টিপাইমুখ নিয়ে আলোচনায় বাংলাদেশকে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধিদলকে দিল্লিতে স্বাগত জানিয়েছে ভারত। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকায় এ বিষয়ে বার্তা পাঠায় দিল্লি।টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে সংবাদ প্রচারের পর সম্প্রতি এ নিয়ে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ জানিয়ে গত ২৩ নভেম্বর ভারত সরকারকে চিঠি দেয় বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় এর অনানুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ভারত।এ প্রসঙ্গে ঢাকার এক কূটনীতিক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পরবর্তী প্রস্তাবের পর এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে আলোচনার আয়োজন করা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গত ২৩ নভেম্বর ভারত সরকারকে পাঠানো বার্তায় বলা হয়েছিল, টিপাইমুখ নিয়ে কী হচ্ছে, তা বিস্তারিত জানতে চায় বাংলাদেশ। এর পাশাপাশি ২০০৯ সালে বাংলাদেশের সংসদীয় দলের কাছে যেসব তথ্য দেওয়া হয়েছিল, তারপর আরও কিছু তথ্য প্রয়োজন ঢাকার। কারণ, ওই প্রতিনিধিদল অভিমত দিয়েছিল, টিপাইমুখ বাঁধ হলে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে, তা খতিয়ে দেখতে হলে পর্যালোচনার জন্য আরও তথ্য দরকার। ২৩ নভেম্বরের চিঠিতে বাংলাদেশ টিপাইমুখ নিয়ে যৌথ সমীক্ষার প্রয়োজনীয়তার কথাও বলেছে। বাংলাদেশ এটাও জানিয়েছে, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য ঢাকা থেকে একটি প্রতিনিধিদল দিল্লি যাবে।মণিপুরের বরাক নদের ওপর টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য গত ২২ অক্টোবর দিল্লিতে জাতীয় জলবিদ্যুৎ সংস্থা (এনএইচপিসি), রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ সংস্থা (এসজেভিএন) ও মণিপুর রাজ্য সরকারের মধ্যে যৌথ বিনিয়োগ চুক্তি সই হয়। মণিপুর রাজ্যের চন্দ্রচূড় জেলায় প্রস্তাবিত এ প্রকল্পে ১৬২ দশমিক ৮০ মিটার উঁচু পাথরের বাঁধের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের ছয়টি ইউনিট থাকবে, যার প্রতিটির ক্ষমতা হবে ২৫০ মেগাওয়াট। ৯ হাজার ২১১ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্প শেষ হবে ৮৭ মাসে।