টিপাইমুখ থেকে বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-ঘাটতি মেটাতে টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ পেতে চায় বাংলাদেশ। মণিপুরে নির্মাণাধীন ওই প্রকল্পের বিদ্যুতের ব্যাপারে বাংলাদেশ সম্প্রতি ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। আর বাংলাদেশের এ অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।সূত্রগুলো জানায়, বিদ্যুৎ খাতে সহযোগিতা চেয়ে বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে ভারতকে চিঠি দিয়েছে। এ ব্যাপারে ভারতের নির্মাণাধীন নয়টি জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ। ভারত এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেওয়ার কথা জানিয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অনুরোধে সাড়া দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারতের বক্তব্য হচ্ছে, সরকারি পর্যায়ে যেসব বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে, তা থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারত রাজি আছে। তবে বেসরকারি প্রকল্পগুলো থেকে বিদ্যুৎ পেতে হলে বাংলাদেশকে সরাসরি ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।তবে টিপাইমুখ থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারত রাজি থাকলেও শেষ পর্যন্ত সেটি কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, আলোচিত প্রকল্পটির কাজই এখনো শুরু হয়নি। পরিকল্পনা অনুযায়ী, এ প্রকল্প বাস্তবায়ন অর্থাৎ উৎপাদন শুরু করতে ১২ বছর লেগে যাবে। তা ছাড়া নিয়মানুযায়ী ভারতের কোনো অঞ্চলে বিদ্যুৎ উৎপাদিত হলে তা সরাসরি কোথাও সরবরাহের সুযোগ নেই। বিদ্যুৎ উৎপাদনের পর তা সরাসরি পাঠানো হয় জাতীয় সঞ্চালন কেন্দ্রে। এরপর দর-কষাকষির পর তা সরবরাহ করা হয় প্রয়োজনীয় গন্তব্যে।এদিকে ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের কাছে জলবিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গত ৮ এপ্রিল বাংলাদেশে নিয়োজিত ভারতের হাইকমিশনার এবং নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। টিপাইমুখ থেকে বাংলাদেশের বিদ্যুৎ পাওয়ার ব্যাপারে জানতে চাইলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় বিদ্যুৎ পেতে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনা চলছে।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে টিপাইমুখ জলবিদ্যুৎ নির্মাণে যৌথ বিনিয়োগ চুক্তি সইয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর গত নভেম্বরে বাংলাদেশে ফের উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়। কারণ, পরিবেশবিধ্বংসী এ প্রকল্প তৈরি হলে বাংলাদেশের ক্ষতি হবে বলে বিশেষজ্ঞদের অভিমত। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বারবার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু করা হবে না টিপাইমুখের প্রস্তাবিত প্রকল্পে। কিন্তু টিপাইমুখের জলবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে উঁচু বাঁধ তৈরি করতে হবে।টিপাইমুখ জলবিদ্যুৎ নির্মাণে যৌথ বিনিয়োগ চুক্তি সইয়ের পর গত ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার জন্য দিল্লি সফর করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী। দেশে ফিরে গওহর রিজভী সাংবাদিকদের বলেন, টিপাইমুখ প্রকল্পে বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু না করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে ভারত। অন্যদিকে, সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা ওই টিপাইমুখ থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।বাংলাদেশের আগ্রহের নয়টি প্রকল্প: ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, গত ২২ ফেব্রুয়ারি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় বিদ্যুৎ খাতে সহায়তার লক্ষ্যে দুই দেশের মাঝে আলোচনা হচ্ছে। এরই আওতায় ইতিমধ্যে একটি কারিগরি উপকমিটি করা হয়েছে। এ সহযোগিতা বাস্তবে রূপ দিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি ও সিকিমের দুটি নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের সর্বশেষ অবস্থা জানতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে উত্তরের পর পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। বাংলাদেশ যে নয়টি জলবিদ্যুৎ প্রকল্পের খোঁজ নিচ্ছে, তাতে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও সিকিম মিলিয়ে প্রায় ছয় হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে চার হাজার ৫০০ মেগাওয়াট এবং সিকিমে এক হাজার ৬৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। উত্তর-পূর্বাঞ্চলের সাতটি বিদ্যুৎ প্রকল্পের মধ্যে সুবর্ণসিঁড়িতে দুই হাজার মেগাওয়াট, টিপাইমুখে দেড় হাজার, উমিইউ প্রকল্পে (প্রথম ও দ্বিতীয় বাঁধ প্রকল্প) ৪৮৬, জাদুকাটায় (প্রথম ও দ্বিতীয় বাঁধ প্রকল্প) ৩৪৫, মাইনতুদু প্রকল্পে ৮৪, উমনগট প্রকল্পে ৫৬ এবং সোমেশ্বরী প্রকল্পে ৩৬ মেগাওয়াট। সিকিমের তিস্তা-৩ প্রকল্পে এক হাজার ২০০ ও তিস্তা-৪ প্রকল্পে ৪৯৫ মেগাওয়াট।কূটনৈতিক সূত্রে জানা গেছে, উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় ভারত থেকে বিদ্যুৎ পেতে সম্প্রতি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এরই আওতায় বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখতে একটি কারিগরি উপকমিটি করা হয়েছে।সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সফরের ধারাবাহিকতায় বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া ‘উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তির’ আওতায় দিল্লির কাছ থেকে বিদ্যুৎ খাতে সহযোগিতা চায় বাংলাদেশ। চুক্তির চতুর্থ ধারায় বলা হয়েছে, নবায়নযোগ্য উৎসসহ অন্যান্য উৎস থেকে পাওয়া বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সরবরাহে এক দেশ অন্য দেশকে সহযোগিতা করবে।২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই চুক্তিতে সই করেন।