টিপাইমুখ থেকে পানি প্রত্যাহারের সুযোগ নেই: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধের নির্মাণকাজ এখনো শুরু হয়নি বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। প্রস্তাবিত টিপাইমুখ প্রকল্পে ভারত কর্তৃক নদী থেকে পানি প্রত্যাহারের কোনো ব্যবস্থা নেই। প্রকল্পটি শুধু জলবিদ্যুত্ উত্পাদন ও বন্যা নিয়ন্ত্রণের জন্য নির্মাণ করা হবে।আজ সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে দীপু মনি এ তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের আজকের অধিবেশন শুরু হয়।টিপাইমুখ বাঁধ সম্পর্কে এম এ মান্নানের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে দীপু মনি জানান, ভারতের নাগাল্যান্ড ও মণিপুর রাজ্যের সীমান্তে পাহাড়ি অঞ্চল থেকে উত্পন্ন বরাক নদী ও এর বিভিন্ন উপনদীর প্রবাহের কারণে বর্ষা মৌসুমে ভারতের আসাম রাজ্যের কাছাড় এলাকায় প্রায়ই বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এ এলাকাকে বন্যা থেকে রক্ষা করতে ভারত বরাক নদীর উজানে বাঁধ নির্মাণের পরিকল্পনা করে। ১৯৭২ সালের ২৫-২৬ জুন বাংলাদেশ-ভারত যৌথ কমিশনের প্রথম বৈঠকে বিস্তারিত আলোচনার পর বাংলাদেশে সিলেট ও ভারতের কাছাড় এলাকার বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে একটি সমীক্ষা দল গঠন করা হয়। সমীক্ষা দল মাঠ পর্যায়ে পরিদর্শন শেষে একটি দীর্ঘমেয়াদি কাজ হাতে নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন দেয়। পরে ১৯৭৮ সালের জানুয়ারি মাসে যৌথ নদী কমিশনের চৌদ্দতম বৈঠকে ভারত প্রথম টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়টি অবহিত করে। এ বৈঠকে সিদ্ধান্ত হয়, উভয় দেশের তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা বরাক নদীর প্রকল্পের বিভিন্ন দিক পরীক্ষা করে দেখবেন এবং অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন করবে।দীপু মনি জানান, ২০০৯ সালের ৪ আগস্ট জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য ভারতে যায়। ওপর থেকে পরিদর্শনকালে ওই এলাকায় বাঁধ নির্মাণ-সংক্রান্ত কোনো অবকাঠামো গোচরীভূত হয়নি।নাছিমুল আলম চৌধুরীর টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, বর্তমানে দুই লাখ ৬৭ হাজার ৮০৬ জন প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছে। এদের অবস্থান বৈধ করার কাজ শেষের দিকে। এ ছাড়া মালয়েশিয়ার আবার শ্রমিক পাঠানোর কাজ শুরু হবে।এ কে এম মাইদুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রহ্মপুত্র নদীর পানিবণ্টনের ব্যাপারে বাংলাদেশ, চীন ও ভারতের মধ্যে আলোচনার জন্য একটি প্রস্তাব আছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী চীন ব্রহ্মপুত্র নদীর পানিপ্রবাহ সম্পর্কে নিয়মিত তথ্য সরবরাহ করছে।