্যবস্থা নেওয়া হয়েছে।বিজিএমইএ বিজ্ঞপ্তিতে নিহত শ্রমিকদের সম্মানে তিন দিনের শোক পালন এবং সব কারখানায় কালো পতাকা উত্তোলনেরও অনুরোধ করেছে।প্রধানমন্ত্রীর শোক: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক বার্তায় তিনি সব পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আহত ব্যক্তিদের চিকিত্সায় যথাযথ ব্যবস্থা নিতেও বলেছেন।