টিপাইমুখ, তিস্তা নিয়ে দলীয় রাজনীতির সুযোগ নেই: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বলেছেন, টিপাইমুখ বাঁধ, তিস্তার পানি বণ্টন চুক্তি কোনো দলীয় সমস্যা নয়; জাতীয় সমস্যা। এগুলো নিয়ে দলীয় রাজনীতি করার কোনো সুযোগ নেই। এসব বিষয়কে তিনি দলীয় ইস্যুতে পরিণত না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।আজ সোমবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। ঢাকার সাবেক মেয়র মো. হানিফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। টিপাইমুখ বাঁধ ও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলাপ-আলোচনার ক্ষেত্রে বিরোধী দলের সমর্থন কামনা করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে উদ্বেগ জানিয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো চিঠির উত্তর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। পত্রালাপে কী হয়েছে, সেটা জাতিকে জানাতে তিনি বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান। এতে জাতি উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এসব সমস্যা সমাধানের উপায় আলাপ-আলোচনা। দেশের স্বার্থকে অক্ষুণ্ন রেখে বন্ধুসুলভ আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।’